‘রাজনীতির সঙ্গে যুক্ত নয়, এমন মেয়েকেও টেনেহিঁচড়ে…', হবু বউয়ের অপমানে ফুঁসলেন দেবাংশু!

‘রাজনীতির সঙ্গে যুক্ত নয়, এমন মেয়েকেও টেনেহিঁচড়ে বিদ্রূপ করছেন!’ বাগদানের খবর সামনে আসতেই হবু স্ত্রীকে নিয়ে কটাক্ষ ও মিমের বন্যা, নিন্দুকদের চাঁচাছোলা জবাব দেবাংশু ভট্টাচার্যের

Published on: Nov 17, 2026, 08:30:44 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন তৃণমূল কংগ্রেসের যুব নেতা দেবাংশু ভট্টাচার্য। সোশাল মিডিয়ায় প্রোফাইল আপডেটের মাধ্যমে নিজের বাগদান বা ‘এনগেজমেন্ট’-এর খবর প্রকাশ্যে আনতেই শুভেচ্ছার পাশাপাশি নেটপাড়ার একাংশের তীব্র ট্রোল ও কটাক্ষের মুখে পড়তে হয়েছে তাঁকে। তবে সবচেয়ে দুর্ভাগ্যজনকভাবে, আক্রমণের নিশানা থেকে বাদ যাননি দেবাংশুর হবু স্ত্রীও। যাঁর রাজনীতির সঙ্গে দূরদূরান্তের কোনো সম্পর্ক নেই, সেই তরুণীকে নিয়েও সোশাল মিডিয়ায় মিম ও বিদ্রূপ শুরু হতেই এবার কলম ধরলেন দেবাংশু। রসবোধ ও তীক্ষ্ণ শ্লেষ মিশিয়ে নিন্দুকদের কড়া জবাব দিলেন তিনি।

‘রাজনীতির সঙ্গে যুক্ত নয়, এমন মেয়েকেও টেনেহিঁচড়ে…', হবু বউয়ের অপমানে ফুঁসলেন দেবাংশু!
‘রাজনীতির সঙ্গে যুক্ত নয়, এমন মেয়েকেও টেনেহিঁচড়ে…', হবু বউয়ের অপমানে ফুঁসলেন দেবাংশু!

হবু স্ত্রীকে নিয়ে মিম-বিদ্রূপে ক্ষোভ ও কটাক্ষ:

রাজনৈতিক আক্রমণের গণ্ডি পেরিয়ে ব্যক্তিগত জীবন এবং রাজনীতির বাইরের একজন মানুষকে যেভাবে বিদ্রূপ করা হচ্ছে, তা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন দেবাংশু। সমাজমাধ্যমে ট্রোলারদের মানসিকতাকে বিঁধে তিনি লেখেন, ‘এই যে ধরুন, একজনের হবু স্ত্রীকে নিয়ে কিছু মানুষ দারুণ দারুণ পোস্ট করছেন; একটি মেয়ে, যে রাজনীতির সঙ্গে কোনোভাবেই যুক্ত নয়, তাকেও টেনেহিঁচড়ে বিদ্রূপ করতে ছাড়ছেন না! এগুলো করে কি দু’কিলো বেশি পুণ্য লাভ করলেন? নাকি স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণের সমান মর্যাদা লাভ করলেন?’

ভবিষ্যৎ প্রজন্মের কাছে ট্রোলাররা কী গল্প শোনাবেন, তার এক কাল্পনিক চিত্র তুলে ধরে দেবাংশু কটাক্ষ করেন— 'ভবিষ্যতে নাতি-নাতনিকে গল্প শোনাবেন— ‘বাবু জানিস তো, দেবাংশুর বউকে নিয়ে একসময় মিম বানিয়েছিলাম... সে কী কাণ্ড, কতওওও Reach! আজকের দিনে তোরা আর কী এমন রিচ পাস! সেদিন যদি দেখতিস!’

‘জানলে রোজ একবার করে প্রোফাইল এডিট করতাম’:

ছ’মাস ধরে সক্রিয় রাজনীতি বা কোনো কার্যকলাপে দৃশ্যমান না থাকা সত্ত্বেও, কেবল সোশাল মিডিয়া প্রোফাইলে ‘রিলেশনশিপ স্ট্যাটাস’ পরিবর্তনের ফলে যেভাবে বহু পেজের ‘রিচ’ বেড়েছে, তা নিয়েও খোঁচা দিতে ছাড়েননি দেবাংশু। তাঁর তির্যক মন্তব্য, ‘ছ’মাস কোথাও কোনো রাজনৈতিক বা অরাজনৈতিক কার্যকলাপে দৃশ্যমান না হওয়া সত্ত্বেও, জাস্ট প্রোফাইলে একটা মাত্র শব্দ পরিবর্তন যে আপনাদের কিছু কিছু মানুষের ডাউন হওয়া প্রোফাইল ও পেজগুলোর জন্য এতটা উপকারী প্রমাণিত হবে, তা আগে জানলে রোজ একবার করে প্রোফাইল এডিট করতাম! যত যাই হোক, রাজনীতি থেকে আপাতত সরে এলেও সমাজসেবা থেকে তো আর বেরিয়ে আসতে পারি না, তাই না?’

নিন্দুকদের গঠনমূলক কাজের পরামর্শ ও শুভানুধ্যায়ীদের কৃতজ্ঞতা:

যাঁরা অযথা ইন্টারনেট নষ্ট করে এই ধরনের মিম বানাচ্ছেন, তাঁদের পূর্ণশক্তি দিয়ে তা চালিয়ে যাওয়ার শুভেচ্ছা জানিয়েও দেবাংশু অনুরোধ করেন সমাজের উপকারে লাগে এমন গঠনমূলক কিছু করতে।

তবে ট্রোলের পাশাপাশি যে বিপুল পরিমাণ ভালোবাসা ও শুভেচ্ছা তিনি পেয়েছেন, তার জন্য সকলকে ধন্যবাদ জানাতে ভোলেননি দেবাংশু। তিনি উল্লেখ করেন, কেবল সাধারণ মানুষই নন— দক্ষিণ, মধ্য ও বামপন্থী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বের তরফ থেকেও তিনি ব্যক্তিগতভাবে অভিনন্দন ও শুভেচ্ছা পেয়েছেন। বিগত এক দশকের মতোই আগামী দিনেও সকলের আশীর্বাদ ও ভালোবাসা সঙ্গে নিয়ে চলার বার্তা দিয়েছেন তিনি।

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More