Arvind Kejriwal House: ১১ লক্ষের ঝাড়বাতি, ৩০ লক্ষের টিভি ইউনিট! কেজরিওয়ালের ‘শিশমহল’ খুলে দিল দিল্লি সরকার

Arvind Kejriwal House: দিল্লির পূর্তমন্ত্রী প্রবেশ বর্মার (Parvesh Verma) দাবি, সরকারি অর্থ কীভাবে ব্যয় করা হয়েছে, তা মানুষকে দেখাতেই এই উদ্যোগ। তাঁর অভিযোগ, সাধারণ জীবনযাপনের কথা বললেও অরবিন্দ কেজরিওয়াল নিজের সরকারি বাসভবনের পিছনে বিপুল পরিমাণ অর্থ খরচ করেছিলেন।

Published on: Nov 27, 2026, 19:23:17 IST
As Prefered on
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

Arvind Kejriwal House: দিল্লির মুখ্যমন্ত্রীর পদ হারানোর পরে ছেড়ে দিয়েছিলেন সরকারি বাসভবন। আম আদমি পার্টির (Aam Aadmi Party) তৎকালীন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) সরকারি বাসভবনে তাঁর জীবনযাত্রা বিজেপির বর্তমান সরকার পাঞ্জাব বিধানসভা নির্বাচনের আগে আমজনতার সামনে প্রকাশ্যে আনল। বিজেপি যে বাংলোটিকে কটাক্ষ করে ‘শিশমহল’ বলে অভিহিত করে আসছে, সেটির সংস্কারে বিপুল ও অতিরিক্ত অর্থ ব্যয়ের অভিযোগ ঘিরে দীর্ঘদিন ধরেই রাজধানী দিল্লির রাজনীতি উত্তপ্ত হয়ে রয়েছে। এবার সেই অন্দরমহলের ছবি সরাসরি জনসমক্ষে তুলে ধরতেই দিল্লি সরকারের এই পদক্ষেপ বলে মনে করছে রাজনৈতিক মহল।

অরবিন্দ কেজরিওয়ালের ‘শিশমহল’ খুলে দিল দিল্লি সরকার (RAJ K RAJ /HT PHOTO)
অরবিন্দ কেজরিওয়ালের ‘শিশমহল’ খুলে দিল দিল্লি সরকার (RAJ K RAJ /HT PHOTO)

দিল্লির পূর্তমন্ত্রী প্রবেশ বর্মার (Parvesh Verma) দাবি, সরকারি অর্থ কীভাবে ব্যয় করা হয়েছে, তা মানুষকে দেখাতেই এই উদ্যোগ। তাঁর অভিযোগ, সাধারণ জীবনযাপনের কথা বললেও অরবিন্দ কেজরিওয়াল নিজের সরকারি বাসভবনের পিছনে বিপুল পরিমাণ অর্থ খরচ করেছিলেন। সংবাদমাধ্যম এনডিটিভি-এর সামনে বাংলোর অন্দরমহল তুলে ধরার পর সামনে এসেছে একাধিক দামি সামগ্রীর তথ্য।বাংলোয় রয়েছে প্রায় ৩০ লক্ষ টাকার টিভি ইউনিট, ১১.৫৬ লক্ষ টাকার ঝাড়বাতি, ৫.৪৭ লক্ষ টাকার সোফা এবং ৬.৭১ লক্ষ টাকা ব্যয়ে তৈরি মন্দির। উত্তর দিল্লির ৬, ফ্ল্যাগস্টাফ রোডের এই বাংলোতেই দিল্লির মুখ্যমন্ত্রী থাকাকালীন বসবাস করতেন কেজরিওয়াল। ২০১৫ সাল থেকে ২০২৪ সালের অক্টোবর পর্যন্ত পরিবার নিয়ে এই বাংলোতেই থাকতেন তিনি। মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার পরে তিনি বাসভবনটি ছেড়ে দেন। ২০২৫ সালের দিল্লি বিধানসভা নির্বাচনের আগে এই বাংলো সংস্কার ও সাজানোর জন্য বিপুল অর্থ ব্যয়ের অভিযোগ তুলেছিল বিজেপি।

প্রবেশ ভার্মা দাবি করেন, গোটা ‘শিস মহল’ সাজিয়ে তুলতে ৫৮ কোটি টাকা খরচ হয়েছে। তাঁর অভিযোগ, কোভিডের সময়ে যখন মানুষ মারা যাচ্ছিল, তখন কেজরিওয়াল আর্থিক দুর্নীতি করে এই বাড়ি তৈরি করেন। সাধারণ মানুষের টাকা দিয়ে যে বিরাট সাম্রাজ্য কেজরিওয়াল তৈরি করেছেন, তা মানুষের সামনে তুলে ধরার জন্যই এই বাড়ির দরজা সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। মন্ত্রী জানিয়েছেন, এই বাড়িটি বর্তমানে সংগ্রহশালা হিসেবে ব্যবহৃত হবে। পর্যটকরা টিকিটের বিনিময়ে এই বাড়িতে ঢুকে ঘুরে দেখতে পারবেন। স্বল্প সময়ের জন্য বাড়িটিকে সংগ্রহশালা হিসেবে ব্যবহার করার পরে এটি একটি বেসরকারি হসপিটালিটি এজেন্সিকে দিয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে দিল্লির সরকারের।

গত মার্চে দিল্লি বিধানসভায় পেশ হওয়া ক্যাগ (CAG) রিপোর্টে বলা হয়েছে, ৮.৬২ কোটি টাকার বরাত থাকলেও খরচ হয়েছে ৩৩.৬৬ কোটি। এর মধ্যে ১৮.৮৮ কোটি টাকা খরচ হয়েছে উন্নত মানের, শৈল্পিক ও অলঙ্করণ সংক্রান্ত সামগ্রীতে। অতিরিক্ত ৯.৩৪ কোটি টাকার দায় অনুমোদন ছাড়াই তৈরির কথাও উল্লেখ রয়েছে রিপোর্টে। কেজরিওয়াল পরিবার বাংলোটি ছাড়ার পর থেকেই পূর্ত দফতর (PWD) এর অন্দরমহলের বিস্তারিত অডিট (Audit) করেছে এবং বর্তমানে প্রায় ১০ জন কর্মী এটি রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছেন। সরকারের দীর্ঘমেয়াদী পরিকল্পনা অনুযায়ী, সীমিত সময়ের পাবলিক ট্যুর শেষ হলে বাংলোটি পরিচালনার দায়িত্ব কোনও বেসরকারি হসপিটালিটি সংস্থার (Private Hospitality Firm) হাতে তুলে দেওয়া হতে পারে। আগামী দিনে সরকারি সম্মেলন (Official Conferences), বৈঠক এবং মধ্যাহ্নভোজের আয়োজনের জন্য এই জায়গাটি ব্যবহার করার কথা ভাবা হচ্ছে।

পাল্টা তোপ আম আদমি পার্টির

দিল্লি সরকারের এই সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই রাজনৈতিক পারদ চড়েছে। আম আদমি পার্টি শুরু থেকেই দুর্নীতির অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে উড়িয়ে দিয়েছে। আপ-এর দিল্লি সভাপতি সৌরভ ভরদ্বাজ (Saurabh Bharadwaj) পাল্টা আক্রমণ শানিয়ে বলেছেন, যমুনা নদীর দূষণ (Yamuna Pollution) নিয়ে যে প্রশ্ন উঠছে, তা থেকে সাধারণ মানুষের নজর ঘোরাতেই সরকার এখন পুরনো ‘শিশ মহল’ ইস্যু নিয়ে নাটক করছে। সব মিলিয়ে, রাজনীতির ময়দান ছাড়িয়ে ‘শিশ মহল’ এবার হয়ে উঠতে চলেছে দিল্লির নতুন ‘ট্যুরিস্ট স্পট।’