Delhi ISI Module: ছক ছিল হোটেলে হামলার, দিল্লিতে ২৬/১১-র বিভীষিকা ফেরাতে চেয়েছিল পাকিস্তানের এজেন্টরা

Delhi ISI Module: সম্প্রতি গ্যাংস্টার শাহজাদ ভাট্টির দুই অনুচরকে গ্রেফতার করে পুলিশ। পাকিস্তানি গোয়েন্দা সংস্থার (আইএসআই) এজেন্ট হিসেবেও কাজ করছিল তারা। ধৃতদের মধ্যে একজন দিল্লির একটি সুপরিচিত হোটেলে হামলা চালানোর পরিকল্পনা করছিল। মুম্বইয়ের তাজ হোটেলে ২৬/১১ হামলার মতোই সেই হামলার ছক কষা হচ্ছিল।

Published on: Apr 22, 2026, 08:06:36 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Delhi ISI Module: সম্প্রতি একটি বড় সন্ত্রাসী ষড়যন্ত্র ফাঁস করেছে দিল্লি পুলিশের স্পেশাল সেল। গ্যাংস্টার শাহজাদ ভাট্টির দুই অনুচরকে গ্রেফতার করেছে পুলিশ। পাকিস্তানি গোয়েন্দা সংস্থার (আইএসআই) এজেন্ট হিসেবেও কাজ করছিল তারা। দু'জনেই সরাসরি বিদেশি হ্যান্ডলারদের সাথে যোগাযোগ রেখেছিল এবং এনক্রিপ্ট করা অ্যাপের মাধ্যমে নির্দেশ পাচ্ছিল। জানা গিয়েছে, ধৃতদের মধ্যে একজন দিল্লির একটি সুপরিচিত হোটেলে হামলা চালানোর পরিকল্পনা করছিল। মুম্বইয়ের তাজ হোটেলে ২৬/১১ হামলার মতোই সেই হামলার ছক কষা হচ্ছিল।

সম্প্রতি গ্যাংস্টার শাহজাদ ভাট্টির দুই অনুচরকে গ্রেফতার করে পুলিশ। (Delhi Police)
সম্প্রতি গ্যাংস্টার শাহজাদ ভাট্টির দুই অনুচরকে গ্রেফতার করে পুলিশ। (Delhi Police)

তদন্তে জানা গেছে, ধৃত অভিযুক্তরা দিল্লি-এনসিআরের পাশাপাশি পঞ্জাব এবং অন্যান্য পার্শ্ববর্তী রাজ্যে গ্রেনেড হামলা, গুলি চালানো এবং টার্গেট কিলিং চালানোর পরিকল্পনা করছিল। উল্লেখ্য, এই মামলায় ধৃত অভিযুক্তরা হলেন মধ্যপ্রদেশের গোয়ালিয়র জেলার বাসিন্দা ২১ বছর বয়সি রাজবীর এবং ১৯ বছর বয়সি বিবেক বাঞ্জারা। তাদের কাছ থেকে একটি পিস্তল ও ছয়টি তাজা কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই দু'জনকে নিয়োগ করেছিল আইএসআই। পাকিস্তানে বসে থাকা গ্যাংস্টার শাহজাদ ভাট্টি ভারতীয় যুবকদের বিভ্রান্ত করে তার নেটওয়ার্কে যুক্ত করত।

জানা গিয়েছে, শাহজাদ ভাট্টির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত রানা ভাই নামে একজন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করেছিল রাজবীরের সঙ্গে। পরে রাজবীর বিবেক বাঞ্জারাকে এই মডিউলে অন্তর্ভুক্ত করে। জিজ্ঞাসাবাদের সময় অভিযুক্তরা জানায়, শাহজাদ ভাট্টি তাদের প্রচুর পরিমাণে অস্ত্র এবং অর্থ সরবরাহ করেছিল। ২০২৬ সালের মার্চে বাঞ্জারা আমেদাবাদে গিয়েছিল অস্ত্র নিতে। তবে শেষ পর্যন্ত সেখানে গিয়ে সে অস্ত্র হাতে পায়নি। পরে ৯ এপ্রিল তারা অমৃতসরে যায় অস্ত্র হাতে পেতে। সেখান থেকে তারা একটি পিস্তল, ২০টি কার্তুজ এবং ২০ হাজার টাকা হাতে পেয়েছিল।

পুলিশের তদন্ত অনুসারে, অভিযুক্তদের পাঞ্জাবের জিরাকপুরে অবস্থিত একটি বিখ্যাত ক্লাবে হামলার দায়িত্ব দেওয়া হয়েছিল। এমনকী গত ১১ এপ্রিল রাজবীর সেখানে গুলি চালানোর চেষ্টাও করেছিল। তবে পিস্তল জ্যাম হয়ে যাওয়ায় সে কাজ সম্পন্ন করতে পারেনি। এরপরে ফরিদকোটে যায় রাজবীর। সেখান থেকে ভাট্টির আরও এক অনুচরের থেকে অন্য অস্ত্র হাতে পায় রাজবীর। এরপর রাজবীর দিল্লির একটি বিখ্যাত হোটেলে হামলা চালানোর পরিকল্পনা করছিল। তবে ১৮ এপ্রিল পুলিশের পাতা ফাঁদে ধরা পড়ে সে। এদিকে পুলিশ এখন এই জঙ্গিদের সাহায্য প্রদান করা ব্যক্তিদের খোঁজে তদন্ত চালাচ্ছে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট খতিয়ে দেখা হচ্ছে।

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More