Delhi Minister Slapgate: দিল্লিতে রাস্তা পরিদর্শনে গিয়ে যুবককে চড় মন্ত্রীর, বিতর্ক নিয়ে সরব রাহুল গান্ধী

ঘটনার সূত্রপাত রাস্তার গুণমান নিয়ে অভিযোগকে কেন্দ্র করে। রবিবার এলাকায় নতুন তৈরি রাস্তা পরিদর্শনে গিয়েছিলেন প্রবেশ বর্মা। সেখানে হাজির ছিলেন আম আদমি পার্টির বিধায়ক জারনেল সিংহও। রাস্তার কাজ নিয়ে প্রশ্ন তুলে বিধায়ক রাস্তার পিচের একটি অংশ হাতে তুলে দেখান বলে ভিডিয়োয় দেখা গিয়েছে।

Published on: Sep 28, 2026, 13:36:12 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

নতুন তৈরি রাস্তার মান নিয়ে অভিযোগ খতিয়ে দেখতে গিয়ে বিতর্কে জড়িয়ে পড়লেন দিল্লির পূর্তমন্ত্রী তথা বিজেপি নেতা প্রবেশ সাহিব সিংহ বর্মা। পশ্চিম দিল্লির তিলক নগরে রাস্তা পরিদর্শনের সময় এক যুবককে চড় মারার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। পুরো ঘটনাটি ভিডিয়োয় ধরা পড়ে এবং তা সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় রাজনৈতিক চাপানউতোর। আম আদমি পার্টি এই ঘটনার প্রতিবাদ করে মন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছে। ঘটনাটি নিয়ে সরব হয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধীও।

নতুন তৈরি রাস্তার মান নিয়ে অভিযোগ খতিয়ে দেখতে গিয়ে বিতর্কে জড়িয়ে পড়লেন দিল্লির পূর্তমন্ত্রী তথা বিজেপি নেতা প্রবেশ সাহিব সিংহ বর্মা। (@AamAadmiParty)
নতুন তৈরি রাস্তার মান নিয়ে অভিযোগ খতিয়ে দেখতে গিয়ে বিতর্কে জড়িয়ে পড়লেন দিল্লির পূর্তমন্ত্রী তথা বিজেপি নেতা প্রবেশ সাহিব সিংহ বর্মা। (@AamAadmiParty)

ঘটনার সূত্রপাত রাস্তার গুণমান নিয়ে অভিযোগকে কেন্দ্র করে। রবিবার এলাকায় নতুন তৈরি রাস্তা পরিদর্শনে গিয়েছিলেন প্রবেশ বর্মা। সেখানে হাজির ছিলেন আম আদমি পার্টির বিধায়ক জারনেল সিংহও। রাস্তার কাজ নিয়ে প্রশ্ন তুলে বিধায়ক রাস্তার পিচের একটি অংশ হাতে তুলে দেখান বলে ভিডিয়োয় দেখা গিয়েছে। তাঁর দাবি ছিল, রাস্তার গুণমান এতটাই খারাপ যে হাত দিয়েই সেটি উঠে আসছে।

এই ঘটনার সময় জারনেল সিংহের সঙ্গে থাকা সাহিব সিংহ নামে এক যুবক পুরো কথাবার্তা মোবাইলে রেকর্ড করছিলেন। ভিডিয়োয় দেখা যায়, প্রবেশ বর্মা সেখান থেকে বেরিয়ে যাওয়ার সময় ওই যুবকের মোবাইলটি হাত দিয়ে নামিয়ে দেন। তার পরেই তাঁর মুখে চড় মারার দৃশ্য ধরা পড়ে। ভিডিয়ো প্রকাশ্যে আসার পর ঘটনাটি নিয়ে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়।

সাহিব সিংহের অভিযোগ, তিনি জারনেল সিংহের সমাজমাধ্যমের কাজ করেন এবং রাস্তা পরিদর্শনের পুরো ঘটনাটি সরাসরি সম্প্রচার করছিলেন। তাঁর দাবি, মোবাইল বন্ধ করাতেই প্রবেশ বর্মা ফোনটি কেড়ে নিয়ে তাঁকে চড় মারেন। পরে মন্ত্রীর নিরাপত্তারক্ষীরাও তাঁকে ধাক্কা দেন বলে অভিযোগ করেছেন সাহিব। তিনি পুলিশের কাছে অভিযোগও দায়ের করেছেন। দিল্লি পুলিশ জানিয়েছে, অভিযোগ পাওয়া গিয়েছে এবং ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।

তবে পুরো ঘটনার অন্য ব্যাখ্যা দিয়েছেন প্রবেশ বর্মা। তাঁর দাবি, ঘটনাস্থলে থাকা আম আদমি পার্টির কর্মীরা তাঁর পরিবারকে নিয়ে আপত্তিকর কথা বলেছিলেন। সেই পরিস্থিতিতে রাগের মাথায় তাঁর প্রতিক্রিয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি, জারনেল সিংহ এবং তাঁর সহযোগীরা রাস্তার কাজ নিয়ে অযথা সমস্যা তৈরি করছিলেন এবং রাস্তার অংশ তুলে ভিডিয়ো করা হচ্ছিল বলেও অভিযোগ করেছেন মন্ত্রী।

এ দিকে, ঘটনাটিকে কেন্দ্র করে দুই পক্ষই পুলিশের দ্বারস্থ হয়েছে। সাহিব সিংহ প্রবেশ বর্মার বিরুদ্ধে অভিযোগ করেছেন। অন্য দিকে, রাস্তার ঠিকাদার প্রবেশ বর্মার বিরুদ্ধে নয়, জারনেল সিংহের বিরুদ্ধে টাকা দাবি এবং হুমকির অভিযোগ করেছেন বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। সোমবার পর্যন্ত রবিবারের ঘটনাকে কেন্দ্র করে কোনও এফআইআর দায়েরের কথা পুলিশ জানায়নি। অভিযোগগুলি খতিয়ে দেখা হচ্ছে।

এর মধ্যেই বিষয়টি জাতীয় রাজনীতিতেও জায়গা করে নিয়েছে। কংগ্রেস নেতা রাহুল গান্ধী সমাজমাধ্যমে ভিডিয়োটি তুলে ধরে বিজেপিকে নিশানা করেন। তাঁর অভিযোগ, সাধারণ মানুষ প্রশ্ন তুললেই ক্ষমতাসীনদের প্রতিক্রিয়া কঠোর হয়ে উঠছে। ভোটারদের ভয় না থাকার কারণেই এমন আচরণ হচ্ছে বলেও দাবি করেন তিনি। পাশাপাশি নির্বাচন কমিশন এবং ভোটার তালিকা নিয়ে নিজের চলতি রাজনৈতিক বক্তব্যের সঙ্গেও এই ঘটনাকে জুড়ে দেন কংগ্রেস নেতা।

রাহুলের মন্তব্যের জবাবে প্রবেশ বর্মা তাঁকে এই ঘটনা থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন। তাঁর দাবি, পুরো বিষয়টি না জেনেই মন্তব্য করা হচ্ছে। অন্য দিকে, প্রাক্তন দিল্লি মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়ালও প্রবেশ বর্মার বিরুদ্ধে ব্যবস্থা এবং গ্রেফতারের দাবি তুলেছেন। ফলে একটি রাস্তার কাজ নিয়ে শুরু হওয়া বচসা এখন দিল্লির রাজনীতিতে বড় বিতর্কের বিষয় হয়ে উঠেছে। রাস্তার কাজের মান নিয়ে ওঠা অভিযোগের পাশাপাশি ভিডিয়োয় দেখা আচরণ এবং দুই পক্ষের পাল্টা অভিযোগ, সব মিলিয়ে এখন পুলিশের তদন্তের দিকেই নজর।

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More