Diwali gifts: গল্প হলেও সত্যি! দীপাবলিতে কর্মীদের আইফোন ১৬ উপহার দিল্লির সংস্থার, ভাইরাল ভিডিও
Diwali gifts: নয়াদিল্লির রোহিণীতে অবস্থিত সংস্থাটি নিজেদের অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ভিডিওটি পোস্ট করেছে। ১৫ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা গেছে, কর্মীদের প্রত্যেকের ডেস্কে রাখা রয়েছে আইফোন ১৬।
Diwali gifts: গল্প হলেও সত্যি। দীপাবলিতে কর্মীদের জন্য মিষ্টির বাক্স কিংবা উপহারের হ্যাম্পার নয়, একেবারে আইফোন ১৬! উৎসবের মরসুমে কর্মীদের হাতে দামি স্মার্টফোন তুলে দিয়ে সোশ্যাল মিডিয়ায় নজর কেড়েছে দিল্লির একটি সংস্থা। কর্মীদের জন্য এই বিশেষ উপহারের আয়োজনের মুহূর্তের ভিডিও প্রকাশ্যে আসতেই তা ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়। অনেকেই সংস্থার এই উদ্যোগের প্রশংসায় পঞ্চমুখ।
নয়াদিল্লির রোহিণীতে অবস্থিত সংস্থাটি নিজেদের অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ভিডিওটি পোস্ট করেছে। ১৫ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা গেছে, কর্মীদের প্রত্যেকের ডেস্কে রাখা রয়েছে আইফোন ১৬। বিভিন্ন রঙের ফোনের গায়ে বাঁধা ফিতে। সাদা, সবুজ, নীল থেকে কালো— একাধিক রঙের ফোন সাজিয়ে রাখা হয়েছে কম্পিউটারের সামনেই। ভিডিওর শেষ দিকে কয়েক জন মহিলা কর্মীকে উপহার পেয়ে উচ্ছ্বসিত প্রতিক্রিয়া জানাতেও দেখা যায়। সাধারণত দীপাবলিতে বিভিন্ন সংস্থা কর্মীদের মিষ্টি, উপহারের ঝুড়ি কিংবা উপহারের ঝুড়ি কিংবা দৈনন্দিন ব্যবহারের সামগ্রী দেয়। সেই তুলনায় আইফোন উপহার দেওয়ার বিষয়টি সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের বিশেষ নজর কেড়েছে।
'আপনাকে কী দেওয়া হল?'
ভিডিওটি পোস্ট করে সংস্থাটি ক্যাপশনে লিখেছে, 'নো কম্পিটিশন। আপনাকে কী দেওয়া হল?' এই পোস্টটি সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হয়েছে। পোস্টটি ঘিরে শুরু হয়েছে আলোচনা। বহু নেটিজেনই সংস্থার এই উদার উদ্যোগের প্রশংসা করেছেন।
নেটিজেনদের প্রতিক্রিয়া
তবে ভিডিওটি প্রকাশ্যে আসতেই কয়েক জনের মনে প্রশ্ন ওঠে, ঘটনাটি সত্যি কিনা। কেউ কেউ আবার দাবি করেন, কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি হতে পারে এই দৃশ্য। এমনই এক মন্তব্যের জবাবে মজার ছলে ওই সংস্থা জানায়, ভিডিওটি আরও একবার ভাল করে দেখতে। অর্থাৎ, পুরো ঘটনাটিই বাস্তব বলে দাবি তাদের। কমেন্ট বক্সেও মজার ছলে নানা প্রতিক্রিয়া জানিয়েছেন নেটিজেনরা। কেউ সরাসরি সংস্থায় চাকরির সুযোগ রয়েছে কিনা, তা জানতে চেয়েছেন। আবার এক জনের রসিকতা, দীপাবলির সময় এমন উপহারের ভিডিও দেখে হিংসে এড়াতে ইনস্টাগ্রামই বন্ধ রাখতে হবে! এক নেটিজেনের দাবি, মহিলা কর্মীরা আইফোন পেলেও পুরুষ কর্মীদের নাকি দেওয়া হয়েছে সোনার কয়েন। যদিও এই মন্তব্যের সত্যতা জানা যায়নি। আর একজনের আক্ষেপ, তাঁর সংস্থা থেকে অন্তত এক বাক্স সোনপাপড়িও জোটেনি। সব মিলিয়ে, দীপাবলির উপহার ঘিরে দিল্লির এই সংস্থার ভিডিও এখন নেটদুনিয়ায় চর্চার বিষয়।
Home/News/Diwali Gifts: গল্প হলেও সত্যি! দীপাবলিতে কর্মীদের আইফোন ১৬ উপহার দিল্লির সংস্থার, ভাইরাল ভিডিও