...
...
Next Story

CAPFs in West Bengal: সিএপিএফ মোতায়েন নিয়ে প্রশ্ন! সংসদীয় কমিটিতে চিঠিতে তৃণমূল সাংসদের

CAPFs in West Bengal: তিন পাতার চিঠির প্রথম দু’পাতায় কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী সংক্রান্ত বিভিন্ন বিষয় তুলে ধরেন ডেরেক ও’ব্রায়েন।

Published on: Sep 24, 2026, 12:27:02 IST
Advertisement

CAPFs in West Bengal: চলতি বছর এপ্রিলেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংসদে সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স বিল (সিএপিএফ) পাশ করিয়েছিলেন। বুধবার ওই মন্ত্রকেরই সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে, কমিটির সদস্য তথা মমতা বন্দ্যোপাধ্যায়পন্থী তৃণমূল কংগ্রেসের যুগ্ম সাধারণ সম্পাদক ডেরেক ও’ব্রায়েন চেয়ারম্যান রাধামোহন আগরওয়ালকে একটি তিন পাতার চিঠি তুলে দেন। তাঁর চিঠির বিষয়বস্তু, ‘পশ্চিমবঙ্গে চলতি পুলিশি নির্যাতন এবং বর্বরোচিত আচরণে সিএপিএফ-এর ভূমিকা।'

তৃণমূল কংগ্রেসের যুগ্ম সাধারণ সম্পাদক ডেরেক ও’ব্রায়েন (PTI)
তৃণমূল কংগ্রেসের যুগ্ম সাধারণ সম্পাদক ডেরেক ও’ব্রায়েন (PTI)

তিন পাতার চিঠির প্রথম দু’পাতায় কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী সংক্রান্ত বিভিন্ন বিষয় তুলে ধরেন ডেরেক ও’ব্রায়েন। বৈঠকের শুরুতে চিঠির ওই অংশ পড়ে শোনান চেয়ারম্যান। সূত্রের দাবি, এরপর পশ্চিমবঙ্গকে আলাদা করে না দেখে সারা দেশে সিএপিএফ মোতায়েনের সামগ্রিক বিষয়টি নিয়ে আলোচনার প্রস্তাব দেন তিনি। সূত্রের খবর, তাঁর প্রস্তাবে শাসক ও বিরোধী—দুই শিবিরের সদস্যরাই সমর্থন জানান। ফলে আগামী দিনে বিষয়টি আলোচ্যসূচিতে তোলা হবে।

চিঠিতে তৃণমূল সাংসদ উল্লেখ করেছেন, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে প্রায় ২.৪ লক্ষ সিএপিএফ জওয়ান মোতায়েন করা হয়েছিল। অথচ ২০২৪ সালের লোকসভা নির্বাচনে গোটা দেশে মোতায়েন হয়েছিল প্রায় ৩.৪ লক্ষ জওয়ান। একটি রাজ্যের বিধানসভা নির্বাচনে কেন সারা দেশের লোকসভা নির্বাচনের তুলনায় প্রায় কাছাকাছি সংখ্যক বাহিনী মোতায়েন করা হল, তা নিয়েই প্রশ্ন তোলেন তিনি। বুধবারের বৈঠকের মূল আলোচ্য ছিল শিশুদের বিরুদ্ধে অপরাধ এবং উত্তর-পূর্বের রাজ্যগুলিতে কেন্দ্রীয় প্রকল্পের বাস্তবায়ন। শিশুদের উপর অপরাধ নিয়ে কেন্দ্রের কাছে বিস্তারিত জবাব চান চেয়ারম্যান। সূত্রের খবর, আধিকারিকদের উত্তরে সন্তুষ্ট না হয়ে তাঁদের ভর্ৎসনাও করেন তিনি। এই বৈঠক শেষ হতেই চিঠি দেন ডেরেক ও’ব্রায়েন।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks