AIFF: বকেয়া ২৫ কোটি! অর্ধেক টাকা পেয়েও ভারতের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করছে না ব্রাজিল-উরুগুয়ে

AIFF: কলকাতায় এই ম্যাচ দুটি আয়োজন করতে গিয়ে ফেডারেশনের মোট খরচ দাঁড়িয়েছিল প্রায় ৮০ কোটি টাকা। বিপরীতে তারা তুলতে পেরেছে মাত্র ৩৫ কোটি টাকার মতো, যার ফলে প্রায় ৪৫ কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে।

Published on: Nov 9, 2026, 23:24:03 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

AIFF: ব্রাজিল, উরুগুয়ে ও পানামার বিরুদ্ধে ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলে ফুটবলপ্রেমীদের বাহবা কুড়িয়েছিল ভারতীয় দল। তবে সেই হাইভোল্টেজ ম্যাচ আয়োজনের পরই একাধিক রিপোর্টে দাবি করা হয়, মারাত্মক আর্থিক সঙ্কটে পড়েছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (AIFF)। তবে কলকাতায় প্রদর্শনী ম্যাচ খেলে যাওয়ার পর প্রায় ২৫ কোটি টাকার ম্যাচ ফি বকেয়া থাকা সত্ত্বেও সর্বভারতীয় ফুটবল ফেডারেশন-এর বিরুদ্ধে এখনই কোনও শাস্তিমূলক পদক্ষেপ করছে না ব্রাজিল ও উরুগুয়ে ফুটবল ফেডারেশন। সূত্র মারফত জানা গিয়েছে, নির্ধারিত সময়সীমা পেরিয়ে গেলেও আয়োজনের আতিথেয়তা ও পরিকাঠামোয় সন্তুষ্ট থাকায় ভারতকে অর্থ পরিশোধের জন্য বাড়তি সময় দিতে রাজি হয়েছে ব্রাজিল ও উরুগুয়ে।

অর্ধেক টাকা পেয়েও ভারতের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করছে না ব্রাজিল-উরুগুয়ে
অর্ধেক টাকা পেয়েও ভারতের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করছে না ব্রাজিল-উরুগুয়ে

গত ৩ ও ৬ অক্টোবর যুবভারতীতে ভারতের মুখোমুখি হয়েছিল ভিনিসিয়াস জুনিয়রের ব্রাজিল ও দিয়েগো ফোরলানের উরুগুয়ে। চুক্তি অনুসারে ম্যাচের আগেই প্রাপ্য অর্থের অর্ধেক পরিশোধ করার কথা ছিল এবং বাকি অর্থ ধাপে ধাপে মিটিয়ে দেওয়ার কথা বলা হয়। তবে নির্ধারিত সময় পার হয়ে গেলেও ব্রাজিল ও উরুগুয়ে এখন পর্যন্ত কেবল তাদের মোট প্রাপ্য অর্থের অর্ধেক পেয়েছে। চাইলেই তারা চুক্তিভঙ্গের অভিযোগে ফিফা (FIFA) কিংবা আন্তর্জাতিক ক্রীড়া আদালত কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্ট (Court of Arbitration for Sport)-এর দ্বারস্থ হতে পারত। কিন্তু ভিনিসিয়াস জুনিয়রের ব্রাজিল বা দিয়েগো ফোরলানের উরুগুয়ে এখনই ভারতের বিরুদ্ধে আইনি পথে যাচ্ছে না। কারণ একটাই। দুই দলই যুবভারতীতে খেলে গিয়ে যারপরনাই খুশি। নিরাপত্তা ব্যবস্থা থেকে শুরু করে থাকা-খাওয়া এবং সর্বোপরি অনুশীলনের যাবতীয় সুযোগসুবিধা পাওয়ার পর দুই দলেরই কার্যত কোনও অভিযোগ নেই। কলকাতা ছাড়ার আগে তারা রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার এবং এআইএফএফ-কে দরাজ সার্টিফিকেট দিয়ে গিয়েছে। তাই টাকা বাকি থাকলেও একমাত্র এই কারণেই দুই দেশই ভারতকে আরও সময় দিতে চায়।

কলকাতায় এই ম্যাচ দুটি আয়োজন করতে গিয়ে ফেডারেশনের মোট খরচ দাঁড়িয়েছিল প্রায় ৮০ কোটি টাকা। বিপরীতে তারা তুলতে পেরেছে মাত্র ৩৫ কোটি টাকার মতো, যার ফলে প্রায় ৪৫ কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে। অর্থ জোগাড়ের জন্য ফেডারেশনের ফিক্সড ডিপোজিট ভাঙার একটি প্রস্তাব সভাপতি কল্যাণ চৌবে তুললেও বিশেষ সাধারণ সভায় প্রাক্তন সভাপতি প্রফুল প্যাটেল এর তীব্র বিরোধিতা করায় তা নাকচ হয়ে যায়। ম্যাচ আয়োজক সংস্থা ‘বেস্ট অব ইউ’-এর সিইও অনুজ কিচলু জানান, অর্থ বকেয়া থাকার খবর তিনি শুনেছেন এবং দ্রুত তা না মিটলে ভবিষ্যতে বড় দলকে ভারতে আনার ক্ষেত্রে জটিলতা তৈরি হতে পারে। কিন্তু কেউ কেউ মনে করছেন, কেন্দ্রীয় সরকার শেষ মুহূর্তে এগিয়ে আসবে। তাঁদের বক্তব্য, ভারতে আসার আগে সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ায় দু’টি ম্যাচ খেলেছিল ব্রাজিল। তার পুরো খরচ দিয়েছে অস্ট্রেলিয়ার ক্যুইন্সল্যান্ড সরকার। তাই মনে করা হচ্ছে, নরেন্দ্র মোদীর সরকারও হয়তো ফেডারেশনকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে। সংশ্লিষ্ট মহল মনে করছে, ২০৩৬ সালের অলিম্পিক্স আয়োজনের দাবিদার ভারত আন্তর্জাতিক ভাবমূর্তি রক্ষায় কেন্দ্রীয় সরকারের সাহায্যে শেষ মুহূর্তে এই বকেয়া সমস্যা মিটিয়ে ফেলতে পারে।