Delhi Cop: 'আমার মারুতি ব্রেজা চাই!' ১৩ লক্ষের গাড়ি পাননি, হবু স্ত্রীকে মণ্ডপে রেখেই ফিরলেন দিল্লির পুলিশকর্মী
Delhi Cop: কনের বাবা সুভাষ কুমার বলেন, প্রায় ছ'মাস আগে তাঁর মেয়ে হিনার সঙ্গে কুলদীপের বিয়ে ঠিক হয়েছিল। পাত্র দিল্লি পুলিশের কর্মী।
Delhi Cop: বিয়ের সব আয়োজন সম্পূর্ণ। অতিথিদের খাওয়াদাওয়ার ব্যবস্থাও হয়ে গিয়েছে। বিয়ের সাজে মণ্ডপে বসে পাত্রের অপেক্ষা করছিলেন কনে। কিন্তু শেষ মুহূর্তে বেঁকে বসলেন খোদ পাত্র! কারণ, পাত্রের পছন্দের গাড়ি দেওয়া হয়নি। হুন্ডাই অরা নয়, তাঁর চাই মারুতি ব্রেজা। পছন্দের সেই গাড়ি না পেয়ে বিয়ে না করেই মণ্ডপ থেকে ফিরে গেলেন দিল্লি পুলিশের কর্মী (Delhi Police)। আর তার পরেই প্রতিকার চেয়ে থানার দ্বারস্থ হয়েছে কনের পরিবার। হরিয়ানার সোনিপতে এই ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে।

গত ২০ নভেম্বর সোনিপতের মামচাঁদ ভাটিকায় বিয়ের আসর বসেছিল। রাম নগর এলাকার বাসিন্দা কনের বাবা সুভাষ কুমার বলেন, প্রায় ছ'মাস আগে তাঁর মেয়ে হিনার সঙ্গে কুলদীপের বিয়ে ঠিক হয়েছিল। পাত্র দিল্লি পুলিশের কর্মী। বিয়ের দিন ঠিক করা হয়েছিল ২০ নভেম্বর। সুভাষ কুমারের অভিযোগ, বিয়ে ঠিক হওয়ার পর পাত্রের পরিবারের তরফে গাড়ি, গয়নার দাবি উঠতে থাকে। সাধ্যমতো সেই দাবি পূরণের চেষ্টাও করেছিলেন তাঁরা। পাত্রের জন্য প্রায় ৯.৫ লক্ষ টাকা দামের একটি হুন্ডাই অরা গাড়িও বুক করে রেখেছিলেন তাঁরা। কিন্তু বিয়ের আগের দিন মধ্যস্থতাকারীদের মাধ্যমে জানতে পারেন, কুলদীপ ওই গাড়ি নিতে রাজি নন। তাঁর পছন্দ প্রায় ১৩ লক্ষ টাকা দামের মারুতি ব্রেজা।
এরপর আগের বুকিং বাতিল করে ব্রেজা কেনার চেষ্টা করেন কনের পরিবার। কিন্তু বিয়ের এত অল্প সময় আগে গাড়ির ব্যবস্থা করা সম্ভব হয়নি। সুভাষের দাবি, শুধু গাড়ি নয়, পাত্রপক্ষের তরফে গয়নার দাবিও উঠেছিল। কুলদীপের জন্য দু'ভরি সোনার চেন, তাঁর মায়ের জন্য চার ভরি সোনার কানের দুল এবং রুপোর নূপুর দেওয়ার কথা ছিল। পাত্রের দাদা ও বৌদির জন্যও গয়না চাওয়া হয়েছিল বলে অভিযোগ। সেই মতো গয়নার অর্ডারও দিয়েছিল কনের পরিবার। বিয়ের আসবাবপত্র কিনতেই খরচ হয়েছিল প্রায় ১.৩২ লক্ষ টাকা। কনের বাবার দাবি, বিয়ের আয়োজন করতে সব মিলিয়ে ২৫ থেকে ৩০ লক্ষ টাকা খরচ হয়েছিল। প্রায় ১২০০ অতিথির জন্য খাবারের ব্যবস্থাও করা হয়েছিল। কিন্তু বিয়ের দিন বরযাত্রী নিয়ে না এসে সাধারণ পোশাকে মায়ের সঙ্গে অনুষ্ঠানে পৌঁছন কুলদীপ। সেখানে এসেই ব্রেজা গাড়ির খোঁজ করেন। গাড়ি না পেয়ে দু'পক্ষের মধ্যে বচসা শুরু হয়।
কনের বাবার অভিযোগ, এক পর্যায়ে কনের পরিবারের সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার করেন কুলদীপ। হিনার ভাই সাহিলের সঙ্গেও তাঁর বিবাদ হয়। আত্মীয়স্বজনেরা বারবার অনুরোধ করলেও বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে রাজি হননি পাত্র ও তাঁর মা। শেষ পর্যন্ত বিয়ে না করেই অনুষ্ঠানস্থল ছেড়ে চলে যান তাঁরা। এদিকে, বিয়ের সাজে মণ্ডপেই বসে থাকেন হিনা। পাত্র আর ফিরে আসেননি। পরে দু'পক্ষই ১১২ নম্বরে ফোন করে পুলিশকে বিষয়টি জানায়। সেক্টর ২৭ থানায় লিখিত অভিযোগও দায়ের করেছেন কনের বাবা। তাঁর দাবি, হিনা এমএ এবং জেবিটি ডিগ্রিধারী। পরিবারের সামর্থ্য অনুযায়ী সমস্ত আয়োজন করা হয়েছিল। কিন্তু গাড়ির দাবি পূরণ না হওয়ায় এভাবে বিয়ে ভেঙে যাওয়ায় তাঁরা চরম অপমান ও আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। অভিযুক্ত পাত্র ও তাঁর পরিবারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।
E-Paper
