২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।
DMK supports Delimitation: কেন্দ্রের পাশে থাকার ঘোষণা ডিএমকের! ডিলিমিটেশন বিল ইস্যুতে আরও হাত শক্ত মোদী সরকারের
শনিবার সকালে দলের সাংসদদের নিয়ে বৈঠক করে ডিএমকে। সেখানেই আসন্ন সংসদ অধিবেশনে কেন্দ্রের আনা নতুন ডিলিমিটেশন বিলকে সমর্থনের সিদ্ধান্ত হয়। বৈঠকের পর ডিএমকে সাংসদ এ রাজা দলের অবস্থান স্পষ্ট করেন। তিনি জানান, নতুন বিলকে সমর্থন করবে তাঁর দল।
ডিলিমিটেশন বিল নিয়ে বড় রাজনৈতিক সাফল্য পেল কেন্দ্রীয় সরকার। দীর্ঘদিন ধরে জনসংখ্যার ভিত্তিতে নির্বাচনী কেন্দ্র পুনর্বিন্যাসের বিরোধিতা করে আসা ডিএমকে এবার বিলকে সমর্থনের সিদ্ধান্ত নিল। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের দলের এই অবস্থান বদল সংসদে মোদী সরকারের শক্তি অনেকটাই বাড়িয়ে দিল। কারণ, ডিএমকের হাতে রয়েছে ২২ জন সাংসদ। ফলে সংসদের বিশেষ অধিবেশনে সংবিধান সংশোধনী বিল পাশ করানোর ক্ষেত্রে কেন্দ্রের পক্ষে নতুন করে হিসাব মেলানো সহজ হতে পারে। যদিও এই সমর্থনের পিছনে রয়েছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শর্ত।

শনিবার সকালে দলের সাংসদদের নিয়ে বৈঠক করে ডিএমকে। সেখানেই আসন্ন সংসদ অধিবেশনে কেন্দ্রের আনা নতুন ডিলিমিটেশন বিলকে সমর্থনের সিদ্ধান্ত হয়। বৈঠকের পর ডিএমকে সাংসদ এ রাজা দলের অবস্থান স্পষ্ট করেন। তিনি জানান, নতুন বিলকে সমর্থন করবে তাঁর দল। দলের আর এক সাংসদ দয়ানিধি মারানও সংসদে বিলের পক্ষে ভোট দেওয়ার কথা জানিয়েছেন।
বিষয়টি তাৎপর্যপূর্ণ। কারণ, এর আগে জনসংখ্যার ভিত্তিতে পরিসীমনের তীব্র বিরোধিতা করেছে ডিএমকে। স্ট্যালিনের আশঙ্কা ছিল, এই পদ্ধতিতে সংসদীয় আসন পুনর্বণ্টন হলে দক্ষিণ ভারতের রাজ্যগুলি রাজনৈতিক ভাবে ক্ষতিগ্রস্ত হবে। জনসংখ্যা নিয়ন্ত্রণে সফল হওয়ার কারণে তাদের সংসদে প্রতিনিধিত্ব কমে যেতে পারে। অন্যদিকে, বেশি জনসংখ্যার রাজ্যগুলি অতিরিক্ত আসন পেয়ে রাজনৈতিক ভাবে আরও শক্তিশালী হয়ে উঠবে। তবে এবার কেন্দ্রের নতুন প্রস্তাবে কয়েকটি পরিবর্তন আসায় অবস্থান বদলেছে ডিএমকে।
কী শর্তে সমর্থন স্ট্যালিনের?
ডিএমকের সমর্থনের পিছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল লোকসভা ও বিধানসভায় আসন সংখ্যা ৫০ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব। পাশাপাশি রাজ্যগুলির মধ্যে আসন বণ্টনের বর্তমান অনুপাত আগামী ২৫ বছর অপরিবর্তিত রাখার প্রস্তাবও রয়েছে। অর্থাৎ, সংসদের মোট আসন সংখ্যা বাড়লেও বিভিন্ন রাজ্যের মধ্যে রাজনৈতিক প্রতিনিধিত্বের অনুপাত বজায় থাকবে।
তামিলনাড়ুর ক্ষেত্রে বিষয়টি বিশেষ গুরুত্বপূর্ণ। বর্তমানে লোকসভায় রাজ্যটির আসন সংখ্যা ৩৯। নতুন প্রস্তাব কার্যকর হলে তা বেড়ে ৫৯ হতে পারে। তবে সংসদের মোট আসনের তুলনায় তামিলনাড়ুর বর্তমান ৭.২ শতাংশ প্রতিনিধিত্ব বজায় রাখার বিষয়টিতে গুরুত্ব দিচ্ছে ডিএমকে।
শুক্রবারও স্ট্যালিন জানিয়েছিলেন, পরিসীমন নিয়ে দলের অবস্থানের কোনও পরিবর্তন হয়নি। তামিলনাড়ুর স্বার্থের সঙ্গে আপস করা হবে না। এর আগে চেন্নাইয়ে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও প্রতিনিধিদের নিয়ে বৈঠক করে জনসংখ্যাভিত্তিক পরিসীমনের বিরুদ্ধে যৌথ অবস্থান তৈরির চেষ্টা করেছিলেন তিনি।
ডিএমকের এক শীর্ষ সূত্রের বক্তব্য, সংসদের মোট আসন বাড়ানো নিয়ে তাদের আপত্তি নেই। কিন্তু তামিলনাড়ুর আপেক্ষিক রাজনৈতিক প্রতিনিধিত্ব কমানো চলবে না। সেই নিশ্চয়তা পাওয়া গেলেই তারা প্রস্তাবকে সমর্থন করতে রাজি।
কেন্দ্রের জন্য বড় স্বস্তি
গত এপ্রিলেও ডিলিমিটেশন ও মহিলা সংরক্ষণ সংক্রান্ত সংবিধান সংশোধনী বিল সংসদে পাশ করানোর চেষ্টা করেছিল কেন্দ্র। কিন্তু প্রয়োজনীয় বিশেষ সংখ্যাগরিষ্ঠতা না মেলায় ধাক্কা খেতে হয় সরকারকে। এবার নতুন করে বিল আনার প্রস্তুতি চলছে। আগামী সপ্তাহের সংসদ অধিবেশনেই তা পেশ হতে পারে।
সেই পরিস্থিতিতে ২২ জন সাংসদ থাকা ডিএমকের সমর্থন কেন্দ্রের কাছে বড় প্রাপ্তি। তবে ডিএমকে জানিয়েছে, কংগ্রেসের সঙ্গে তাদের সম্পর্কের টানাপড়েনের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়নি। বরং তামিলনাড়ুর স্বার্থ সুরক্ষিত রাখার বিষয়টিই তাদের কাছে প্রধান।
সব মিলিয়ে, ডিলিমিটেশন নিয়ে দক্ষিণ ভারতের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হল। একদিকে কেন্দ্রের বিলের পক্ষে বাড়ল সমর্থন, অন্যদিকে স্ট্যালিনও নিজের রাজ্যের প্রতিনিধিত্ব রক্ষার শর্ত সামনে রেখে রাজনৈতিক অবস্থান মজবুত করলেন। এবার সংসদের বিশেষ অধিবেশনে এই বিল কতটা বাধা পেরোয়, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।
E-Paper
