মুনাফা নয়, অগ্রাধিকার পাক মানুষ ও পৃথিবী! COP31-এ বিশ্বনেতাদের তীব্র আক্রমণ গ্রেটার
তুরস্কের আনতালিয়ায় রাষ্ট্রসংঘের জলবায়ু সম্মেলন COP31-এ যোগ দিতে এসে বিশ্বনেতাদের বিরুদ্ধে এ ভাবেই ক্ষোভ উগরে দিলেন সুইডেনের এই পরিবেশকর্মী। তাঁর অভিযোগ, প্রতি বছর জলবায়ু সম্মেলনের নামে কার্যত পরিবেশের ক্ষতি করা দেশগুলিকে নিজেদের ভাবমূর্তি উজ্জ্বল করার সুযোগ দেওয়া হচ্ছে।
জলবায়ু পরিবর্তনের মোকাবিলায় বিশ্বনেতাদের উদ্যোগ নিয়ে ফের সরব পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ। তাঁর বক্তব্য, পৃথিবী ও মানুষের ভবিষ্যতের চেয়ে মুনাফা এবং ভূরাজনৈতিক ক্ষমতাকে বেশি গুরুত্ব দিচ্ছে বিভিন্ন দেশের সরকার। তাই আর প্রতিশ্রুতি নয়, প্রয়োজন বাস্তব পদক্ষেপ। তুরস্কের আনতালিয়ায় রাষ্ট্রসংঘের জলবায়ু সম্মেলন COP31-এ যোগ দিতে এসে বিশ্বনেতাদের বিরুদ্ধে এ ভাবেই ক্ষোভ উগরে দিলেন সুইডেনের এই পরিবেশকর্মী। তাঁর অভিযোগ, প্রতি বছর জলবায়ু সম্মেলনের নামে কার্যত পরিবেশের ক্ষতি করা দেশগুলিকে নিজেদের ভাবমূর্তি উজ্জ্বল করার সুযোগ দেওয়া হচ্ছে।

মঙ্গলবার সম্মেলনস্থলে পৌঁছে গ্রেটা বলেন, প্রতি বছর আয়োজক দেশগুলি এই সম্মেলনকে নিজেদের পরিবেশবান্ধব ভাবমূর্তি তুলে ধরার কাজে ব্যবহার করে। অথচ সম্মেলনের আলোচনায় এমন বহু শিল্পগোষ্ঠীর প্রতিনিধিরা প্রভাব বিস্তার করেন, যাঁদের ব্যবসা পরিবেশের ক্ষতির সঙ্গে যুক্ত। এই পরিস্থিতিকে ভণ্ডামি বলে আক্রমণ করেছেন তিনি। তাঁর মতে, বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যবস্থা মানুষের স্বাভাবিক জীবনযাপনের সঙ্গে কার্যত অসামঞ্জস্যপূর্ণ হয়ে উঠেছে।
গ্রেটার কথায়, জলবায়ু পরিবর্তন এখন সব কিছুর জন্যই বিপজ্জনক হয়ে উঠেছে। মানুষের প্রিয়জন থেকে শুরু করে ভবিষ্যৎ প্রজন্ম, সকলের অস্তিত্বই আজ সংকটের মুখে। বিশ্বের অধিকাংশ মানুষের স্বার্থ এবং পৃথিবীর ভবিষ্যৎকে বিসর্জন দিয়ে মুষ্টিমেয় কিছু মানুষের বিপুল মুনাফা ও রাজনৈতিক ক্ষমতা ধরে রাখার চেষ্টা বন্ধ হওয়া প্রয়োজন। তাঁর বক্তব্য, মানুষের কল্যাণ এবং পরিবেশের সুরক্ষাই হওয়া উচিত রাষ্ট্রনেতাদের প্রধান লক্ষ্য।
এ বারের COP31 সম্মেলনের আয়োজক তুরস্ক ও অস্ট্রেলিয়া। তবে দুই দেশই পরিবেশবান্ধব শক্তির ব্যবহার বাড়ানোর কথা বললেও বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে এখনও কয়লা-সহ জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরশীল। ফলে আয়োজক দেশগুলির পরিবেশনীতি নিয়েও প্রশ্ন উঠেছে। তুরস্কের অন্যতম লক্ষ্য, পরিবহণ, নির্মাণ এবং ভারী শিল্পে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে বিদ্যুতের ব্যবহার বাড়ানো। ২০৩৫ সালের মধ্যে বিশ্বের মোট শক্তি ব্যবহারের ৩৫ শতাংশ বিদ্যুৎ থেকে আসুক, এমনই লক্ষ্য রয়েছে আঙ্কারার। বর্তমানে সেই হার প্রায় ২৩ শতাংশ। সৌর ও বায়ুশক্তির মতো পুনর্নবীকরণযোগ্য উৎস থেকে এই বিদ্যুৎ উৎপাদনের উপর জোর দিচ্ছে তুরস্ক।
তবে গ্রেটা মনে করেন, শুধু লক্ষ্যমাত্রা ঘোষণা করলেই হবে না। জলবায়ু সংকট মোকাবিলায় প্রতিটি ইতিবাচক পদক্ষেপকে স্বাগত জানাতে হবে। একই সঙ্গে সেই প্রতিশ্রুতি বাস্তবে কার্যকর করার জন্য সরকারগুলির উপর চাপ তৈরি করতে হবে। তাঁর কথায়, পরিস্থিতি এতটাই উদ্বেগজনক যে পৃথিবীকে বাঁচানোর জন্য হাতে থাকা প্রতিটি সুযোগ কাজে লাগানো জরুরি।
গ্রেটার উপস্থিতিতে উচ্ছ্বসিত সম্মেলনে যোগ দেওয়া তরুণ পরিবেশকর্মীরাও। তাঁদের আশা, তাঁর মতো পরিচিত পরিবেশকর্মীর উপস্থিতি বিশ্বনেতাদের উপর চাপ বাড়াবে। ছোট দ্বীপরাষ্ট্রগুলির জোটের সঙ্গে যুক্ত অ্যাম্বার টার্নার জানিয়েছেন, গ্রেটার উপস্থিতি জলবায়ু আন্দোলনের মূল লক্ষ্য মনে করিয়ে দেবে। অন্য দিকে, থাইল্যান্ডের তরুণ জলবায়ু আলোচক কামোরি ওস্থানন্দার আশা, তাঁর উপস্থিতিতে সম্মেলন থেকে বাস্তব পদক্ষেপের দাবি আরও জোরালো হবে। সম্মেলনে উন্নয়নশীল দেশগুলির জন্য জলবায়ু সংক্রান্ত আর্থিক সহায়তা বাড়ানোর দাবিও উঠেছে।
উল্লেখ্য, ২০২১ সালে স্কটল্যান্ডের গ্লাসগোয় COP26 সম্মেলনের পর এই প্রথম রাষ্ট্রসংঘের জলবায়ু সম্মেলনে যোগ দিলেন গ্রেটা। সেই সময় বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতিকে 'ব্লা, ব্লা, ব্লা' বলে কটাক্ষ করেছিলেন তিনি। ২০১৮ সালে মাত্র ১৫ বছর বয়সে সুইডেনের সংসদের বাইরে একক স্কুল ধর্মঘট শুরু করে বিশ্বজুড়ে পরিচিতি পান গ্রেটা। এ বারের সম্মেলন চলবে ২০ নভেম্বর পর্যন্ত। তার আগে তাঁর বক্তব্যে জলবায়ু আন্দোলন নতুন করে কতটা গতি পায়, এখন সেটাই দেখার।
ABOUT THE AUTHORAbhijit Chowdhury২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More
E-Paper


