US Midterm Election Results: ‘আমি ব্যালটে...,' মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবি, ইরান যুদ্ধের প্রভাব স্বীকার করলেন ট্রাম্প

US Midterm Election Results: ডোনাল্ড ট্রাম্প বলেন, 'আমাদের বড় কিছু করতে হবে।' তিনি যোগ করেন, এতে 'একটি বড় ধরনের আঘাত' অন্তর্ভুক্ত থাকতে পারে।

Published on: Nov 4, 2026, 13:20:24 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

US Midterm Election Results: মার্কিন কংগ্রেসের দুই কক্ষই হাতছাড়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের উড়িয়ে বড় জয় নিশ্চিত করলেন ডেমোক্র্যাটরা। আর ভোটের ফল প্রকাশ্যে আসতেই রিপাবলিকানদের হারে ইরান যুদ্ধের প্রভাব কার্যত স্বীকার করে নিলেন ডোনাল্ড ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (AFP)
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (AFP)

মার্কিন যুক্তরাষ্ট্রের ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনের উচ্চকক্ষ সেনেটে নিয়ন্ত্রণ নিশ্চিত করেছে ডেমোক্র্যাটরা। মার্কিন সংবামধ্যমগুলির সর্বশেষ তথ্য অনুযায়ী, সেনেটে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজীন ৫১টি আসন জয় নিশ্চিত করেছে বিরোধীরা। অন্যদিকে, রিপাবলিকান পার্টি ৪০টি আসনে জয় নিশ্চিত করেছে। এছাড়া কংগ্রেসের প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ নিতে যাচ্ছেন বিরোধী ডেমোক্র্যাটরা। সেখানে বিপুল ব্যবধানে এগিয়ে রয়েছেন বিরোধীরা। এরই মধ্যে মধ্যবর্তী নির্বাচনে হারের জন্য তেহরানকে দায়ী করলেন ডোনাল্ড ট্রাম্প। ইরানের বিভিন্ন স্থানে মার্কিন যুক্তরাষ্ট্র হামলার পরিকল্পনা করছে বলে যে খবর প্রকাশিত হয়েছে, সে বিষয়েও কথা বলেছেন তিনি।

বুধবার মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের সঙ্গে কথা বলার সময় ডোনাল্ড ট্রাম্প বলেন, 'আমাদের বড় কিছু করতে হবে।' তিনি যোগ করেন, এতে 'একটি বড় ধরনের আঘাত' অন্তর্ভুক্ত থাকতে পারে। মার্কিন প্রেসিডেন্ট বলেন, 'তাদের কখনও পারমাণু অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না।' এরপর তিনি স্বীকার করেন যে জ্বালানির মূল্যবৃদ্ধি মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের জন্য নেতিবাচক প্রভাব ফেলেছে। তাঁর কথায়, জ্বালানির জন্য বেশি অর্থ পরিশোধ করতে হওয়ায় মানুষ 'এটি পছন্দ করেনি।' ফক্স নিউজে নিজের প্রতিক্রিয়া জানানোর এক পর্যায়ে ট্রাম্প বলেন, তিনি এই ফলাফলকে তার প্রেসিডেন্ট পদের জন্য কোনও 'ধাক্কা' বলে মনে করেন না। তিনি বলেন, ডেমোক্র্যাটরা বহু বছর ধরেই এমন একটি বড় জয়ের অপেক্ষায় ছিল এবং অবশেষে তারা তা অর্জন করেছে। এরপর তিনি তাদের 'ভালো কাজ' করার জন্য অভিনন্দন জানান। মার্কিন প্রেসিডেন্ট এ সময় গত দুই বছরের অর্জনগুলোও তুলে ধরেন; বিশেষ করে অর্থনীতিকে শক্তিশালী করা এবং দক্ষিণ সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করাকে তিনি তার প্রধান সাফল্য হিসেবে উল্লেখ করেন।

অন্যদিকে, নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যালে’ ট্রাম্প লিখেছেন, ‘আমি ব্যালটে ছিলাম না। আর যদি থাকতাম, তাহলে আমরা ভূমিধস জয় পেতাম! বিষয়টির প্রতি আপনার মনোযোগের জন্য ধন্যবাদ।’ নির্বাচনের ফল নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে এভাবেই দলের হারের দায় এড়ানোর চেষ্টা করেছেন তিনি। অথচ ভোটের আগে টেক্সাস, নর্থ ক্যারোলিনা, সাউথ ক্যারোলিনা ও ওহায়োর মতো রাজ্যে প্রচারে ঝাঁপিয়ে পড়েছিলেন তিনি। ভোটারদের কাছে আবেদন ছিল, যেন তাঁরা ব্যালটে ট্রাম্পকেই দেখছেন ধরে নিয়ে ভোট দেন। মধ্যবর্তী নির্বাচনে সেনেটের নিয়ন্ত্রণ ফিরে পেয়েছে ডেমোক্র্যাটরা। আইওয়ায় জশ টুরেক, কানসাসে অ্যাডাম হ্যামিলটন, টেক্সাসে জেমস তালারিকো এবং নর্থ ক্যারোলাইনায় রয় কুপারের জয় রিপাবলিকানদের ধাক্কা আরও বাড়িয়েছে। জর্জিয়া থেকে ফের জিতেছেন জন অসফ। ওহায়োতেও প্রাক্তন সেনেটর শেরড ব্রাউনের জয়ের খবর সামনে এসেছে। প্রতিনিধি পরিষদেও সাতটি আসন ডেমোক্র্যাটদের ঝুলিতে গিয়েছে। সুহাস সুব্রহ্মণ্যম ভার্জিনিয়ার দশম কেন্দ্র থেকে পুনর্নির্বাচিত হয়েছেন। এতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বড় ধরনের রাজনৈতিক ধাক্কার মুখে পড়েছেন।