চিন সফরের আগেই জেনসেন হুয়াংয়ের চিনা গুপ্তচরের সঙ্গে পরকীয়ার খবর পান ট্রাম্প! তবুও Nvidia CEO-কে নিয়ে বেজিং সফরে যান

গত মে মাসে চিন সফরের সময়ই হুয়াংয়ের সঙ্গে চিনা গুপ্তচর সন্দেহে এক মহিলার সম্পর্কের বিষয়ে সতর্ক করা হয়েছিল ট্রাম্পকে। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয়, এই সতর্কবার্তা পাওয়ার পরেও হুয়াংকে নিজের চিন সফরে সঙ্গে নেওয়ার সিদ্ধান্ত বদলাননি ট্রাম্প।

Published on: Nov 11, 2026, 08:09:08 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

এনভিডিয়ার CEO জেনসেন হুয়াংকে ঘিরে চিনা গুপ্তচরবৃত্তির অভিযোগে এবার নতুন করে অস্বস্তিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের সাম্প্রতিক প্রতিবেদনে দাবি করা হয়েছে, গত মে মাসে চিন সফরের সময়ই হুয়াংয়ের সঙ্গে চিনা গুপ্তচর সন্দেহে এক মহিলার সম্পর্কের বিষয়ে সতর্ক করা হয়েছিল ট্রাম্পকে। আর সেই সতর্কবার্তা দিয়েছিলেন স্বয়ং মার্কিন বিদেশসচিব তথা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কো রুবিও। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয়, এই সতর্কবার্তা পাওয়ার পরেও হুয়াংকে নিজের চিন সফরে সঙ্গে নেওয়ার সিদ্ধান্ত বদলাননি ট্রাম্প। যদিও সম্প্রতি সাংবাদিকদের সামনে ট্রাম্প দাবি করেছেন, মে মাসে চিন সফরের সময় তিনি এই বিষয়ে কিছুই জানতেন না। ফলে মার্কিন প্রশাসনের গোয়েন্দা তথ্য, প্রেসিডেন্টের বক্তব্য এবং এনভিডিয়ার শীর্ষকর্তাকে ঘিরে বিতর্ক—সব মিলিয়ে ওয়াশিংটনে নতুন করে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে।

গত মে মাসে চিন সফরের সময়ই হুয়াংয়ের সঙ্গে চিনা গুপ্তচর সন্দেহে এক মহিলার সম্পর্কের বিষয়ে সতর্ক করা হয়েছিল ট্রাম্পকে।
গত মে মাসে চিন সফরের সময়ই হুয়াংয়ের সঙ্গে চিনা গুপ্তচর সন্দেহে এক মহিলার সম্পর্কের বিষয়ে সতর্ক করা হয়েছিল ট্রাম্পকে।

নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, গত মে মাসে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করতে চিনে যাচ্ছিলেন ট্রাম্প। আলাস্কায় বিমান জ্বালানি ভরার জন্য থামার সময় আচমকাই এনভিডিয়ার CEO জেনসেন হুয়াংকে নিজের বিমানে যোগ দেওয়ার আমন্ত্রণ জানান মার্কিন প্রেসিডেন্ট। সেই খবর পাওয়ার পরেই ট্রাম্পকে সতর্ক করেন মার্কো রুবিও। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলির হাতে থাকা সংবেদনশীল তথ্যের ভিত্তিতে রুবিও জানান, হুয়াংয়ের সঙ্গে অ্যালিস হুয়াং নামে এক মহিলার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এবং ওই মহিলা চিনের হয়ে তথ্য সংগ্রহ করছেন বলে সন্দেহ করা হচ্ছে।

প্রতিবেদন অনুযায়ী, গত সাত মাসের মধ্যে অন্তত দ্বিতীয়বার এই বিষয়ে গোয়েন্দা তথ্য পেয়েছিলেন ট্রাম্প। এর আগে গত বছরের শেষ দিকেও তাঁকে একই বিষয়ে সতর্ক করা হয়েছিল বলে দাবি নিউ ইয়র্ক টাইমসের। তবে সেই সময়ও ট্রাম্প বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেননি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

কিন্তু সম্প্রতি এই বিতর্ক সামনে আসার পর ট্রাম্প দাবি করেন, মে মাসে চিন যাওয়ার সময় তিনি হুয়াংয়ের বিরুদ্ধে এমন কোনও অভিযোগের কথা জানতেন না। তাঁর কথায়, 'না, তখন আমি এই বিষয়ে কিছু শুনিনি।' গত বছর এই বিষয়ে গোয়েন্দা রিপোর্ট পেয়েছিলেন কি না, সেই প্রশ্নের উত্তরে তিনি বলেন, বিষয়টি খতিয়ে দেখতে হবে। গোয়েন্দা সংস্থার আধিকারিকদের সঙ্গে কথা বলবেন বলেও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে এই তথ্য তাঁকে জানানো হয়ে থাকলেও তা তাঁর উপর বিশেষ প্রভাব ফেলেনি বলে মন্তব্য করেন ট্রাম্প।

এদিকে হুয়াংয়ের সঙ্গে অ্যালিস হুয়াংয়ের সম্পর্কের বিষয়টি নিজেই স্বীকার করেছেন এনভিডিয়া প্রধান। সংস্থার কর্মীদের কাছে পাঠানো একটি বার্তায় তিনি স্ত্রীর সঙ্গে বিশ্বাসঘাতকতার জন্য ক্ষমাও চেয়েছেন। তবে অ্যালিস চিনের গুপ্তচর কি না, তা এখনও প্রমাণিত নয়। চিনের বিদেশমন্ত্রক এই অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে।

অন্যদিকে, পুরো ঘটনা খতিয়ে দেখতে স্বাধীন তদন্ত শুরু করেছে এনভিডিয়ার পরিচালন পর্ষদ। তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে আমেরিকার বিখ্যাত আইনজীবী সংস্থা Wachtell, Lipton, Rosen & Katz-কে। পাশাপাশি মার্কিন FBI-ও বিষয়টি খতিয়ে দেখছে বলে জানিয়েছেন ট্রাম্প।

এই বিতর্কের প্রভাব পড়েছে এনভিডিয়ার ব্যবসায়ও। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, মাত্র দু'দিনে সংস্থার বাজারমূল্য থেকে প্রায় ৪৩০ বিলিয়ন ডলার কমে গিয়েছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, এই ঘটনা আমেরিকা ও চিনের মধ্যে AI প্রযুক্তি এবং অত্যাধুনিক সেমিকন্ডাক্টর চিপের বাণিজ্যিক প্রতিযোগিতাকে আরও জটিল করে তুলতে পারে।

উল্লেখ্য, আগামী সপ্তাহে ফের চিন সফরে যাওয়ার কথা ট্রাম্পের। যদিও এবার সেই সফরে জেনসেন হুয়াং তাঁর সঙ্গী হচ্ছেন না। এমনকী চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে এই বিষয়টি তোলারও কোনও পরিকল্পনা নেই বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

সব মিলিয়ে, মার্কিন গোয়েন্দা সতর্কবার্তা পেয়েও কেন ট্রাম্প হুয়াংকে চিন সফরে সঙ্গে নিয়েছিলেন, সেই প্রশ্নই এখন আন্তর্জাতিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More