Donald Trump Latest Update: ভারতীয় জাহাজে ইরানি হামলা নিয়ে প্রশ্ন শুনেই চটলেন ট্রাম্প, বেরিয়ে যেতে বললেন সাংবাদিককে

Donald Trump Latest Update: সিবিএস নিউজের রিপোর্টার অলিভিয়া রিনালদি ইরানের পরিস্থিতি এবং হরমুজে ভারতীয় জাহাজের ওপর হামলার ঘটনা সম্পর্কে ট্রাম্পকে প্রশ্ন করার চেষ্টা করেছিলেন। তারপরই ট্রাম্প তাঁকে বেরিয়ে যেতে বলেন।

Published on: Apr 20, 2026 8:18 AM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Donald Trump Latest Update: সম্প্রতি হরমুজ পার হওয়ার চেষ্টা করা দুটি ভারতীয় জাহাজে হামলা চালায় ইরান। এই ঘটনায় ইরানি রাষ্ট্রদূতকে তলব করে ভারত ইতিমধ্যেই অসন্তোষ প্রকাশ করেছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সম্প্রতি এই ঘটনা সংক্রান্ত প্রশ্ন করেন এক সাংবাদিক। এবং এই প্রশ্ন শুনেই রেগে যান ট্রাম্প। ওই সাংবাদিককে বেরিয়ে যেতে বলেন। সিবিএস নিউজের এক রিপোর্টার পুরো ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। সাংবাদিকের প্রতি ট্রাম্পের আচরণ নিয়েও প্রশ্ন তুলছেন সেই রিপোর্টার।

সিবিএস নিউজের রিপোর্টার অলিভিয়া রিনালদি ইরানের পরিস্থিতি এবং হরমুজে ভারতীয় জাহাজের ওপর হামলার ঘটনা সম্পর্কে ট্রাম্পকে প্রশ্ন করার চেষ্টা করেছিলেন। (Bloomberg)
সিবিএস নিউজের রিপোর্টার অলিভিয়া রিনালদি ইরানের পরিস্থিতি এবং হরমুজে ভারতীয় জাহাজের ওপর হামলার ঘটনা সম্পর্কে ট্রাম্পকে প্রশ্ন করার চেষ্টা করেছিলেন। (Bloomberg)

জানা গিয়েছে, সিবিএস নিউজের রিপোর্টার অলিভিয়া রিনালদি ইরানের পরিস্থিতি এবং হরমুজে ভারতীয় জাহাজের ওপর হামলার ঘটনা সম্পর্কে ট্রাম্পকে প্রশ্ন করার চেষ্টা করেছিলেন। তারপরই ট্রাম্প তাঁকে বেরিয়ে যেতে বলেন। এই ঘটনা প্রসঙ্গে রিনালদি লিখেছেন, 'আমি প্রেসিডেন্টকে হরমুজের দুটি জাহাজে হামলা সম্পর্কে জিজ্ঞাসা করার চেষ্টা করি। ইরানি গানবোট সেই জাহাজগুলির ওপর গুলি চালিয়েছে বলে অভিযোগ করা হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প সেই সময় আমাকে বলেন, বেরিয়ে যাও।'

হরমুজ প্রণালী বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমুদ্রপথগুলির একটি। এই প্রণালীর মধ্য দিয়ে বিশ্বব্যাপী তেল সরবরাহের প্রায় ২০ শতাংশ প্রবাহিত হয়। এই হরমুজ প্রণালী আদতে কী? পারস্য উপসাগর এবং ওমান উপসাগরকে যুক্ত করেছে হরমুজ প্রণালী। তার ফলে ইরান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহির মতো পারস্য উপসাগর লাগোয়া দেশগুলিকে সমুদ্রপথ বাকি বিশ্বের সঙ্গে যুক্ত হতে এই হরমুজ প্রণালীর ওপর নির্ভর করতে হয়। বিশ্বের অন্যতম তৈল উৎপাদনকারী দেশগুলিতে তাই তেল সরবরাহের জন্যেও হরমুজ প্রণালীর উপরেই নির্ভর করে থাকতে হয়। এদিকে এই হরমুজ প্রণালী খুব চওড়া নয়। সংকীর্ণতম বিন্দুতে মাত্র ৩৩ কিমি চওড়া। ফলে সেই প্রণালী অবরোধ করে রাখা সহজ।

এদিকে যুদ্ধ চলাকালীন শিবালিক, নন্দা দেবী, জগ বসন্দ, পাইন গ্যাস, গ্রিন সানভি সহ অনেক জাহাজ ভারতে পৌঁছেছে এই হরমুজ প্রণালী অতিক্রম করে। তবে এখনও ভারতের অনেক জাহাজ হরমুজ প্রণালীর পশ্চিমে আটকে আছে। এদিকে সম্প্রতি হরমুজ অতিক্রম করতে ইরানকে টোল দিতে হচ্ছিল জাহাজগুলিকে। তবে ভারতীয় জাহাজের থেকে কোনও টোল নিচ্ছিল না ইরান। তবে সম্প্রতি দুই ভারতীয় জাহাজের ওপর ইরান হামলা চালায়। এরপর ইরানি রাষ্ট্রদূতকে তলব করা হয়েছিল ভারতের বিদেশ মন্ত্রকের তরফ থেকে।

এর আগে ইরান হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দেওয়ার কথা ঘোষণা করেছিল। তবে আমেরিকা এরপরও তাদের অবরোধ জারি রেখেছিল। এই পরিস্থিতিতে ইরান ফের হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা করে। এই আবহে এক ভারতীয় জাহাজের ওপর হামলাও চালায় ইরানি সামরিক বাহিনী। সেই ঘটনার সময় অপর একটি ভারতীয় জাহাজ একদম কাছেই অবস্থান করছিল। এরপর দুই ভারতীয় জাহাজই হরমুজ প্রণালী থেকে ফিরে গিয়েছিল।

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More