Trump on Strait of Hormuz: 'যারা হরমুজ দিয়ে তেল নিয়ে যায়, তারা বুঝুক', হরমুজ প্রণালী থেকে পালানোর চেষ্টায় ট্রাম্প?

হরমুজ প্রণালীর কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, মধ্যপ্রাচ্যের তেলের ওপর নির্ভরশীল দেশগুলোকেই এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথ খোলা রাখার দায়িত্ব নিতে হবে। তিনি বলেন, আমেরিকা আর এই বিষয়ে দায়িত্ব নেবে না, অন্য দেশগুলোকে এগিয়ে আসতে হবে।

Published on: Apr 2, 2026, 08:08:12 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

ইরান যুদ্ধের মাঝে হরমুজ প্রণালী নিয়ে বড় মন্তব্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। আজ মার্কিনিদের উদ্দেশ্যে ভাষণ দিয়ে ট্রাম্প দাবি করেন, ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযান 'অত্যন্ত সফল'। একই সঙ্গে যুদ্ধ ও হরমুজ প্রণালীর কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে চলমান তেল সংকট নিয়েও কথা বলেন তিনি। ট্রাম্প পরিষ্কার করে বলেন যে আমেরিকাকে আর বিদেশি তেলের উপর নির্ভর করতে হবে না এবং অন্যান্য দেশগুলির উচিত তাদের নিজস্ব জ্বালানি চাহিদার জন্য পদক্ষেপ নেওয়া।

ইরান যুদ্ধের মাঝে হরমুজ প্রণালী নিয়ে বড় মন্তব্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। (REUTERS)
ইরান যুদ্ধের মাঝে হরমুজ প্রণালী নিয়ে বড় মন্তব্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। (REUTERS)

হরমুজ প্রণালীর কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, মধ্যপ্রাচ্যের তেলের ওপর নির্ভরশীল দেশগুলোকেই এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথ খোলা রাখার দায়িত্ব নিতে হবে। তিনি বলেন, আমেরিকা আর এই বিষয়ে দায়িত্ব নেবে না, অন্য দেশগুলোকে এগিয়ে আসতে হবে। প্রকৃতপক্ষে, ইরান এই জলপথ দিয়ে যাওয়া জাহাজগুলিতে হামলা চালানোর হুমকি দিচ্ছে। এর জেরে এই প্রণালী দিয়ে জ্বালানি সরবরাহ প্রায় থমকে গিয়েছে। এর জেরে বিশ্ব তেলের বাজারে ব্যাপক অস্থিরতা তৈরি হয়েছে। এই আবহে নিজের ভাষণে ট্রাম্প সেই সব মিত্র দেশগুলিকেও তোপ দেগেছে যারা ইরান যুদ্ধে আমেরিকাকে সহায়তা করেনি। তিনি বলেন, এই ধরনের দেশগুলোকে সাহসী হতে হবে এবং হরমুজ প্রণালী থেকে নিজেদেরই তেল সংগ্রহ করতে হবে। একই সঙ্গে এসব দেশ আমেরিকান তেলও কিনতে পারে বলে 'পরামর্শ' দেন তিনি।

হরমুজ প্রণালী আদতে কী? পারস্য উপসাগর এবং ওমান উপসাগরকে যুক্ত করেছে হরমুজ প্রণালী। তার ফলে ইরান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহির মতো পারস্য উপসাগর লাগোয়া বিশ্বের অন্যতম তৈল উৎপাদনকারী দেশগুলি তেল সরবরাহের জন্য হরমুজ প্রণালীর উপরে নির্ভর করে। হরমুজ প্রণালী খুব চওড়া নয়। সংকীর্ণতম বিন্দুতে মাত্র ৩৩ কিমি চওড়া। ফলে সেই প্রণালী আটকে রাখা সহজ। প্রসঙ্গত, ২৮ ফেব্রুয়ারি থেকে পশ্চিম এশিয়ায় সংঘাত শুরু হওয়ার পর থেকে প্রাথমিক ভাবে ১০ মার্চ পর্যন্ত ৯টি ট্যাঙ্কারে হামলা চালিয়েছিল ইরান। এই ৯টি জাহাজেই ভারতীয় ক্রু ছিলেন বলে জানা গিয়েছে। এরপর ১১ মার্চ কার্গো জাহাজে হামলার সংখ্যা বাড়িয়ে দেয় ইরান। গভীর রাতে অন্তত ৫-৬টি জাহাজে হামলা চালায় তারা। এখন শুধুমাত্র ভারত, রাশিয়া, চিন, ইরাক এবং পাকিস্তানের জাহাজকেই হরমুজ প্রণালী পাড়ি দিতে দিচ্ছে ইরান।

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More