Trump's 15 Point Plan to end Iran War: ইরান যুদ্ধ থামাতে ১৫ দফা প্রস্তাব মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের, কী কী আছে তাতে?
ট্রাম্প প্রশাসন চুক্তির জন্য ইরানকে ১৫ দফা যুদ্ধবিরতি পরিকল্পনার প্রস্তাব দিয়েছে। তাতে এক মাসের দীর্ঘ যুদ্ধবিরতির কথা উল্লেখ করা আছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা বলেন, পাকিস্তানের মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুদ্ধবিরতি পরিকল্পনা ইরানের কাছে হস্তান্তর করা হয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি শুরু হয়েছিল ইরান যুদ্ধ। এখনও সেই সংঘাত জারি আছে। তবে এবার যুদ্ধ থামানোর জন্য পরিকল্পনা পেশ করলেন ডোনাল্ড ট্রাম্প। এর আগে ইরান যুদ্ধে আমেরিকা জয়ী হয়েছে বলে দাবি করেছিলেন ট্রাম্প। এবার তিনি ইঙ্গিত দিচ্ছেন যে, ইরানের সঙ্গে আমেরিকার আলোচনা চলছে। প্রতিবেদন অনুসারে, ট্রাম্প প্রশাসন চুক্তির জন্য ইরানকে ১৫ দফা যুদ্ধবিরতি পরিকল্পনার প্রস্তাব দিয়েছে। তাতে এক মাসের দীর্ঘ যুদ্ধবিরতির কথা উল্লেখ করা আছে। এই বিষয়ে অবগত এক কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, পাকিস্তানের মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুদ্ধবিরতি পরিকল্পনা ইরানের কাছে হস্তান্তর করা হয়েছে।

এর আগে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনায় মধ্যস্থতার প্রস্তাব দিয়েছিল পাকিস্তান। এরপরই ট্রাম্প সবুজ সংকেত দিয়ে বলেছেন, তিনি ইরানি নেতৃত্বের 'ভালো মানুষদের' সঙ্গে আলোচনা করছেন। নিউইয়র্ক টাইমস মঙ্গলবার একটি প্রতিবেদনে বলেছে যে ১৫ দফা পরিকল্পনাটি ইরানি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাম্পের সেই পরিকল্পনায় কী আছে? যদিও সম্পূর্ণ নথিটি এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি, তবে বেশ কয়েকটি প্রতিবেদনে দাবি করা হয়েছে যে এই ১৫ দফা পরিকল্পনার কাঠামো তিনটি প্রধান দাবির উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এতে ইরানের পরমাণু কর্মসূচি পুরোপুরি বন্ধ করার বার্তা দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সম্পূর্ণ ভাবে বন্ধ করা, নাতাঞ্জ, ফোর্ডো এবং ইসফাহানের মতো গুরুত্বপূর্ণ পরমাণু কেন্দ্রগুলি বন্ধ করা এবং আন্তর্জাতিক পরিদর্শনের অনুমতি দেওয়া।
এরই সঙ্গে হামাস, হিজবুল্লা বা হুথির মাধ্যমে 'ছায়াযুদ্ধ' ত্যাগ করতে বলা হয়েছে ইরানকে। এই সব গোষ্ঠীদের অর্থায়ন বা সাহায্য বন্ধ করতে বার্তা দেওয়া হয়েছে তেহরানকে। এরই সঙ্গে ইরানকে তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সংখ্যা সীমিত করতে বলা হয়েছে। এছাড়া হরমুজ প্রণালী খোলা রাখা এবং যুদ্ধবিরতির সময়সীমা নির্ধারণের কথাও বলা হয়েছে এই পরিকল্পনায়। এসবের বিনিময়ে নিষেধাজ্ঞা থেকে ইরানকে ছাড় দেওয়া হতে পারে বলে দাবি করা হয়েছে।
ABOUT THE AUTHORAbhijit Chowdhury২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More
E-Paper


