EC’s Special Drive: ভোটার তালিকা থেকে বাদ নাম! ২০ রাজ্যে বিশেষ অভিযান শুরু নির্বাচন কমিশনের
EC’s Special Drive: নিয়মিত হালনাগাদকরণের প্রক্রিয়ার অংশ হিসেবে এই বিশেষ উদ্যোগ কার্যকর করা হচ্ছে। পশ্চিমবঙ্গ ও বিহার-সহ সংশ্লিষ্ট অঞ্চলগুলির সিইও, ইআরও এবং এইআরও-দের এই মর্মে স্পষ্ট নির্দেশ পাঠানো হয়েছে।
EC’s Special Drive: দেশজুড়ে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ার কাজ সম্পন্ন হওয়ার পর এবার বাদ পড়ে যাওয়া যোগ্য নাগরিকদের পুনরায় তালিকাভুক্ত করতে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন (EC)। পশ্চিমবঙ্গ ও বিহার-সহ দেশের মোট ২০টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে যেখানে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বা এসআইআর (SIR)-এর কাজ শেষ হয়েছে, সেখানে এবার বিশেষ ড্রাইভ বা অভিযান চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। খসড়া ভোটার তালিকা থেকে প্রায় ১৩ কোটি নাম বাদ পড়ার পর এই নতুন নির্দেশিকা সামনে এল। অবশ্য প্রশাসনের স্পষ্ট বক্তব্য, তালিকা থেকে এই বিপুল পরিমাণ নাম ছাঁটাই হওয়ার অর্থ এই নয় যে তাদের সকলেই বৈধ ভোটার ছিলেন।
নিয়মিত হালনাগাদকরণের প্রক্রিয়ার অংশ হিসেবে এই বিশেষ উদ্যোগ কার্যকর করা হচ্ছে। পশ্চিমবঙ্গ ও বিহার-সহ সংশ্লিষ্ট অঞ্চলগুলির সিইও, ইআরও এবং এইআরও-দের এই মর্মে স্পষ্ট নির্দেশ পাঠানো হয়েছে। ২৬ সেপ্টেম্বর প্রকাশিত নির্দেশিকায় বলা হয়েছে যে এসআইআর চলাকালীন বা তারপরেও যাঁদের নাম তালিকা থেকে বাদ পড়ে গিয়েছে, কিংবা যেসব তরুণ ও প্রথমবার ভোটার হিসেবে যোগ্য হয়েছেন, তাঁরা সবাই 'ফর্ম ৬' জমা দিয়ে নাম অন্তর্ভুক্তির আবেদন জানাতে পারবেন। রাজ্যের প্রধান নির্বাচনী আধিকারিকরা এই পুরো প্রক্রিয়াটি স্বচ্ছ্ব ও সহজ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশিত হয়েছেন।
এই বিশেষ অভিযানের মাধ্যমে বাড়ি বাড়ি গিয়ে তদারকি চালাবেন বুথ লেভেল অফিসাররা। কমিশনের নির্দেশ অনুযায়ী, সংশ্লিষ্ট আধিকারিকরা প্রতি সপ্তাহে অন্তত কুড়ি থেকে পঁচিশজন ভোটারের বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখবেন এবং যাঁদের নাম বাদ পড়েছে বা যাঁরা নতুন ভোটার, তাঁদের 'ফর্ম ৬' (Form 6) পূরণে সাহায্য করবেন। প্রায় এক মাসের মধ্যে এই মাঠপর্যায়ের কাজ সম্পূর্ণ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। ভোটারদের বর্তমান স্থিতি কী এবং কাদের জন্য ফর্ম পূরণ করা হয়েছে, তার বিশদ তালিকা তৈরি করবেন বিএলওরা। এদিকে, এসআইআর-এর বিভিন্ন পর্যায়ে বিপুল সংখ্যক নাম খসড়া ভোটার তালিকা থেকে বাদ পড়া নিয়ে ইতিমধ্যেই বিতর্ক তৈরি হয়েছে। বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের খসড়া তালিকা থেকে বাদ পড়া প্রায় ১৩ কোটি নামের সংখ্যা সামনে এসেছে। তবে নির্বাচন কমিশন স্পষ্ট করেছে, এই সংখ্যা খসড়া তালিকা থেকে বাদ পড়া নামের হিসাব এবং তাঁদের প্রত্যেককে ভুলভাবে বাদ দেওয়া হয়েছে—এমনটা বলা যায় না। গোয়ার ঘটনা সামনে রেখে বাদ পড়া ভোটারদের ফের তালিকায় অন্তর্ভুক্ত করার প্রক্রিয়াতেও জোর দেওয়া হচ্ছে। কমিশনের তরফে জানানো হয়েছে, সেখানে বুথ লেভেল অফিসারদের (BLO) বাড়ি বাড়ি গিয়ে বাদ পড়া ভোটারদের সঙ্গে যোগাযোগ করে 'ফর্ম ৬' সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে গোয়ার মতো রাজ্যে তালিকা সংশোধনের পরের পরিস্থিতি নিয়ে নানা জটিলতা ও বিতর্ক তৈরি হয়েছিল। সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসএর প্রতিবেদন অনুযায়ী, গোয়ার ক্ষেত্রে ৯৭ জন ভোটারের নাম অন্তর্ভুক্তির জন্য যোগ্য বলে চিহ্নিত হয়েছিল। এসআইআর-এর সময় তাঁদের নাম চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েছিল। স্থানীয় ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসাররা তাঁদের যোগ্য বলে বিবেচনা করেছিলেন এবং প্রয়োজনীয় নথিও জমা দেওয়া হয়েছিল। কিন্তু ইসিআইনেট (ECINet)-এ নাম ফের যুক্ত করার ব্যবস্থা না থাকায় শেষ পর্যন্ত তাঁদের নাম চূড়ান্ত তালিকায় ঢোকানো যায়নি বলে রিপোর্টে দাবি করা হয়েছে। গোয়ার মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর সাত দিনের মধ্যে আটবার নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছিল বলে জানা গিয়েছে। চিঠির কপি আইটি বিভাগের ডিরেক্টর জেনারেল সীমা খান্নাকেও পাঠানো হয়েছিল। তবে জবাব না পাওয়ায় শেষ পর্যন্ত ওই ৯৭ জনের নাম ছাড়াই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়। এই ঘটনা এসআইআর-এর পর যোগ্য ভোটারদের নাম পুনরায় অন্তর্ভুক্ত করার প্রক্রিয়ায় প্রশাসনিক উদ্যোগের গুরুত্ব সামনে এনেছে। সাম্প্রতিক নির্দেশিকার মাধ্যমে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে তালিকা সংশোধনে কোনো যোগ্য নাগরিক যাতে বাদ না পড়েন, তা নিশ্চিত করতেই এই মাঠভিত্তিক বিশেষ অভিযান চালানো হচ্ছে।
E-Paper

