Abdul El-Sayed Makes History:'জেডি, হাবিবি...,' US-র ইতিহাসে প্রথম মুসলিম সেনেটর হলেন কর্ণাটকের জামাই! ওয়েইসি বললেন…
Abdul El-Sayed Makes History: মিশিগানের ভোটাররাই এল-সায়েদের হয়ে জবাব দিয়েছেন ভোট বাক্সে। বিপুল সমর্থন পেয়েছেন তিনি। ডেমোক্র্যাটিক পার্টির প্রাথমিক নির্বাচনেও প্রতিষ্ঠিত নেতাদের পিছনে ফেলে মনোনয়ন জিতেছিলেন।
Abdul El-Sayed Makes History: ডেমোক্র্যাট আবদুল এল-সায়েদ (Abdul El-Sayed) বুধবার মিশিগানের খালি হয়ে যাওয়া মার্কিন সেনেট আসনের গুরুত্বপূর্ণ নির্বাচনী লড়াইয়ে রিপাবলিকান মাইক রজার্সকে পরাজিত করেছেন। এর ফলে মার্কিন যুক্তরাষ্ট্র পেতে চলেছে তাদের প্রথম মুসলিম সেনেটর। এই নির্বাচনের ফলাফল কংগ্রেসের উচ্চকক্ষে ক্ষমতার ভারসাম্যের উপর প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে।

প্রচারে ধর্মীয় পরিচয় নিয়ে আক্রমণের মুখেও পড়তে হয়েছিল এল-সায়েদকে। ডোনাল্ড ট্রাম্প-সহ রিপাবলিকান শিবিরের একাংশ তাঁর মুসলিম পরিচয়কে নিশানা করে একাধিকবার আক্রমণ করেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিক বার তাঁকে ‘জিহাদি’ বলে কটাক্ষ করেন। শুধু তাই ইসলাম বিরোধী ভাবাবেগকে উস্কে দিতে অত্যন্ত তাচ্ছিল্যের সঙ্গে তাঁকে মহম্মদ বলে উল্লেখ করতেন তিনি। তবে শেষ পর্যন্ত মিশিগানের ভোটাররাই এল-সায়েদের হয়ে জবাব দিয়েছেন ভোট বাক্সে। বিপুল সমর্থন পেয়েছেন তিনি। ডেমোক্র্যাটিক পার্টির প্রাথমিক নির্বাচনেও প্রতিষ্ঠিত নেতাদের পিছনে ফেলে মনোনয়ন জিতেছিলেন। জয়ের পর সেই আক্রমণের মারকাটারি জবাবও দিয়েছেন এল-সায়েদ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে উদ্দেশ করে তিনি বলেন, ‘জেডি, হাবিবি, বিষয়টি বেশ মজার— জানুয়ারিতে সংবিধান অনুযায়ী আপনাকেই শপথবাক্য পাঠ করাতে হবে আমাকে।’
কটাক্ষের সুরে তিনি আরও বলেন, ‘ডোনাল্ড, জানি আমার নাম উচ্চারণ করতে আপনার অসুবিধা হয়। তাই জেডি যখন আমাকে শপথবাক্য পাঠ করাবেন, তখন আপনি আমাকে সেনেটর বলে ডাকতে পারেন।’ সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, মিশিগানের মানুষ তাঁকে যে উদারতা, মুক্তচিন্তা, দৃঢ়তা ও আন্তরিকতা দেখিয়েছেন, সেনেটে দায়িত্ব পালনের সময় তিনিও সেই গুণাবলি নিয়ে তাদের সেবা করতে চান। নিজের প্রতিদ্বন্দ্বী মাইক রজার্সকে উদ্দেশ করে এল-সায়েদ বলেন, ‘তাদের জানিয়ে দিও, খারাপ লোকেরা হেরেছে। আমরা সবাই মিলে আরও বড় কিছুর জন্য লড়াই করে জিতেছি। আমরা জিতেছি! মাইক, এবার অবসর উপভোগ করো।’
কর্ণাটকের সঙ্গে গভীর যোগ
এল-সায়েদের স্ত্রী সারা জুকাকুর পরিবার কর্ণাটকের ভাটকল এলাকার বাসিন্দা। সারাহ নিজেও পেশায় মনোরোগ চিকিৎসক। ইউনিভার্সিটি অফ মিশিগানে পড়ার সময় তাঁদের পরিচয়। তাঁদের দুই মেয়ে রয়েছে। এক সাক্ষাৎকারে এল-সায়েদ মজা করে বলেছিলেন, ‘আমি হয়তো আরবের চেয়ে বেশি ভারতীয় হয়ে গিয়েছি।’ চিকিৎসা শাস্ত্রের জ্ঞান, জনস্বাস্থ্য প্রশাসনে কাজ করা অভিজ্ঞতা এবং সাধারণ মানুষের স্বাস্থ্য পরিষেবার দাবিকে সামনে রেখেই সেনেটের লড়াইয়ে নেমেছিলেন এল-সায়েদ। তাঁর জয় মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ইতিহাসে মুসলিম জনপ্রতিনিধিদের জন্য এক ইতিহাসের এক নতুন অধ্যায় রচনা করল।
কী বললেন আসাদউদ্দিন ওয়াইসি?
মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগানে সেনেট নির্বাচনে প্রথম মুসলিম হিসেবে জয়ী হয়েছেন আবদুল এল-সায়েদ। তাঁর এই ঐতিহাসিক জয়কে সামনে এনে উত্তরপ্রদেশের মুসলিমদের নিজেদের রাজনৈতিক পরিচয় আরও শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিনের (এআইএমআইএম) প্রধান আসাদউদ্দিন ওয়াইসি। মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উচ্চকক্ষ সেনেটে প্রথম মুসলিম সদস্য নির্বাচিত হওয়া এল-সায়েদের জয়কে স্বাগত জানিয়ে ওয়াইসি বলেছেন, এই ফলাফলে ভারতের মুসলিমদের জন্যও একটি বার্তা রয়েছে। বিশেষ করে উত্তরপ্রদেশের মুসলিমদের জন্য, যাঁদের রাজনৈতিক পরিচয় নিয়ে প্রায়ই বিদ্রূপ করা হয়। এক্সে হ্যান্ডেলে এক পোস্টে ওয়াইসি বলেন, ‘মিশিগানে একজন আবদুল জিতেছেন। এবার উত্তরপ্রদেশের আবদুলকে নিজের রাজনৈতিক পরিচয় শক্তিশালী করতে হবে।’
E-Paper

