EPFO Pension Updates: EPFO-র পেনশন কি ১ হাজার থেকে বেড়ে ৩ হাজার টাকা হচ্ছে? ১৯ নভেম্বর দিল্লিতে গুরুত্বপূর্ণ বৈঠক
EPFO-র সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টিজের (CBT) ২৪০তম বৈঠক আগামী ১৯ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা। প্রথমে গুজরাটের গিরে এই বৈঠক হওয়ার কথা থাকলেও পরে স্থান পরিবর্তন করে নয়াদিল্লি করা হয়েছে।
অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য বড় সুখবর আসতে পারে। দীর্ঘদিনের দাবি মেনে Employees' Provident Fund Organisation (EPFO)-এর অধীনে ন্যূনতম মাসিক পেনশন বাড়ানোর পথে হাঁটতে পারে কেন্দ্রীয় সরকার। বর্তমানে কর্মচারী পেনশন স্কিম (EPS-95)-এর আওতায় ন্যূনতম মাসিক পেনশনের পরিমাণ মাত্র ১,০০০ টাকা। এবার সেই পেনশন বাড়িয়ে ৩,০০০ টাকা করার প্রস্তাব বিবেচনা করা হচ্ছে বলে খবর। আগামী ১৯ নভেম্বর EPFO-র গুরুত্বপূর্ণ বৈঠকে এই বিষয়ে আলোচনা হতে পারে। ফলে দেশের প্রায় ৬০ লক্ষ পেনশনভোগীর নজর এখন ওই বৈঠকের দিকে।

EPFO-র সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টিজের (CBT) ২৪০তম বৈঠক আগামী ১৯ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা। প্রথমে গুজরাটের গিরে এই বৈঠক হওয়ার কথা থাকলেও পরে স্থান পরিবর্তন করে নয়াদিল্লি করা হয়েছে। EPFO-র ৪ নভেম্বরের চিঠি অনুযায়ী, ওই দিন সকাল ১০টা ১৫ মিনিটে পূর্ব কিদওয়াই নগরে EPFO-র সদর দপ্তরে বৈঠক শুরু হওয়ার কথা। এই বৈঠকেই ন্যূনতম পেনশন বৃদ্ধির বিষয়টি পৃথক আলোচ্যসূচি হিসেবে উঠতে পারে।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শ্রমমন্ত্রক অর্থমন্ত্রকের সঙ্গে আলোচনা করে ন্যূনতম পেনশন ১,০০০ টাকা থেকে বাড়িয়ে ৩,০০০ টাকা করার বিষয়ে সম্মত হয়েছে। যদিও শ্রমমন্ত্রক বা অর্থমন্ত্রকের তরফে এখনও আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্ত ঘোষণা করা হয়নি। ফলে ৩,০০০ টাকা পেনশন পাওয়ার বিষয়টি এখনই নিশ্চিত বলে ধরে নেওয়া যাবে না। ১৯ নভেম্বরের বৈঠকে কী সিদ্ধান্ত নেওয়া হয়, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
উল্লেখ্য, ২০১৪ সালের ১ সেপ্টেম্বর থেকে EPS-এর অধীনে ন্যূনতম মাসিক পেনশন ১,০০০ টাকা নির্ধারণ করা হয়েছিল। তারপর এক দশকেরও বেশি সময় পেরিয়ে গেলেও এই অঙ্কের কোনও পরিবর্তন হয়নি। অথচ এই সময়ে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম, চিকিৎসার খরচ এবং জীবনযাত্রার ব্যয় অনেকটাই বেড়েছে। ফলে অবসরপ্রাপ্ত কর্মীদের একাংশের দাবি, বর্তমান সময়ে মাত্র ১,০০০ টাকা দিয়ে সংসার চালানো কার্যত অসম্ভব।
দীর্ঘদিন ধরেই পেনশনভোগী সংগঠন এবং বিভিন্ন শ্রমিক সংগঠন ন্যূনতম পেনশন বাড়িয়ে মাসে ৭,৫০০ টাকা করার দাবি জানিয়ে আসছে। এমনকী চলতি বছরের শুরুতে শ্রম সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটিও ন্যূনতম পেনশন ৭,৫০০ টাকা করার সুপারিশ করেছিল। কোনও কোনও সংগঠনের দাবি ছিল, এই অঙ্ক আরও বাড়িয়ে ৯,০০০ টাকা করা হোক।
তবে এক ধাক্কায় পেনশন সাড়ে সাত গুণ বাড়ালে তার আর্থিক দায়ভার বহন করা নিয়ে কেন্দ্রের চিন্তা রয়েছে বলে মনে করা হচ্ছে। সেই কারণেই ১,০০০ টাকা থেকে সরাসরি ৭,৫০০ টাকা না বাড়িয়ে আপাতত ৩,০০০ টাকার মধ্যপন্থা নেওয়ার কথা ভাবা হচ্ছে বলে সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে।
প্রস্তাব কার্যকর হলে বিশেষ করে নিম্ন আয়ের অবসরপ্রাপ্ত কর্মী এবং প্রবীণ পেনশনভোগীরা কিছুটা স্বস্তি পাবেন। চিকিৎসা, ওষুধ এবং দৈনন্দিন খরচ সামলাতে তাঁদের সুবিধা হবে।
তবে এখনই পেনশনভোগীদের অতিরিক্ত টাকা পাওয়ার নিশ্চয়তা নেই। ১৯ নভেম্বরের CBT বৈঠকে প্রস্তাবটি নিয়ে আলোচনা ও সিদ্ধান্তের পরও প্রয়োজনীয় সরকারি অনুমোদন এবং বিজ্ঞপ্তি জারি হওয়া জরুরি। তাই আপাতত ন্যূনতম EPS পেনশন ১,০০০ টাকাই রয়েছে। কেন্দ্র শেষ পর্যন্ত ৩,০০০ টাকার প্রস্তাবে সিলমোহর দেয় কি না, এখন সেটাই দেখার।
ABOUT THE AUTHORAbhijit Chowdhury২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More
E-Paper


