26/11 Mumbai Attack: করাচি থেকে মুম্বই হামলার ছক! ১৮ বছর পরেও অধরা মূল ষড়যন্ত্রকারীরা, পাকিস্তানের ভূমিকায় প্রশ্ন

26/11 Mumbai Attack: ২৬/১১ হামলার বৃহত্তর ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত একাধিক ব্যক্তির মৃত্যু হয়েছে। লস্করের প্রাক্তন ডেপুটি প্রধান এবং হাফিজ সইদের শ্যালক আবদুল রহমান মাক্কির ২০২৪ সালের ডিসেম্বর মাসে লাহোরে মৃত্যু হয়।

Published on: Nov 26, 2026, 13:23:12 IST
As Prefered on
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

26/11 Mumbai Attack: শহরটা থমকে গিয়েছিল কয়েক মুহূর্তের জন্য, বলা ভাল অনেকের কাছে কয়েকদিন এমনকি কয়েকমাসের জন্যও সবকিছু স্বাভাবিক ছিল না। গলার কাছে সবসময় আটকে থাকত কিছু। আতঙ্ক, গুলির শব্দ, আগুন, ধোঁয়া আর অনিশ্চয়তার মধ্যে এক রাত থেকে পরের রাত, তারপর আরও একটি দিন। ২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বইয়ে যে সন্ত্রাসবাদী হামলা শুরু হয়েছিল, তা শুধু দেশের বাণিজ্যিক রাজধানীর নিরাপত্তাব্যবস্থাকে নাড়িয়ে দেয়নি, বদলে দিয়েছিল ভারতের সন্ত্রাস মোকাবিলার ভাবনাও। মুম্বইয়ে ভয়াবহ জঙ্গি হামলার ১৮ বছর পেরিয়ে গেলেও মূল ষড়যন্ত্রকারীদের বিচারের আওতায় আনা নিয়ে প্রশ্ন থেকে গিয়েছে।

করাচি থেকে মুম্বই হামলার ছক! ১৮ বছর পরেও অধরা মূল ষড়যন্ত্রকারীরা, পাকিস্তানের ভূমিকায় প্রশ্ন PTI Photo
করাচি থেকে মুম্বই হামলার ছক! ১৮ বছর পরেও অধরা মূল ষড়যন্ত্রকারীরা, পাকিস্তানের ভূমিকায় প্রশ্ন PTI Photo

এই আবহে লস্কর-ই-তৈবার (LeT) প্রতিষ্ঠাতা হাফিজ সইদের ছেলে তালহা সইদকে পাকিস্তানের লাহোরে মূলধারার রাজনৈতিক নেতাদের সঙ্গে দেখা গিয়েছে বলে রিপোর্ট প্রকাশ্যে এসেছে। এই ঘটনাকে ঘিরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে ভারতের নিরাপত্তা মহলে। পাকিস্তানের মাটিতে সক্রিয় জঙ্গি সংগঠনগুলির বিরুদ্ধে ইসলামাবাদ আদৌ কার্যকর পদক্ষেপ করছে কিনা, তা নিয়েও ফের প্রশ্ন উঠতে শুরু করেছে। ২৬/১১ মুম্বই হামলার ১৮ বছর পেরিয়ে গেলেও লস্কর প্রধান হাফিজ সইদ এবং জঙ্গি সংগঠনটির অপারেশন চিফ জাকিউর রহমান লাকভি-সহ এই হামলার ছয় মূল ষড়যন্ত্রকারী এখনও পাকিস্তানে অবাধে ঘুরে বেড়াচ্ছে এবং কোনও তদন্তের মুখোমুখি না হয়েই নিজেদের সন্ত্রাসবাদী নেটওয়ার্ক চালিয়ে যাচ্ছে।

২৬/১১ ষড়যন্ত্রকারীদের মধ্যে কে মৃত, কে তদন্তের মুখোমুখি?

২৬/১১ হামলার বৃহত্তর ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত একাধিক ব্যক্তির মৃত্যু হয়েছে। লস্করের প্রাক্তন ডেপুটি প্রধান এবং হাফিজ সইদের শ্যালক আবদুল রহমান মাক্কির ২০২৪ সালের ডিসেম্বর মাসে লাহোরে মৃত্যু হয়। অন্যদিকে, পাকিস্তানভিত্তিক হরকত-উল-জিহাদ-আল-ইসলামির সঙ্গে যুক্ত আল-কায়দা নেতা ইলিয়াস কাশ্মীরি ২০১১ সালের জুন মাসে মার্কিন ড্রোন হামলায় নিহত হয় বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে। ভারতীয় তদন্তকারীরা ১০ জন অভিযুক্তের মধ্যে এখনও পর্যন্ত মাত্র দু’জনকে সরাসরি জিজ্ঞাসাবাদের সুযোগ পেয়েছেন ডেভিড কোলম্যান হেডলি এবং তাহাউর রানা। মার্কিন নাগরিক হেডলিকে ২০১১ সালে জাতীয় তদন্তকারী সংস্থা (NIA) জিজ্ঞাসাবাদ করেছিল। তবে মার্কিন যুক্তরাষ্ট্র তাকে ভারতের হাতে তুলে দেয়নি। অন্যদিকে, পাকিস্তানি বংশোদ্ভূত কানাডার নাগরিক এবং হেডলির শৈশবের বন্ধু তাহাউর রানাকে ২০২৫ সালের এপ্রিল মাসে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ভারতে প্রত্যর্পণ করা হয়। বর্তমানে রানা দিল্লির তিহাড় জেলে বন্দি। তাকে জিজ্ঞাসাবাদের পর ২০২৫ সালের জুলাই মাসে এনআইএ একটি চার্জশিট জমা দেয়।

তাহাউর রানাকে নিয়ে এনআইএ-র নথিতে কী তথ্য?

এনআইএ-র আদালতে জমা দেওয়া নথি অনুযায়ী, ২০০৬ সাল থেকেই ২৬/১১ হামলার ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত ছিল তাহাউর রানা। ২০০৮ সালের ১৩ থেকে ২১ নভেম্বরের মধ্যে সে ভারতে এসেছিল বলেও তদন্তে উল্লেখ করা হয়েছে। তদন্তকারীদের নথিতে হামলার আগে ও পরের দিনগুলিতে রানার যাতায়াতের বিবরণও রয়েছে। অভিযোগ, হামলার কিছু আগে দুবাইয়ে গিয়ে রানা পাশা নামে এক ব্যক্তির সঙ্গে দেখা করে। এরপর চিনে যায়। ২০০৮ সালের ২৬ নভেম্বর, অর্থাৎ মুম্বইয়ে হামলার প্রথম দিনেই সে চিন থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা দেয় বলে এনআইএ-র নথিতে উল্লেখ রয়েছে।

পাকিস্তানে এখনও অধরা একাধিক অভিযুক্ত

ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলির মতে, সইদ, লাকভি এবং পাকিস্তানের মাটিতে থাকা আরও চার মূল অভিযুক্ত—হামলার তদারকিকারী লস্করের শীর্ষ কমান্ডার সাজিদ মাজিদ ওরফে সাজিদ মীর, পাকিস্তানি সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর আব্দুল রহনাম হাসিম সৈয়দ ওরফে পাশা এবং আইএসআই (ISI) আধিকারিক মেজর ইকবাল ও মেজর সমীর আলি—কেবল ২৬/১১ জঙ্গি হামলার শাস্তি থেকেই রেহাই পায়নি, বরং তারা পাকিস্তানের কাছ থেকেও সুরক্ষা পেয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের চাপে ২০২০ সালে পাকিস্তানে সইদকে ৭৮ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। অন্যদিকে, মীরকে গ্রেফতার করে আট বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল বলে শোনা গেলেও, বর্তমানে তার অবস্থান সম্পর্কে খুব কম তথ্যই জানা যায়। ২০২১ সালে সন্ত্রাসে অর্থ জোগানোর মামলায় লাকভিকে ১৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। ভারতীয় সংস্থাগুলি জানিয়েছে, সেও অবাধে তার কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। আর দুই আইএসআই আধিকারিক এবং এক সেনা আধিকারিকের বিরুদ্ধে এখনও পর্যন্ত কোনও ব্যবস্থাই নেওয়া হয়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক এক আধিকারিক বলেন, '২৬/১১ হামলার সময় ১০ জন ষড়যন্ত্রকারীর মধ্যে ৭ জনই পাকিস্তানে ছিল—পরিকল্পনার পর্যায় থেকে শুরু করে কন্ট্রোল রুম পরিচালনা পর্যন্ত। তাদের বিরুদ্ধে তথ্য ও প্রমাণ চেয়ে আমরা পাকিস্তান সরকারের কাছে 'লেটারস রোগেটরি' (Letters rogatory - বিচারবিভাগীয় অনুরোধ) পাঠিয়েছিলাম, কিন্তু আজ পর্যন্ত কোনও সহযোগিতা মেলেনি।' এছাড়াও সইদকে প্রত্যর্পণের জন্য ভারত পাকিস্তানের কাছে অনুরোধ পাঠিয়েছিল, যা এখনও ঝুলে রয়েছে।

এছাড়াও ২৬/১১ হামলার প্রস্তুতি ও পরিকল্পনায় যুক্ত থাকার অভিযোগ রয়েছে আবু কাহাফা, আবু আলকামা, মুজাম্মিল, আবু আনাস এবং আবু হামজার বিরুদ্ধে। তদন্ত সংক্রান্ত তথ্য অনুযায়ী, ১০ জন হামলাকারীকে প্রশিক্ষণ দেওয়া, অভিযানের বিষয়ে নির্দেশনা এবং ধর্মীয় শিক্ষা দেওয়ার মতো বিভিন্ন দায়িত্বে তাঁরা যুক্ত ছিলেন বলে অভিযোগ। আবু কাহাফাকে লস্কর-ই-তইবার একজন গুরুত্বপূর্ণ প্রশিক্ষক হিসেবে চিহ্নিত করা হয়েছে। তার বিরুদ্ধে হামলাকারীদের অস্ত্র, বিস্ফোরক এবং প্রযুক্তিগত প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ রয়েছে। আবু আলকামাকে সংগঠনের এক শীর্ষ কমান্ডার হিসেবে উল্লেখ করা হয়েছে। ২০০৮ সাল পর্যন্ত কাশ্মীরে সংগঠনের কার্যকলাপ পরিচালনার পাশাপাশি হামলাকারীদের প্রশিক্ষণ ও অভিযানের আগে নির্দেশনা দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। অন্যদিকে, মুজাম্মিলকে লস্কর কমান্ডার জাকি-উর-রহমান লাকভির ঘনিষ্ঠ সহযোগী বলে দাবি করা হয়েছে। আবু আনাসের বিরুদ্ধে রাওয়ালপিন্ডিতে লস্করের একটি গোপন আশ্রয়স্থল পরিচালনার অভিযোগ রয়েছে।

সব মিলিয়ে, ২৬/১১ হামলার ১৮ বছর পরেও এই ঘটনার সঙ্গে যুক্ত অভিযুক্তদের বিচার এবং পাকিস্তানের মাটিতে সক্রিয় জঙ্গি নেটওয়ার্কের বিরুদ্ধে পদক্ষেপ নিয়ে প্রশ্ন রয়ে গিয়েছে। হাফিজ সইদের ছেলে তালহা সইদকে রাজনৈতিক নেতাদের সঙ্গে দেখা যাওয়ার খবর সেই পুরনো বিতর্ককে নতুন করে সামনে এনেছে। ভারতের কাছে ২৬/১১-র বিচার ও জঙ্গি নেটওয়ার্কের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ এখনও গুরুত্বপূর্ণ কূটনৈতিক ও নিরাপত্তা সংক্রান্ত দাবি।