MEA: 'আমাদের অনুরোধ সত্ত্বেও...,' পাক হাইকমিশনে 'tit-for-tat’ নীতির ব্যাখ্যা ভারতের

MEA: দক্ষিণ দিল্লির কূটনৈতিক এলাকা চাণক্যপুরীতে রয়েছে পাকিস্তান হাইকমিশন। বৃহস্পতিবার কর্তৃপক্ষ জেসিবি ব্যবহার করে পাক হাইকমিশনের বাইরের রাস্তায় তৈরি কাঠামো এবং ব্যারিকেড সরিয়ে দেয়।

Published on: Aug 21, 2026, 20:50:10 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

MEA: দক্ষিণ দিল্লির চাণক্যপুরীতে পাকিস্তান হাইকমিশনের বাইরের বেশ কিছুটা অংশজুড়ে কাঠামো তৈরি করা হয়েছিল। বিষয়টি নজরে আসতেই বৃহস্পতিবার সেগুলো ভেঙে ফেলা হয়। শুক্রবার সেই পদক্ষেপের নেপথ্যের কারণ ব্যাখ্যা করল ভারত। নয়াদিল্লির অনুরোধ সত্ত্বেও পাকিস্তান কর্তৃপক্ষের ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনের বাইরে থাকা নিরাপত্তা ব্যারিকেডগুলো সরিয়ে দেওয়ার পদক্ষেপ হিসেবে বিদেশ মন্ত্রক এটিকে 'সমানুপাতিক' প্রতিক্রিয়া হিসেবে বর্ণনা করেছে।

পাক হাইকমিশনে 'tit-for-tat’ নীতির ব্যাখ্যা ভারতের (ANI Video Grab)
পাক হাইকমিশনে 'tit-for-tat’ নীতির ব্যাখ্যা ভারতের (ANI Video Grab)

শুক্রবার এক সংবাদিক সম্মেলনে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, 'পাকিস্তানে অবস্থিত ভারতীয় হাইকমিশনের কিছু কাঠামো আমাদের অনুরোধ সত্ত্বেও সরিয়ে নেওয়া হয়েছিল। এটি ঘটে যাওয়ার পর আমরা সমানুপাতিক পদক্ষেপ হিসেবে এখানে (দিল্লিতে) পাকিস্তানি হাইকমিশনের বাইরের গলি থেকে কিছু অস্থায়ী কাঠামো সরিয়ে দিয়েছি...।'

পাকিস্তানের পদক্ষেপের পর ভারতের পাল্টা অ্যাকশন

দক্ষিণ দিল্লির কূটনৈতিক এলাকা চাণক্যপুরীতে রয়েছে পাকিস্তান হাইকমিশন। বৃহস্পতিবার কর্তৃপক্ষ জেসিবি ব্যবহার করে পাক হাইকমিশনের বাইরের রাস্তায় তৈরি কাঠামো এবং ব্যারিকেড সরিয়ে দেয়। এর মধ্যে ভিসা বিভাগের কাছে থাকা মানুষের লাইন নিয়ন্ত্রণের জন্য তৈরি কাঠামোও ছিল। ঘটনাস্থলের ছবিতে ভাঙা লোহার রেলিং, গেট, ছাদের শিট, ইট ও কংক্রিটের ধ্বংসাবশেষ দেখা যায়। ধ্বংসস্তূপের মধ্যেও ভিসা সেকশনের উইন্ডো ১, পাকস্তানি পাসপোর্ট অনলি এবং উইন্ডো-৫ / কালেকশন অব ভিসা অ্যাপ্লিকেশন লেখা জানালাগুলো দেখা গেছে। তবে পাকিস্তান হাইকমিশনের মূল প্রবেশদ্বার, গম্বুজ এবং পাকিস্তানি প্রতীকসংবলিত বড় ধাতব ফটক অক্ষত রয়েছে। সীমানার কিছু অংশে কাঁটাতারের বেড়াও রয়েছে।

এই পদক্ষেপের কূটনৈতিক তাৎপর্যও রয়েছে। কারণ, এর ঠিক তিন দিন আগে ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনের বাইরে থাকা নিরাপত্তা ব্যারিকেড ও পার্কিং পোল সরিয়ে দিয়েছিল পাকিস্তানি কর্তৃপক্ষ। সেই ঘটনার পর দিল্লিতে পাকিস্তানি হাইকমিশনের বাইরে একই ধরনের কাঠামো সরানোর ঘটনা দুই দেশের মধ্যে ‘tit-for-tat’ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। তবে দিল্লির কর্তৃপক্ষের ব্যাখ্যা হল, পাকিস্তান হাইকমিশনের বাইরের যে কাঠামোগুলি সরানো হয়েছে, সেগুলি অনুমোদিত সীমানার বাইরে ছিল। অর্থাৎ, প্রশাসনিকভাবে এগুলিকে অননুমোদিত কাঠামো হিসেবেই চিহ্নিত করা হয়েছে।