Fake Video on India: মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তি করায় ভারতীয়কে গ্রেফতার পশ্চিম এশিয়ার দেশে?
ভুয়ো ভাইরাল পোস্টে বলা হয়েছিল, বাহরাইন কর্তৃপক্ষ নীতিন মোহন নামে এক ভারতীয় টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারকে গ্রেফতার করেছে। ইজরায়েলের মোসাদ এজেন্সিকে তিনি নাকি স্পর্শকাতর তথ্য দিয়েছিলেন। শুধু তাই নয়, বাহরাইন সরকার বিষয়টি নিশ্চিত করেছে বলে দাবি করা হয়েছিল ওই ভুয়ো পোস্টে।
আমেরিকা-ইজরায়েলের এবং ইরানের মধ্যে চলমান যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যে ক্রমেই বাড়ছে উত্তেজনা। এরই মাঝে ভারত নিয়ে একাধিক ভুয়ো দাবি ছড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়। এমনই এক ভুয়ো পোস্টে দাবি করা হয়, বাহরাইন এক ভারতীয় গুপ্তচরকে গ্রেফতার করেছে। সেই ভারতীয় নাকি ইজরায়েলের মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তি করছিলেন। তবে ভারতের বিদেশ মন্ত্রক এসব অভিযোগ অস্বীকার করেছে। এরই সঙ্গে বাহরাইনে বসবাসরত নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ভারত।
এর আগে ভুয়ো ভাইরাল পোস্টে বলা হয়েছিল, বাহরাইন কর্তৃপক্ষ নীতিন মোহন নামে এক ভারতীয় টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারকে গ্রেফতার করেছে। ইজরায়েলের মোসাদ এজেন্সিকে তিনি নাকি স্পর্শকাতর তথ্য দিয়েছিলেন। শুধু তাই নয়, বাহরাইন সরকার বিষয়টি নিশ্চিত করেছে বলে দাবি করা হয়েছিল ওই ভুয়ো পোস্টে। যদিও বাহরাইন সরকারের পক্ষ থেকে এই ধরনের কোনও বিবৃতি দেওয়া হয়নি।
প্রসঙ্গত, এর মধ্যে ইরান যুদ্ধে ভারতকে নিয়ে একাধিক ভুয়ো ভিডিয়ো ছড়ানো হয়েছে। এআই-এর মাধ্যমে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং সেনা প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর বক্তব্যকে বিকৃত করা হয়েছিল। ভুয়ো পোস্টে দাবি করা হয়, ইরানি রণতরী আইআরআইএস ডেনা নিয়ে ইজরায়েলকে তথ্য দেয় ভারত। সোশ্যাল মিডিয়ায় এই ভুয়ো ভিডিয়ো ছড়িয়েছে পাকিস্তানিরা। সেই ভুয়ো ভিডিয়োতে সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীকে বলতে শোনা যায়, 'ভারতীয় জলসীমায় থাকাকালীন ইরানি রণতরী নিরাপদ ছিল, তবে আন্তর্জাতিক জলসীমায় যাওয়ার পরে ইরানের রণতরী নিয়ে ইজরায়েলকে আমাদের বলতে হত নয়া চুক্তি অনুযায়ী।' তবে পিআইবি সেই ভুয়ো ভিডিয়োর পর্দা ফাঁস করেছে। এআই দিয়ে তৈরি করা সেই ভিডিয়োর আসল সংস্করণে সেনাপ্রধান আদতে বলেছিলেন, ভারত কীভাবে অপারেশন সিঁদুর থেকে শিক্ষা নিয়েছে। পরবর্তী চিনের সরকারি মিডিয়াও ভারতের সেনা প্রধানের ভুয়ো ভিডিয়োর বিষয়টি নিয়ে রিপোর্ট করেছিল।
এদিকে ইরান পরিস্থিতি নিয়ে জয়শঙ্কর সম্প্রতি রাজ্যসভায় বক্তব্য রেখেছিলেন। সেই বক্তব্যকেও বিকৃত করে ভিডিয়ো ভাইরাল করা হয় সোশ্যাল মিডিয়ায়। সেই ভুয়ো ভিডিয়োতে জয়শঙ্করকে বলতে শোনা যায়, 'বর্তমান বিশ্বে সবচেয়ে বেশি অত্য়াচারিত দেশ ইজরায়েল। সব মুসলিম দেশ মিলে ইজরায়েলের ওপর হামলা চালাচ্ছে...' যদিও নিজের বক্তব্যে জয়শঙ্কর বলেছিলেন, আলোচনা এবং কূটনীতির মাধ্যমে সমস্যা সমাধানের পক্ষে আছে ভারত।
ABOUT THE AUTHORAbhijit Chowdhury২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More
E-Paper











