গোল্ডি ব্রারকে ধরতে মরিয়া এফবিআই, আমেরিকার আদালতে বিচার না হওয়া পর্যন্ত থামবে না অভিযান

গোল্ডি ব্রারের আসল নাম সতিন্দরজিৎ সিং। গত সেপ্টেম্বর মাসে তাকে এফবিআইয়ের ১০ জন মোস্ট ওয়ান্টেড অপরাধীর তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। তার সন্ধান দিতে পারলে ১০ লক্ষ মার্কিন ডলার পুরস্কার দেওয়ার কথাও ঘোষণা করে সংস্থাটি।

Published on: Nov 21, 2026, 13:57:51 IST
As Prefered on
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

আমেরিকা-সহ একাধিক দেশে অপরাধের অভিযোগে অভিযুক্ত গ্যাংস্টার গোল্ডি ব্রারকে ধরতে তৎপর মার্কিন তদন্তকারী সংস্থা এফবিআই। তাকে গ্রেপ্তার করে আমেরিকার আদালতে বিচারের মুখোমুখি না করা পর্যন্ত অভিযান থামবে না বলে স্পষ্ট জানিয়ে দিলেন এফবিআইয়ের এক শীর্ষ আধিকারিক। তাঁর বক্তব্য, গোল্ডি ব্রারের বিরুদ্ধে ওঠা অভিযোগ শুধু আমেরিকার নাগরিকদের নয়, বিশ্বের বিভিন্ন দেশের মানুষের নিরাপত্তার সঙ্গেও জড়িত। তাই তাকে আইনের আওতায় আনা জরুরি।

গোল্ডি ব্রারকে ধরতে মরিয়া এফবিআই, আমেরিকার আদালতে বিচার না হওয়া পর্যন্ত থামবে না অভিযান
গোল্ডি ব্রারকে ধরতে মরিয়া এফবিআই, আমেরিকার আদালতে বিচার না হওয়া পর্যন্ত থামবে না অভিযান

গোল্ডি ব্রারের আসল নাম সতিন্দরজিৎ সিং। গত সেপ্টেম্বর মাসে তাকে এফবিআইয়ের ১০ জন মোস্ট ওয়ান্টেড অপরাধীর তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। তার সন্ধান দিতে পারলে ১০ লক্ষ মার্কিন ডলার পুরস্কার দেওয়ার কথাও ঘোষণা করে সংস্থাটি। এ বার এফবিআইয়ের লস অ্যাঞ্জেলেস শাখার সহকারী ডিরেক্টর প্যাট্রিক গ্র্যান্ডি জানিয়েছেন, ব্রারকে গ্রেপ্তার করে আমেরিকার আদালতে বিচার না হওয়া পর্যন্ত তাঁরা সন্তুষ্ট হবেন না।

‘ইনসাইড দ্য এফবিআই’ পডকাস্টে গ্র্যান্ডি বলেন, ব্রারের হিংসাত্মক অপরাধে জড়িত থাকার প্রবণতা এবং তার বিরুদ্ধে ওঠা একাধিক গুরুতর অভিযোগের কারণেই তাকে মোস্ট ওয়ান্টেড তালিকায় রাখা হয়েছে। সাধারণ মানুষের কাছেও তার সন্ধান চেয়েছেন তিনি। গ্র্যান্ডির কথায়, কেউ ব্রার সম্পর্কে কোনও তথ্য জানলে তা গোপনে এফবিআইকে জানাতে পারেন। তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে। সেই তথ্যকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখা হবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি।

এফবিআইয়ের অভিযোগ, গোল্ডি ব্রার কুখ্যাত লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের উত্তর আমেরিকা শাখার অন্যতম প্রধান মাথা। এই আন্তর্জাতিক অপরাধচক্রের বিরুদ্ধে আমেরিকা ও কানাডায় একাধিক হিংসাত্মক ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। খুন, গুলি চালানো, অপহরণ, মারধর, তোলাবাজি এবং মাদক পাচারের মতো অপরাধে ব্রারের যোগ থাকার দাবি করেছে এফবিআই। ভারত, আমেরিকা ও কানাডার একাধিক তোলাবাজি এবং পাচার মামলাতেও তার নাম জড়িয়েছে।

পঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালা খুনের মামলাতেও অন্যতম অভিযুক্ত গোল্ডি ব্রার। ২০২২ সালের মে মাসে পঞ্জাবের মানসা জেলায় গুলি করে খুন করা হয় মুসেওয়ালাকে। সেই ঘটনার পর ব্রারের নাম আন্তর্জাতিক সংবাদমাধ্যমে উঠে আসে। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রক ২০২৪ সালে বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনের (ইউএপিএ) অধীনে তাকে জঙ্গি বলে ঘোষণা করে।

এ দিকে, কানাডাতেও ব্রারের বিরুদ্ধে চাপ বাড়ছে। বৃহস্পতিবার দেশটির ‘বলো’ (বি অন দ্য লুকআউট) কর্মসূচির অধীনে তাকে মোস্ট ওয়ান্টেড পলাতক হিসেবে ঘোষণা করা হয়েছে। তার সন্ধান দিলে ২ লক্ষ ৫০ হাজার কানাডীয় ডলার পুরস্কার দেওয়ার কথা জানানো হয়েছে। ২০২৩ সালে কানাডায় সুখদুল সিং গিল ওরফে সুখা ডুনেকে খুনের ঘটনায় প্রথম ডিগ্রির হত্যা এবং খুনের ষড়যন্ত্রের অভিযোগে তাকে খুঁজছে কানাডার পুলিশ।

খলিস্তানি নেতা হরদীপ সিং নিজ্জর খুনের ঘটনাতেও ব্রারের নাম জড়িয়েছে। ওই হত্যাকাণ্ডের নির্দেশ দিয়েছিল বলে দাবি করা একটি অডিয়ো রেকর্ডিং প্রকাশ্যে এসেছিল। তবে সেই রেকর্ডিংয়ের সত্যতা স্বাধীন ভাবে যাচাই করতে পারেনি ‘হিন্দুস্তান টাইমস’। ফলে অভিযোগের সত্যতা এখনও তদন্তের বিষয়।

সব মিলিয়ে আমেরিকা, কানাডা এবং ভারতের তদন্তকারী সংস্থাগুলির নজরে এখন গোল্ডি ব্রার। আন্তর্জাতিক অপরাধচক্রের সঙ্গে তার সম্ভাব্য যোগাযোগের জাল ভেঙে তাকে গ্রেপ্তার করাই তদন্তকারীদের লক্ষ্য।

ABOUT THE AUTHOR

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।