Kash Patel Engaged: বাগদান সারলেন ট্রাম্প ঘনিষ্ঠ এফবিআই ডিরেক্টর ক্যাশ প্যাটেল, বাগদত্তা কে জানেন?

Kash Patel Engaged: অ্যালেক্সিস উইলকিন্স সঙ্গীতশিল্পী ও রাজনৈতিক ভাষ্যকার হিসেবে মার্কিন মুলুকে পরিচিত। ২০২৩ সালে মুক্তি পায় তাঁর ডেবিউ অ্যালবাম।

Published on: Oct 5, 2026, 23:27:45 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

Kash Patel Engaged: সোশ্যাল মিডিয়ায় আংটি পরিহিত ছবি পোস্ট করে বাগদানের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলেন মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই (FBI)-এর ভারতীয় বংশোদ্ভূত ডিরেক্টর ক্যাশ প্যাটেল এবং তাঁর দীর্ঘদিনের প্রেমিকা, খ্যাতনামা কান্ট্রি সিঙ্গার ও রাজনৈতিক বিশ্লেষক অ্যালেক্সিস উইলকিন্স। সোশ্যাল মিডিয়ায় নিজেদের বাগদানের কথা জানান তাঁরা।

বাগদান সারলেন এফবিআই ডিরেক্টর ক্যাশ প্যাটেল (AP Photo/Alex Brandon)
বাগদান সারলেন এফবিআই ডিরেক্টর ক্যাশ প্যাটেল (AP Photo/Alex Brandon)

রবিবার সন্ধ্যায় 'এক্স' হ্যান্ডেলে ৪৬ বছর বয়সি ক্যাশ প্যাটেলের সঙ্গে একটি সাদাকালো ছবি শেয়ার করেন ২৭ বছর বয়সি অ্যালেক্সিস উইলকিন্স। ছবিতে নিজের এনগেজমেন্ট রিংটি প্রকাশ্যে এনে অ্যালেক্সিস রসিকতা করে ক্যাপশনে লেখেন, 'Went and got the law involved' (আইনকেও এবার যুক্ত করে ফেললাম)। ক্যাশ প্যাটেলও নিজের প্রোফাইল থেকে পোস্টটি রিপোস্ট করে সম্পর্কের নতুন অধ্যায়ের খবর নিশ্চিত করেন। জানা গেছে, ২০২২ সালে ন্যাশভিলে তাঁদের প্রথম দেখা হয় এবং পরবর্তী বছরে তাঁরা প্রেমের সম্পর্কে জড়ান। ২০২৩ সালে নিজের প্রথম ইপি ‘গ্রিট’ প্রকাশ করা উইলকিন্স ২০২৫ সালের ফেব্রুয়ারিতে এফবিআই পরিচালক হিসেবে ক্যাশ প্যাটেলের শপথ গ্রহণ অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন।

কে এই অ্যালেক্সিস উইলকিন্স?

অ্যালেক্সিস উইলকিন্স সঙ্গীতশিল্পী ও রাজনৈতিক ভাষ্যকার হিসেবে মার্কিন মুলুকে পরিচিত। ২০২৩ সালে মুক্তি পায় তাঁর ডেবিউ অ্যালবাম। ট্রেডিশনাল কান্ট্রি মিউজিকের আধুনিক পরিবেশনার জন্য তিনি সুপরিচিত। মার্কিন যুক্তরাষ্ট্রের রক্ষণশীল (Conservative) ভাবধারার সঙ্গে যুক্ত একজন পরিচিত মুখ ও রাজনৈতিক বিশ্লেষক। নিজের ওয়েবসাইটে উইলকিন্স জানিয়েছেন, তিনি কান্ট্রি সঙ্গীতের ঐতিহ্যকে সম্মান করেন এবং এর সঙ্গে সমসাময়িক বিষয় ও নতুন দৃষ্টিভঙ্গি যুক্ত করার চেষ্টা করেন। সাম্প্রতিক সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিমণ্ডলের বিভিন্ন অনুষ্ঠানে তার উপস্থিতিও নজর কেড়েছে।'আমেরিকা ২৫০' উদ্‌যাপনের অংশ হিসেবে ডোনাল্ড ট্রাম্পের 'গ্রেট আমেরিকান স্টেট ফেয়ার'-এ তিনি গান পরিবেশন করেন। অনুষ্ঠানটি নিরপেক্ষ নয়: এই অভিযোগে বেশ কয়েকজন শিল্পী নাম তুলে নিলেও অ্যালেক্সিস সেখানে গান গেয়ে খবরের শিরোনামে আসেন।

প্রেম ও সরকারি বিমানের ব্যবহারের অভিযোগ

২০২৫ সালে ক্যাশ প্যাটেল এফবিআই ডিরেক্টরের দায়িত্ব নেওয়ার আগে থেকেই এই জুটির প্রেম। প্যাটেলের শপথগ্রহণ অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন অ্যালেক্সিস। তবে এই হাই-প্রোফাইল সম্পর্কের সঙ্গে যুক্ত হয়েছে একাধিক বিতর্কও। কোনও সরকারি বা প্রশাসনিক কারণ ছাড়া এফবিআই-এর সরকারি বিমান ব্যবহার করে প্রেমিকাকে ভ্রমণ করানোর অভিযোগ উঠেছে প্যাটেলের বিরুদ্ধে। পেনসিলভেনিয়ার স্টেট কলেজে এক প্রো-রেসলিং ইভেন্টে অ্যালেক্সিস জাতীয় সংগীত পরিবেশন করার সময় এফবিআই জেটে করে সেখানে যান তারা। পরবর্তীতে জর্জ স্ট্রেইট-এর কনসার্টেও সরকারি বিমানে যাওয়ার অভিযোগ ঘিরে বেশ সমালোচনার মুখে পড়েন এই এফবিআই প্রধান।

ক্যাশ প্যাটেল মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ আইন প্রয়োগকারী সংস্থার শীর্ষ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। এফবিআই ডিরেক্টর হিসেবে তার ব্যক্তিগত জীবন ও সরকারি কর্মকাণ্ড তাই প্রায়ই জনসমক্ষে আলোচনার বিষয় হয়ে ওঠে। এবার দীর্ঘদিনের প্রেমিকা অ্যালেক্সিস উইলকিন্সের সঙ্গে বাগদানের খবরও সেই আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে।