INDIA bloc meeting: CJI-কে চিঠি, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি! 'ইন্ডিয়া'র বৈঠকে বিরোধী রাজনীতির ভবিষ্যতের দিকনির্দেশ
INDIA bloc meeting: মঙ্গলবার নয়া দিল্লির কনস্টিটিউশন ক্লাবে হয়েছে বিজেপি-বিরোধী ‘ইন্ডিয়া’ জোটের গুরুত্বপূর্ণ বৈঠক। এদিনের বৈঠকে মোট ২৫টি সহযোগী দল অংশ নিয়েছিল এবং দীর্ঘ আলোচনার পর সর্বসম্মতভাবে ৫টি মূল বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
INDIA bloc meeting: বিজেপি-বিরোধী ‘ইন্ডিয়া’ জোটের ভবিষ্যৎ নিয়ে যখন প্রশ্ন উঠছে, ঠিক তখনই দিল্লিতে গুরুত্বপূর্ণ বৈঠকে এক মঞ্চে দেখা গেল বিরোধী শিবিরের শীর্ষ নেতাদের। একদিকে ডিএমকের বয়কট, সিপিএমের প্রকাশ্য অসন্তোষ এবং একাধিক শরিক দলের ক্ষোভ-অন্যদিকে বৈঠকে কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধীর পাশে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি নতুন রাজনৈতিক বার্তা দিচ্ছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

মঙ্গলবার নয়া দিল্লির কনস্টিটিউশন ক্লাবে হয়েছে বিজেপি-বিরোধী ‘ইন্ডিয়া’ জোটের গুরুত্বপূর্ণ বৈঠক। এদিনের বৈঠকে মোট ২৫টি সহযোগী দল অংশ নিয়েছিল এবং দীর্ঘ আলোচনার পর সর্বসম্মতভাবে ৫টি মূল বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। বৈঠকে যোগ দেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, রাহুল গান্ধী, সনিয়া গান্ধী, মল্লিকার্জুন খাড়গে, ওমর আবদুল্লা, তেজস্বী যাদব এবং অখিলেশ যাদব-সহ একাধিক শীর্ষ নেতা। তবে এই বৈঠকের আগেই ডিএমকে অংশ না নেওয়ার সিদ্ধান্ত জানায়। আপও বৈঠকে অনুপস্থিত ছিল। অন্যদিকে, আসন সমঝোতা নিয়ে কংগ্রেসের প্রতি অসন্তোষ প্রকাশ করেছে ঝাড়খণ্ড মুক্তি মোর্চাও। এমন পরিস্থিতিতে সামনে আসা একটি ছবি বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। সেখানে দেখা গিয়েছে, সনিয়া গান্ধীর একেবারে পাশে বসে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অন্য পাশে রয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। বিশেষ করে, বৈঠকের মাঝেই তাঁদের মধ্যে আলোচনা রাজনৈতিক মহলে বিশেষ তাৎপর্য তৈরি করেছে।
৫টি বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত
এদিন বৈঠক শেষে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেন, 'ইন্ডিয়া জোটের বৈঠক অত্যন্ত সফল হয়েছে। ২৫টি দলের শীর্ষ নেতৃবৃন্দ এখানে উপস্থিত ছিলেন এবং প্রত্যেকেই তাঁদের মূল্যবান মতামত জানিয়েছেন। দীর্ঘ আলোচনার পর আমরা পাঁচটি পয়েন্টে একমত হয়েছি। আমরা আজ প্রতিজ্ঞা করেছি যে, এই ইস্যুগুলিকে সামনে রেখেই আমরা আগামী দিনে একসঙ্গে লড়াই করব এবং এগিয়ে যাব।' তিনি বলেন, ইন্ডিয়া জোটের ২৫টি দলই সর্বসম্মতভাবে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের অবিলম্বে পদত্যাগ দাবি করছে। বিরোধীদের অভিযোগ, এই মন্ত্রীর নাকের ডগায় লক্ষ লক্ষ পরীক্ষার্থীর ভবিষ্যৎ নিয়ে ছেলেখেলা করা হয়েছে এবং তাঁদের বিশ্বাসের সঙ্গে চরম বেইমানি করেছে এই সরকার। তাই শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দেশজুড়ে আন্দোলন আরও তীব্র করার হুঁশিয়ারি দিয়েছে 'ইন্ডিয়া' জোট। বৈঠকের সবচেয়ে বড় চমক হল, দেশের নির্বাচনী প্রক্রিয়ায় হস্তক্ষেপ এবং ভোটারদের অধিকার কেড়ে নেওয়ার অভিযোগে এবার সরাসরি দেশের প্রধান বিচারপতির দ্বারস্থ হতে চলেছে বিরোধী জোট। কংগ্রেস সভাপতি অভিযোগ করেন, ভোটার তালিকা সংশোধন (এসআইআর)-এর নামে লক্ষ লক্ষ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে। এই মারাত্মক কারচুপির বিরুদ্ধে 'ইন্ডিয়া' জোটের পক্ষ থেকে ভারতের প্রধান বিচারপতিকে একটি যৌথ চিঠি পাঠানো হবে।
সব মিলিয়ে, ভাঙনের আশঙ্কার মধ্যেও দিল্লির এই বৈঠক বিরোধী রাজনীতির ভবিষ্যৎ দিকনির্দেশের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
E-Paper

