FIFA WC: বিশ্বকাপে চমকপ্রদ সিদ্ধান্ত, মেক্সিকোর বিরুদ্ধে খেলার আগে ‘ভায়াগ্রা’ ব্যবহারের অনুমতি ইংল্যান্ড ফুটবলারদের
শেষ ষোলোর ম্যাচে মেক্সিকোর বিরুদ্ধে নামার আগে ইংল্যান্ড দলের ফুটবলারদের প্রয়োজনে ‘ভায়াগ্রা’ ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য যৌনক্ষমতা বৃদ্ধি নয়, বরং মেক্সিকো সিটির উচ্চতার কারণে হতে পারে এমন শারীরিক সমস্যার মোকাবিলা করা।
FIFA WC Viagra for English Footballers: ফুটবল মাঠে খেলোয়াড়দের এনার্জি বার, ইলেক্ট্রোলাইট বা বিশেষ পানীয় খাওয়া খুবই স্বাভাবিক ঘটনা। কিন্তু এবার বিশ্বকাপে এক ব্যতিক্রমী সিদ্ধান্ত সামনে এসেছে। শেষ ষোলোর ম্যাচে মেক্সিকোর বিরুদ্ধে নামার আগে ইংল্যান্ড দলের ফুটবলারদের প্রয়োজনে ‘ভায়াগ্রা’ ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য যৌনক্ষমতা বৃদ্ধি নয়, বরং মেক্সিকো সিটির উচ্চতার কারণে হতে পারে এমন শারীরিক সমস্যার মোকাবিলা করা।

শনিবার মেক্সিকোর ঐতিহাসিক অ্যাজটেকা স্টেডিয়ামে মুখোমুখি হবে ইংল্যান্ড ও স্বাগতিক মেক্সিকো। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৭,৩৫০ ফুট উঁচুতে অবস্থিত এই স্টেডিয়ামে খেলতে গেলে অনেক ফুটবলারেরই শ্বাসকষ্ট, দ্রুত ক্লান্তি এবং অক্সিজেনের ঘাটতির মতো সমস্যা দেখা দিতে পারে। সেই কারণেই ইংল্যান্ডের কোচ টমাস টুখেলের দলকে বিশেষ চিকিৎসা সহায়তার অংশ হিসেবে ভায়াগ্রা ব্যবহারের সুযোগ দেওয়া হয়েছে।
চিকিৎসাবিজ্ঞানের ভাষায় ভায়াগ্রার মূল উপাদান সিলডেনাফিল রক্তনালিকে প্রসারিত করে এবং শরীরে রক্ত চলাচল বাড়াতে সাহায্য করে। বিশেষজ্ঞদের মতে, উচ্চতাজনিত সমস্যায় কিছু ক্ষেত্রে এটি শরীরে অক্সিজেন পরিবহণে সহায়ক হতে পারে। তবে এটি বাধ্যতামূলক নয়। দলের যে ফুটবলার চাইবেন, তিনিই কেবল চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী এই ওষুধ ব্যবহার করতে পারবেন।
এদিকে চলতি বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে রয়েছে মেক্সিকো। এখনও পর্যন্ত চারটি ম্যাচই জিতেছে তারা। তার ওপর অ্যাজটেকা স্টেডিয়ামে তাদের রেকর্ড ঈর্ষণীয়। এই মাঠে ৮৯টি ম্যাচের মধ্যে মাত্র দু'বার হেরেছে মেক্সিকো। শেষবার তারা এই মাঠে পরাজিত হয়েছিল ২০১৩ সালে। ফলে নিজেদের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে তারাই যে কিছুটা এগিয়ে থাকবে, তা বলাই যায়।
অন্যদিকে, ইংল্যান্ডও খুব একটা স্বস্তিতে নেই। শেষ ৩২-এর ম্যাচে কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্রের বিরুদ্ধে শেষ মুহূর্তে অধিনায়ক হ্যারি কেনের জোড়া গোলে ২-১ ব্যবধানে জয় পেয়েছিল তারা। তাই কোয়ার্টার ফাইনালে উঠতে গেলে মেক্সিকোর বিরুদ্ধে আরও উন্নত ফুটবল খেলতে হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
ভায়াগ্রা ব্যবহারের বিষয়টি নিয়ে ইতিমধ্যেই কৌতূহল তৈরি হলেও এতে ডোপিং সংক্রান্ত কোনও সমস্যা নেই। বিশ্ব অ্যান্টি-ডোপিং সংস্থা (ওয়াডা) সিলডেনাফিলকে নিষিদ্ধ ওষুধের তালিকায় রাখেনি। প্রতিযোগিতার আগে বা চলাকালীন, দুই ক্ষেত্রেই এটি ব্যবহার করা বৈধ। ওয়াডা একাধিকবার এই ওষুধ নিয়ে গবেষণা করেছে। তাদের পর্যবেক্ষণ, সমুদ্রপৃষ্ঠের সমতলে এটি কোনও উল্লেখযোগ্য পারফরম্যান্স বাড়ায় না। তবে উচ্চতাজনিত পরিস্থিতিতে এর কিছু চিকিৎসাগত উপকারিতা থাকতে পারে। বিশ্বকাপের নকআউট পর্বে এমন সিদ্ধান্ত নজিরবিহীন বলেই মনে করছেন অনেকেই। এখন দেখার, অ্যাজটেকার কঠিন পরিবেশে এই বিশেষ প্রস্তুতি ইংল্যান্ডকে কতটা সুবিধা এনে দিতে পারে এবং মেক্সিকোর দুর্ভেদ্য দুর্গ ভেঙে তারা শেষ আটে জায়গা করে নিতে পারে কি না।
ABOUT THE AUTHORAbhijit Chowdhury২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More
E-Paper


