FIFA WC Lionel Messi Latest Update: জর্ডান ম্যাচেও খেলবেন মেসি, তবে শুরু থেকে নয়, জানিয়ে দিলেন আর্জেন্টাইন কোচ

আলজেরিয়া ও অস্ট্রিয়াকে হারিয়ে ‘গ্রুপ চ্যাম্পিয়ন’ হিসেবে শেষ ৩২-এ জায়গা নিশ্চিত করেছে লিওনেল স্কালোনির দল। তাই শনিবার সকালে জর্ডানের বিরুদ্ধে শেষ গ্রুপ ম্যাচটি কার্যত নিয়মরক্ষার। তবে এই ম্যাচ ঘিরেও সবচেয়ে বড় প্রশ্ন ছিল—লিওনেল মেসি খেলবেন কি না।

Published on: Jun 27, 2026, 12:30:54 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

বিশ্বকাপের গ্রুপ পর্বে প্রথম দুই ম্যাচেই নিজেদের কাজ সেরে ফেলেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আলজেরিয়া ও অস্ট্রিয়াকে হারিয়ে ‘গ্রুপ চ্যাম্পিয়ন’ হিসেবে শেষ ৩২-এ জায়গা নিশ্চিত করেছে লিওনেল স্কালোনির দল। তাই শনিবার সকালে জর্ডানের বিরুদ্ধে শেষ গ্রুপ ম্যাচটি কার্যত নিয়মরক্ষার। তবে এই ম্যাচ ঘিরেও সবচেয়ে বড় প্রশ্ন ছিল—লিওনেল মেসি খেলবেন কি না। সেই জল্পনার অবসান ঘটিয়ে আর্জেন্টিনা কোচ জানিয়ে দিলেন, মেসি মাঠে নামবেন, তবে শুরু থেকেই নয়।

জল্পনার অবসান ঘটিয়ে আর্জেন্টিনা কোচ জানিয়ে দিলেন, জর্ডান ম্যাচে মেসি মাঠে নামবেন, তবে শুরু থেকেই নয়। (AP Photo/Charlie Riedel)
জল্পনার অবসান ঘটিয়ে আর্জেন্টিনা কোচ জানিয়ে দিলেন, জর্ডান ম্যাচে মেসি মাঠে নামবেন, তবে শুরু থেকেই নয়। (AP Photo/Charlie Riedel)

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, দলের মূল একাদশ ইতিমধ্যেই ঠিক করা হয়েছে। তবে বিশ্বকাপের নকআউট পর্বের কথা মাথায় রেখে মেসিকে পুরো ৯০ মিনিট খেলানোর ঝুঁকি নিতে চান না তিনি। তাই জর্ডানের বিরুদ্ধে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নামবেন আর্জেন্টাইন অধিনায়ক। কোচের এই সিদ্ধান্তে স্পষ্ট, নকআউট পর্বের আগে দলের সবচেয়ে বড় তারকাকে সম্পূর্ণ ফিট রাখাই এখন আর্জেন্টিনার প্রধান লক্ষ্য।

চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত দুর্দান্ত ছন্দে রয়েছেন মেসি। আলজেরিয়া ও অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার করা পাঁচটি গোলের সবকটিই এসেছে তাঁর পা থেকে। সেই সুবাদে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার আসনও আরও শক্ত করেছেন তিনি। জর্ডানের বিপক্ষে মাঠে নামলে গোলসংখ্যা আরও বাড়ানোর সুযোগ থাকবে তাঁর সামনে।

মেসিকে বিশ্রাম দেওয়ার পরিকল্পনার কারণে একাদশে একাধিক পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। আর্জেন্টিনার সংবাদমাধ্যমের খবর, মেসির জায়গায় শুরু থেকেই খেলতে পারেন তরুণ মিডফিল্ডার নিকো পাজ। এছাড়া অস্ট্রিয়া ম্যাচে চোট পাওয়া গঞ্জালো মন্তিয়েল সুস্থ হয়ে রাইট-ব্যাকে ফিরতে পারেন। বাঁ-প্রান্তে দেখা যেতে পারে নিকোলাস তাগলিয়াফিকোকে। মাঝমাঠে লিয়ান্দ্রো পারেদেসের সঙ্গে এজেকিয়েল পালাসিওস অথবা ভালেন্তিন বার্কোকে খেলানোর ভাবনা রয়েছে কোচের। আক্রমণভাগে সুযোগ পেতে পারেন জুলিয়ানো সিমিওনে ও জিওভানি লো সেলসো।

এদিকে, সদ্য ৩৯ বছরে পা দেওয়া মেসিকে নিয়ে প্রশংসায় ভাসিয়েছেন সতীর্থ তাগলিয়াফিকো। তাঁর মতে, ২০২২ কাতার বিশ্বকাপে যে মেসিকে দেখা গিয়েছিল, বর্তমান মেসি তার থেকেও পরিণত ও কার্যকর। তাগলিয়াফিকো বলেন, মেসি শুধু আগের মতোই খেলছেন না, বরং আরও ভালো ছন্দে রয়েছেন। মেসির জন্মদিন উপলক্ষে আর্জেন্টিনা শিবিরে ছিল উৎসবের আবহ। বিশেষ নকশার টি-শার্ট পরে সতীর্থরা তাঁকে শুভেচ্ছা জানান এবং কেক কেটে উদ্‌যাপন করেন। তাগলিয়াফিকোর কথায়, এমন ছোট ছোট মুহূর্তই দলকে আরও ঐক্যবদ্ধ করে এবং দীর্ঘ টুর্নামেন্টে ইতিবাচক পরিবেশ তৈরি করে। এখন সেই আত্মবিশ্বাস নিয়েই নকআউটের আগে শেষ প্রস্তুতি সেরে নিতে চাইছে আর্জেন্টিনা।

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More