Messi 'Rumour' with Journalist Sofi: সাংবাদিককে নিয়ে গুঞ্জন! বিশ্বকাপের মাঝেই সেই সোফিকে আলিঙ্গন, 'গালে গাল' মেসির
গত কয়েক মাস ধরে সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়িয়েছিল, সোফি মার্টিনেজকে নিয়ে নাকি মেসির স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো অসন্তুষ্ট। এমনকি দু'জনকে ঘিরে নানা ভিত্তিহীন জল্পনাও ছড়ায়। সেই সব গুঞ্জনকেই এক মুহূর্তে হালকা রসিকতার মাধ্যমে উড়িয়ে দিলেন আটবারের ব্যালন ডি'অর জয়ী তারকা।
মাঠে গোল, অ্যাসিস্ট আর ম্যাচসেরা পারফরম্যান্স। মাঠের বাইরে এক আলিঙ্গন আর একটিমাত্র সংলাপ। বিশ্বকাপে কেপ ভার্দের বিরুদ্ধে আর্জেন্টিনার ৩-২ জয়ের পর আবারও শিরোনামে লিওনেল মেসি। তবে এবার ফুটবলের জন্য যতটা, তার চেয়ে বেশি ভাইরাল হল তাঁর এক মজার মন্তব্য, যা কার্যত থামিয়ে দিল দীর্ঘদিনের সম্পর্কের গুঞ্জন।

শেষ ষোলোর টিকিট নিশ্চিত করার পর মিক্সড জোনে আর্জেন্টিনার জনপ্রিয় সাংবাদিক সোফি মার্টিনেজের সঙ্গে দেখা হয় মেসির। দু'জনের দেখা হতেই হাসিমুখে এগিয়ে গিয়ে সোফিকে আলিঙ্গন করেন আর্জেন্টিনা অধিনায়ক। তারপরই হেসে বলেন, 'আমি যদি তোমার দিকে তাকাই, সবাই বলবে কেন তাকালাম। আর যদি শুভেচ্ছা জানাই, বলবে কেন শুভেচ্ছা জানালাম!'
মেসির এই মন্তব্য ছিল পুরোপুরি মজার ছলে। গত কয়েক মাস ধরে সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়িয়েছিল, সোফি মার্টিনেজকে নিয়ে নাকি মেসির স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো অসন্তুষ্ট। এমনকি দু'জনকে ঘিরে নানা ভিত্তিহীন জল্পনাও ছড়ায়। সেই সব গুঞ্জনকেই এক মুহূর্তে হালকা রসিকতার মাধ্যমে উড়িয়ে দিলেন আটবারের ব্যালন ডি'অর জয়ী তারকা।
মেসির কথা শুনে আবেগপ্রবণ হয়ে পড়েন সোফিও। তিনি বলেন, 'তুমি যা বললে, তার জন্য ধন্যবাদ। আমি সত্যিই সেটা কৃতজ্ঞতার সঙ্গে গ্রহণ করছি।' মুহূর্তের মধ্যেই সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। অনুরাগীদের একাংশের মতে, মেসি আবারও প্রমাণ করলেন, বিতর্কের জবাব তিনি রাগ দিয়ে নয়, হাসি দিয়েই দিতে পছন্দ করেন। তবে আলোচনার কেন্দ্রবিন্দুতে শুধু এই ঘটনাই ছিল না। ম্যাচ নিয়েও মুখ খুলেছেন মেসি। কেপ ভার্দের লড়াইয়ের ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, এই দল স্পেন বা উরুগুয়ের কাছে হারেনি, সেটার যথেষ্ট কারণ রয়েছে।
মেসির কথায়, ‘আমরা জানতাম ম্যাচটা খুব কঠিন হবে। প্রথম গোলটা করার পর ভেবেছিলাম খেলা সহজ হবে। কিন্তু ঠিক উল্টোটা হয়েছে। আমরা বারবার বল হারিয়েছি, ঠিকমতো প্রেসিং করতে পারিনি। ওরা নিজেদের শক্তি কাজে লাগিয়েছে।’ তিনি আরও বলেন, 'নকআউট ফুটবলে কেউ কাউকে বিনা লড়াইয়ে কিছু দেয় না। শুধু নাম দেখে কোনও দলকে ছোট করে দেখলে ভুল হবে। এই বিশ্বকাপে প্রতিটি ম্যাচ সমান কঠিন।'
ম্যাচে একটি গোল ও একটি অ্যাসিস্ট করে আবারও ম্যাচের সেরা হয়েছেন মেসি। তাঁর দুরন্ত পারফরম্যান্সেই অতিরিক্ত সময়ে ৩-২ ব্যবধানে জিতে শেষ ষোলো নিশ্চিত করেছে আর্জেন্টিনা। তবে দলের খেলায় এখনও অনেক ভুল রয়েছে বলেও স্বীকার করেছেন অধিনায়ক।
মেসির কথায়, 'শেষ পর্যন্ত আমরা জিতেছি, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তবে শুধু এগিয়ে যাওয়াই নয়, আজকের ম্যাচ থেকে অনেক কিছু শেখারও আছে। আমরা ভালো কিছু করেছি, আবার অনেক ভুলও করেছি। এখন বিশ্রাম নিয়ে সেই ভুলগুলো শুধরে পরের ম্যাচের জন্য প্রস্তুত হতে হবে।' একদিকে মাঠে নেতৃত্ব, অন্যদিকে মাঠের বাইরে রসবোধ—দু'দিকেই আবারও নজর কেড়েছেন লিওনেল মেসি। আর তাঁর একটিমাত্র সংলাপেই থেমে গিয়েছে বহুদিনের জল্পনা।
ABOUT THE AUTHORAbhijit Chowdhury২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More
E-Paper


