Battle of Hapur: সবুজ চাটনির বদলে তেঁতুলের চাটনি! তুমুল সংঘর্ষের সাক্ষী থাকল উত্তরপ্রদেশ, আহত ৪
Battle of Hapur: ব্রেড পাকোড়া উত্তর ভারতের জনপ্রিয় একটি স্ট্রিট ফুড। আলুভরা এই খাবারের সঙ্গে সাধারণত সবুজ চাটনি পরিবেশন করা হয়।
Battle of Hapur: খাবারের সঙ্গে চাটনি দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে শোরগোল পড়ে গিয়েছে উত্তরপ্রদেশে। ঘটনায় চারজন আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, ব্রেড পাকোড়ার সঙ্গে সবুজ চাটনির বদলে তেঁতুলের চাটনি দেওয়াকে কেন্দ্র করে এই সংঘর্ষের সূত্রপাত হয়। সম্প্রতি ঘটনাটি ঘটেছে হাপুর শহরের দেহরা এলাকার একটি ব্যস্ত বাজারে।

ব্রেড পাকোড়া উত্তর ভারতের জনপ্রিয় একটি স্ট্রিট ফুড। আলুভরা এই খাবারের সঙ্গে সাধারণত সবুজ চাটনি পরিবেশন করা হয়। অভিযোগ, একদল ক্রেতাকে সবুজ চাটনির পরিবর্তে তেঁতুলের চাটনি দেওয়া হয়। এতে ক্ষুব্ধ হয়ে তারা বিক্রেতার সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে বিক্রেতাকে মারধর শুরু করেন অভিযুক্তরা। তখন বিক্রেতার পক্ষ থেকে অন্য লোকজন এগিয়ে এলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এরপর শুরু হয় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ।
ব্যাট, পাথর, বেল্ট দিয়ে হামলা
ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় সংঘর্ষের কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে। যদিও ভিডিওটির সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। ভিডিওতে কয়েকজনকে ক্রিকেট ব্যাট ও পাথর দিয়ে হামলা করতে দেখা যায়। কেউ কেউ বেল্ট ব্যবহার করেন। এমনকী ব্রেড পাকোড়া ভাজার কাজে ব্যবহৃত বড় লোহার ছাঁকনিও মারামারিতে ব্যবহার করা হয়। ভিডিওতে দেখা যায়, কয়েকজন মিলে একজন ব্যক্তিকে ধাক্কাধাক্কি ও টানাহেঁচড়া করছেন। এতে তার টি-শার্ট প্রায় ছিঁড়ে যায়। পরে আরেক ব্যক্তি এগিয়ে এসে লোহার ছাঁকনি দিয়ে হামলাকারীকে আঘাত করেন।
কিছুক্ষণ পর ওই ব্যক্তিকে সামলে উঠতে দেখা যায়। এরপর রাস্তায় পড়ে থাকা একজনকে সাহায্য করতেও এগিয়ে যান তিনি। এ সময় এক ব্যক্তি পাথর ছোড়েন। কয়েকজন একটি ক্রিকেট ব্যাট দখলে নেওয়ার চেষ্টা করেন। আরেক ব্যক্তিকে হাতে বেল্ট নিয়ে মারামারিতে অংশ নিতে দেখা যায়। এক মহিলা সংঘর্ষ থামানোর চেষ্টা করলেও তা সফল হয়নি।
তদন্ত করছে পুলিশ
এ ঘটনায় চারজন আহত হয়েছেন। বর্তমানে তাঁরা চিকিৎসাধীন। হাপুরের সার্কেল অফিসার মুনিশ চন্দ্র বলেন, দেহরা এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গেছে। ঘটনার একটি ভিডিও পুলিশের হাতে এসেছে। ভিডিও দেখে ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। এই ঘটনা বছর পাঁচেক আগে ২০২১ সালে উত্তরপ্রদেশের বাগপতে ক্রেতা ডাকা নিয়ে চাট বিক্রেতাদের মধ্যে হওয়া বহুল আলোচিত সংঘর্ষের কথা নতুন করে মনে করিয়ে দিয়েছে।
E-Paper

