২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।
বাংলাদেশে ফের হিংসার আগুন! নড়াইলে হিন্দু ও আওয়ামি লিগ সমর্থকদের প্রায় ২০০ বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ, তলব সেনা
শুধু নড়াইল নয়, বাংলাদেশের একাধিক জেলায় অশান্তির খবর সামনে এসেছে। সংবাদপত্র প্রথম আলো-র প্রতিবেদন উদ্ধৃত করে এবিপি আনন্দ জানিয়েছে, বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত দেশের ২৩টি জেলায় বিভিন্ন নাশকতার ঘটনা ঘটেছে।
আবারও অশান্ত বাংলাদেশ। এ বার হিংসার আগুনে পুড়ল হিন্দুদের বাড়ি। বাদ গেল না প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল আওয়ামি লিগের সমর্থকদের বাড়িও। বাংলাদেশের নড়াইল জেলায় প্রায় ২০০টি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। আওয়ামি লিগের ছাত্র সংগঠনের দাবি, এই হামলার পিছনে রয়েছে বিএনপি এবং জামাতে ইসলামির সমর্থকেরা। একের পর এক বাড়িতে আগুন লাগানোর ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। পরিস্থিতি সামাল দিতে ঢাকা-সহ দেশের একাধিক জেলায় সীমান্তরক্ষী বাহিনী বিজিবি মোতায়েন করেছে বাংলাদেশের অন্তর্বর্তী নয়, বর্তমান সরকার। রাজনৈতিক সংঘর্ষ, অগ্নিসংযোগ এবং নাশকতার ঘটনায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

আওয়ামি লিগের ছাত্র সংগঠন সমাজমাধ্যম এক্সে একটি পোস্ট করে নড়াইলের ঘটনার কথা জানিয়েছে। তাদের অভিযোগ, পরিকল্পিত ভাবে হিন্দু পরিবার এবং আওয়ামি লিগ সমর্থকদের বাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। প্রায় ২০০টি বাড়ি আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে বলে দাবি তাদের। এই হামলার জন্য বিএনপি এবং জামাতে ইসলামির সমর্থকদের দায়ী করেছে সংগঠনটি। যদিও এই সংখ্যা এবং হামলাকারীদের পরিচয় স্বাধীন ভাবে নিশ্চিত করা যায়নি।
২৩ জেলায় নাশকতা, জ্বলছে বাস-ট্রেন
শুধু নড়াইল নয়, বাংলাদেশের একাধিক জেলায় অশান্তির খবর সামনে এসেছে। সংবাদপত্র প্রথম আলো-র প্রতিবেদন উদ্ধৃত করে এবিপি আনন্দ জানিয়েছে, বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত দেশের ২৩টি জেলায় বিভিন্ন নাশকতার ঘটনা ঘটেছে। আগুন ধরিয়ে দেওয়া হয়েছে ট্রেন ও রেললাইনে। হামলা থেকে বাদ যায়নি গণপরিবহণও। অন্তত ১২টি বাস পুড়িয়ে দেওয়া হয়েছে বলে ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে।
বাংলাদেশের সংবাদমাধ্যমগুলির প্রতিবেদনেও গত কয়েক দিনে একাধিক জেলায় অগ্নিসংযোগ, বোমা বিস্ফোরণ এবং রাজনৈতিক নেতাদের বাড়িতে হামলার কথা উঠে এসেছে। দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের প্রতিবেদন অনুযায়ী, ১৪ থেকে ১৯ নভেম্বরের মধ্যে অন্তত ২১টি জেলায় হিংসার ঘটনা ঘটেছে। এই সময়ে চার জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অনেকে। শতাধিক মানুষকে গ্রেফতারও করা হয়েছে।
এই অশান্তির নেপথ্যে রয়েছে আওয়ামি লিগের দেশজোড়া আন্দোলন। শেখ হাসিনার দেশে ফেরার প্রস্তুতি এবং তাঁর দলের রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা বাড়ছে। ১৯ নভেম্বর দেশজুড়ে অবরোধ কর্মসূচির ডাক দিয়েছিল আওয়ামি লিগ। তার পাল্টা পথে নামার সিদ্ধান্ত নেয় বাংলাদেশের ক্ষমতাসীন বিএনপি এবং বিরোধী জামাতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ফলে রাজনৈতিক সংঘাত আরও তীব্র হয়েছে।
আট জেলায় বিজিবি মোতায়েন
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করেছে বাংলাদেশের সরকার। শনিবার বিজিবির তরফে জানানো হয়েছে, ঢাকা, ঢাকা মহানগর, নারায়ণগঞ্জ, গাজিপুর, গোপালগঞ্জ, ময়মনসিংহ, ফরিদপুর এবং কক্সবাজারে মোট ৯০ প্লাটুন বাহিনী মোতায়েন করা হয়েছে। আরও চার প্লাটুনকে প্রস্তুত রাখা হয়েছে। সবচেয়ে বেশি বাহিনী মোতায়েন রয়েছে গোপালগঞ্জে। সেখানে ২৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠান, শিল্পাঞ্চল এবং স্পর্শকাতর এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। ড্রোন ও শরীরে লাগানো ক্যামেরার মাধ্যমে পরিস্থিতির উপর নজর রাখছে বিজিবি সদর দফতর।
হাসিনার আন্দোলন ঘিরে রাজনৈতিক সংঘাত
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, হাসিনার দেশে ফেরার পরিকল্পনা এবং নতুন পাসপোর্টের আবেদন প্রত্যাখ্যানের পর থেকেই রাজনৈতিক উত্তেজনা বেড়েছে। আওয়ামি লিগের আন্দোলন মোকাবিলায় পাল্টা কর্মসূচি নিচ্ছে অন্য রাজনৈতিক দলগুলি। প্রধানমন্ত্রী তারেক রহমানও আওয়ামি লিগের বিরুদ্ধে অশান্তি ছড়ানোর অভিযোগ তুলেছেন।
সব মিলিয়ে বাংলাদেশে রাজনৈতিক সংঘাতের আঁচ এবার সাধারণ মানুষের ঘরবাড়িতেও পৌঁছে গিয়েছে। বিশেষ করে হিন্দু পরিবারগুলির বাড়িতে হামলার অভিযোগ নতুন করে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকার কী পদক্ষেপ করে, এখন সেদিকেই নজর।
E-Paper
