Nepal Flood: বিধ্বস্ত নেপালে মৃত্যুমিছিল অব্যাহত! এখনও নিখোঁজ ৩২০ ভারতীয়, চাঞ্চল্যকর তথ্য MEAর
Nepal Flash Flood: রণধীর জয়সওয়াল বলেন, এই মুহূর্তে যোগাযোগহীন বা নিখোঁজ ভারতীয় নাগরিকের সংখ্যা প্রায় ৩২০। এর পাশাপাশি, প্রায় ১০০ জন ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তির সঙ্গেও এখনও যোগাযোগ করা যায়নি।
Nepal Flash Flood: নেপালে থাকা ৩২০ জন ভারতীয় নাগরিকের সঙ্গে এখনও যোযাযোগ করা সম্ভব হয়নি। এমনটাই জানালেন বিদেশ মন্ত্রকের (MEA) মুখপাত্র রণধীর জয়সওয়াল। তবে তিনি জানান, নেপালে ভয়াবহ বন্যার কারণে আটকে পড়া ভারতীয়দের উদ্ধারে তৎপরতা চলছে।

শুক্রবার সাংবাদিক বৈঠকে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘প্রথমে একটি ভাল খবর। বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা থেকে গতকাল কাঠমান্ডুতে পৌঁছনো ২১ জন ভারতীয় নাগরিক আজ দিল্লিতে এসে পৌঁছেছেন। এই ২১ জনই তামিলনাড়ুর বাসিন্দা।’ তিনি আরও জানান, বৃহস্পতিবার কাঠমান্ডুতে ভারতের রাষ্ট্রদূত ওই ২১ জনের সঙ্গে দেখা করে তাঁদের শারীরিক পরিস্থিতির খোঁজ নেন। রণধীর জয়সওয়াল বলেন, ‘এই ২১ জন ছাড়াও, গতকাল আমরা ৬৩ জন ভারতীয় নাগরিকের বিষয়ে জানিয়েছিলাম, যাঁরা ত্রিশূলী ওয়ান জলবিদ্যুৎ প্রকল্পে কাজ করেন। তাঁদেরও গতকাল উদ্ধার করা হয়েছে।’
এ ছাড়াও, চিনের অংশে আটকে পড়া ৯৬ জন ভারতীয় নাগরিক নিরাপদে স্থলপথে নেপালে প্রবেশ করেছেন বলে জানা গিয়েছে। তাঁদেরও দ্রুত সরিয়ে আনার জন্য চেষ্টা চলছে বলে জানিয়েছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র। তবে এখনও বহু ভারতীয়র সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। রণধীর জয়সওয়াল বলেন, এই মুহূর্তে যোগাযোগহীন বা নিখোঁজ ভারতীয় নাগরিকের সংখ্যা প্রায় ৩২০। এর পাশাপাশি, প্রায় ১০০ জন ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তির সঙ্গেও এখনও যোগাযোগ করা যায়নি। তাঁরা কৈলাস মানসসরোবর যাত্রায় গিয়ে থাকতে পারেন বলে মনে করা হচ্ছে। তবে তাঁদের অন্য দেশের নাগরিকত্ব রয়েছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র বলেন, উদ্ধার ও সন্ধান প্রক্রিয়া অব্যাহত থাকায় ভারতীয় দূতাবাস নেপাল ও চিন উভয় দেশের কর্তৃপক্ষের সঙ্গে ক্রমাগত যোগাযোগ রাখছে। বিদেশ মন্ত্রক জানিয়েছে, ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য চালু করা হেল্পলাইন নম্বরগুলোতেও বেশ কয়েকটি পরিবার যোগাযোগ করেছে।
এই পরিস্থিতিতে নেপালকে আরও সাহায্যের প্রস্তাব দিয়েছে ভারত। শুক্রবার নেপালের উদ্দেশে তৃতীয় দফায় ত্রাণ পাঠানোর প্রস্তুতি নেয় নয়াদিল্লি। ওই বিমানে প্রায় ১২-১৩ টন ত্রাণসামগ্রী পাঠানোর কথা জানানো হয়েছে। পাশাপাশি, মেডিক্যাল দল পাঠানোর কথাও জানিয়েছে ভারত। এই প্রসঙ্গে রণধীর জয়সওয়াল বলেন, 'আমরা নেপাল কর্তৃপক্ষের কাছে এনডিআরএফ (NDRF)-এর দল ও প্রয়োজনীয় সরঞ্জাম পাঠানোর প্রস্তাবও দিয়েছি, যা চলমান অনুসন্ধান ও উদ্ধারকাজে সহায়তা করতে পারে। আমরা নেপালের কাছ থেকে সাড়া পাওয়ার অপেক্ষায় আছি।'
এদিকে, নেপালের বিপর্যয়ের ভয়াবহতা ক্রমশ স্পষ্ট হচ্ছে। ন্যাশনাল ডিজাস্টার রিস্ক রিডাকশন অ্যান্ড ম্যানেজমেন্ট অথরিটি (NDRRMA)-র শুক্রবার বিকেল ৩টে পর্যন্ত হিসাব অনুযায়ী, ৫৩৮টি দেহ উদ্ধার হয়েছে এবং ৯৭৭ জন এখনও নিখোঁজ। উদ্ধার করা হয়েছে ৩,৭৪২ জনকে। বিপুল সংখ্যক নিরাপত্তাকর্মীকে নামানো হয়েছে তল্লাশি ও উদ্ধার অভিযানে। তবে যোগাযোগ ব্যবস্থা এবং সড়ক পরিকাঠামো ভেঙে পড়ায় উদ্ধারকাজ অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। বহু জায়গায় রাস্তা ও সেতু ক্ষতিগ্রস্ত হওয়ায় স্থলপথে পৌঁছনো যাচ্ছে না। ফলে সেনা ও বেসরকারি হেলিকপ্টারের সাহায্যে আটকে পড়া মানুষকে সরিয়ে নেওয়া এবং নিখোঁজদের খোঁজ চালানো হচ্ছে।
E-Paper

