flydubai Incident Update: ফ্লাইদুবাই উড়ানে ১৭০ জনকে বাঁচানো স্মিতকে ফোন, ইজরায়েলে আমন্ত্রণ নেতানিয়াহুর, ডাকলেন মোদীকেও

গত ৩০ সেপ্টেম্বর ফ্লাইদুবাইয়ের এফজেড ১০৭৩ বিমানটি দুবাই থেকে তেল আভিভ যাচ্ছিল। বিমানে তখন বহু যাত্রী ছিলেন। আচমকাই ককপিটের ভিতরে ভারতীয় পাইলট স্মিত মাচ্ছরের উপরে হামলা করেন তাঁর সহ-পাইলট হামাম আল হামামি। অভিযোগ, ককপিটে থাকা জরুরি ব্যবহারের কুঠার দিয়ে স্মিতের মাথায় আঘাত করা হয়।

Published on: Oct 4, 2026, 08:31:59 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

মাঝ আকাশে সহ-পাইলটের হামলার পর বিমানের ককপিটের দরজা খুলে যাত্রীদের ভিতরে ঢোকার সুযোগ করে দিয়ে বড় বিপদ ঠেকিয়েছিলেন ফ্লাইদুবাইয়ের ভারতীয় পাইলট স্মিত মাচ্ছর। তাঁর সাহসিকতায় মুগ্ধ ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ফোনে কথা বলে স্মিতকে তিনি বললেন, ইজরায়েল, ভারত এবং গোটা বিশ্বের নায়ক তিনি। শুধু প্রশংসা নয়, আগামী ইজরায়েলের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে স্মিতকে বিশেষ সম্মান দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন নেতানিয়াহু। সেই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও আমন্ত্রণ জানিয়েছেন তিনি।

স্মিতের সাহসিকতায় মুগ্ধ ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। (AP Photo/Julia Nikhinson)
স্মিতের সাহসিকতায় মুগ্ধ ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। (AP Photo/Julia Nikhinson)

গত ৩০ সেপ্টেম্বর ফ্লাইদুবাইয়ের এফজেড ১০৭৩ বিমানটি দুবাই থেকে তেল আভিভ যাচ্ছিল। বিমানে তখন বহু যাত্রী ছিলেন। আচমকাই ককপিটের ভিতরে ভারতীয় পাইলট স্মিত মাচ্ছরের উপরে হামলা করেন তাঁর সহ-পাইলট হামাম আল হামামি। অভিযোগ, ককপিটে থাকা জরুরি ব্যবহারের কুঠার দিয়ে স্মিতের মাথায় আঘাত করা হয়। সেই সময় বিমানটি আচমকা নীচের দিকে নামতে শুরু করে। মাত্র কয়েক মিনিটের মধ্যে বিমানটি ১৭ হাজার ফুটের বেশি নীচে নেমে যায় বলে জানিয়েছে এনডিটিভি। পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে উঠেছিল যে বিমান ছিনতাইয়ের আশঙ্কা তৈরি হয়।

আহত অবস্থাতেও হাল ছাড়েননি স্মিত। তাঁর কথায়, সহ-পাইলট প্রথমে তাঁকে ককপিটে একা রেখে প্রার্থনা করার কথা জানিয়েছিলেন। স্মিত তখন তাঁর দিকে না তাকিয়ে ছিলেন। হঠাৎ মাথার পিছনে জোরে আঘাত পান তিনি। প্রথমে ভেবেছিলেন, হয়তো বিমানের কোনও যান্ত্রিক সমস্যা হয়েছে। কিন্তু পর পর আঘাত আসতে থাকায় বুঝতে পারেন, আসলে তাঁর উপর হামলা হচ্ছে। প্রচণ্ড আঘাতে তাঁর চোখে প্রায় কিছুই দেখা যাচ্ছিল না। তবু ককপিটের দরজা খোলার চেষ্টা করেন তিনি। প্রথম বার দরজা খুললেও সহ-পাইলট তা আবার বন্ধ করে দেন।

তার পরও শেষ শক্তিটুকু দিয়ে ফের দরজার কাছে পৌঁছন স্মিত। দরজা খুলতেই বাইরে থাকা যাত্রী এবং বিমানকর্মীরা ককপিটে ঢুকে সহ-পাইলটকে কাবু করেন। বিমানে থাকা আরও দুজন পাইলট তখন নিয়ন্ত্রণ নেন। শেষ পর্যন্ত বিমানটি সৌদি আরবের তাবুক বিমানবন্দরে জরুরি অবতরণ করে। ঘটনায় স্মিত গুরুতর আহত হন এবং তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। ভারতীয় দূতাবাস জানিয়েছে, তাঁর অবস্থা স্থিতিশীল এবং চিকিৎসা চলছে।

এই ঘটনার পর স্মিতের সাহসিকতার প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। তাঁর কথায়, ভয়ঙ্কর বিপদের মধ্যেও অন্যদের জীবন বাঁচাতে স্মিত যে সাহস দেখিয়েছেন, তা বড় বিপর্যয় এড়াতে সাহায্য করেছে।

শনিবার স্মিতের সঙ্গে ফোনে কথা বলেন নেতানিয়াহু। তিনি জানান, ইজরায়েলের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে মশাল জ্বালানোর সম্মান সাধারণত সে দেশের নাগরিকদের দেওয়া হয়। কিন্তু স্মিতের ক্ষেত্রে ব্যতিক্রম ঘটাতে চান তিনি। তাঁর মতে, এই ভারতীয় পাইলটকে ইজরায়েলের মানুষও আপন করে নেবেন। একই অনুষ্ঠানে মোদীকেও উপস্থিত থাকার আহ্বান জানান নেতানিয়াহু।

মাঝ আকাশে ভয়াবহ হামলার পরও ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিয়ে এতগুলি প্রাণ বাঁচানোর জন্য স্মিতকে ঘিরে এখন আন্তর্জাতিক মহলেও প্রশংসার ঝড়। তবে কেন সহ-পাইলট এমন কাণ্ড ঘটালেন, তার কারণ এখনও পুরোপুরি স্পষ্ট নয়। ঘটনার তদন্ত চলছে। ফ্লাইদুবাইও তদন্ত চলাকালীন ইজরায়েলগামী এবং ইজরায়েল থেকে আসা বিমান পরিষেবা সাময়িক বন্ধ রেখেছে।

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More