ভারতের রাজনীতিতে বিদেশি হস্তক্ষেপ! ইতালির নেতার ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান সংক্রান্ত মামলার জল গড়াল সুপ্রিম কোর্টে

১৮ নভেম্বর প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মহাদেবনের বেঞ্চে জরুরি শুনানির আবেদন জানানো হয়। মামলাকারীর আইনজীবী সৈয়দ রিজওয়ান আহমেদ দ্রুত শুনানির আর্জি জানান। আদালত আগামী ২০ নভেম্বর শুনানির দিন ধার্য করেছে।

Published on: Nov 18, 2026, 13:57:56 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

ভারতের রাজনৈতিক বিতর্কে এবার বিদেশি নেতার প্রবেশ ঘিরে শুরু হল আইনি লড়াই। হায়দরাবাদে আয়োজিত ‘ভারত সামিট ২০২৬’-এ দাঁড়িয়ে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান তুলেছিলেন ইতালির রাজনীতিক জিয়াকোমো ফিলিবেক। শুধু তাই নয়, ভারতের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আক্রমণ শানানোর পাশাপাশি বিরোধীদের সমর্থনেও বক্তব্য রেখেছিলেন তিনি। এবার সেই ঘটনাই পৌঁছে গেল দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে। বিদেশি রাজনৈতিক প্রতিনিধির ভারতীয় অভ্যন্তরীণ রাজনীতিতে এভাবে অংশগ্রহণের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে দায়ের হয়েছে মামলা। ইতিমধ্যেই মামলাটি শুনতে রাজি হয়েছেন প্রধান বিচারপতি সূর্যকান্ত। আগামী ২০ নভেম্বর এই মামলার শুনানি হওয়ার কথা।

ভারতের রাজনীতিতে বিদেশি হস্তক্ষেপ! ইতালির নেতার ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান সংক্রান্ত মামলার জল গড়াল সুপ্রিম কোর্টে (@INCIndia X)
ভারতের রাজনীতিতে বিদেশি হস্তক্ষেপ! ইতালির নেতার ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান সংক্রান্ত মামলার জল গড়াল সুপ্রিম কোর্টে (@INCIndia X)

প্রতিবেদন অনুযায়ী, ১৮ নভেম্বর প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মহাদেবনের বেঞ্চে জরুরি শুনানির আবেদন জানানো হয়। মামলাকারীর আইনজীবী সৈয়দ রিজওয়ান আহমেদ দ্রুত শুনানির আর্জি জানান। আদালত আগামী ২০ নভেম্বর শুনানির দিন ধার্য করেছে।

কে এই জিয়াকোমো ফিলিবেক?

জিয়াকোমো ফিলিবেক ইউরোপীয় সোশ্যালিস্ট পার্টির সাধারণ সম্পাদক। সম্প্রতি হায়দরাবাদে আয়োজিত ভারত সামিট ২০২৬-এ যোগ দিতে ভারতে এসেছিলেন তিনি। তেলঙ্গানা সরকার এবং কয়েকটি ফাউন্ডেশনের সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে দেশ-বিদেশের একাধিক রাজনৈতিক প্রতিনিধি অংশ নেন।

অভিযোগ, সেই মঞ্চ থেকেই ভারতের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান দেন ফিলিবেক। শুধু হিন্দিতে স্লোগান দেওয়াই নয়, উপস্থিত বিদেশি প্রতিনিধিদের বোঝানোর জন্য ইংরেজিতেও ওই স্লোগানের অনুবাদ করেছিলেন তিনি। তাঁর বক্তব্যে ভারতীয় সরকারকে দুর্নীতিগ্রস্ত ও অসৎ বলেও আক্রমণ করা হয়েছিল বলে মামলাকারীর অভিযোগ। পাশাপাশি ভারতে গণতন্ত্র পুনরুদ্ধার ও রক্ষার জন্য বিরোধীদের সঙ্গে কাজ করার কথা বলেছিলেন ফিলিবেক।

কী কী দাবি জানানো হয়েছে সুপ্রিম কোর্টে?

মামলাকারীর প্রধান দাবি, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ফিলিবেকের বিতর্কিত ভিডিওগুলি সরিয়ে ফেলার নির্দেশ দিক আদালত। তাঁর বক্তব্য, কোনও বিদেশি রাজনৈতিক প্রতিনিধি ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক আন্দোলনে অংশ নিয়ে নির্দিষ্ট রাজনৈতিক দল বা নেতৃত্বের প্রকাশ্য সমর্থন করতে পারেন না। এই ধরনের কার্যকলাপ দেশের নির্বাচিত সরকারের প্রতি মানুষের ধারণাকে প্রভাবিত করতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

এছাড়াও কংগ্রেস পরিচালিত তেলঙ্গানা সরকারকে এই ঘটনার জন্য প্রকাশ্যে ক্ষমা চাওয়ার নির্দেশ দেওয়ার আবেদন জানানো হয়েছে। ভবিষ্যতে কোনও বিদেশি রাজনৈতিক প্রতিনিধিকে ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হবে না, এমন আশ্বাসও চাওয়া হয়েছে রাজ্য সরকারের কাছে।

কেন্দ্রীয় সরকারের কাছেও একাধিক দাবি

মামলায় Immigration and Foreigners Act, 2025-এর উল্লেখ করা হয়েছে। মামলাকারীর দাবি, এই আইনে কেন্দ্রীয় সরকারের হাতে বিদেশি নাগরিকদের ভারতে প্রবেশ এবং তাঁদের কার্যকলাপ নিয়ন্ত্রণের ক্ষমতা রয়েছে। সেই অনুযায়ী ফিলিবেকের ভারতে প্রবেশ, ভিসার শর্ত এবং অবস্থানের নিয়ম যথাযথভাবে মানা হয়েছিল কি না, তা খতিয়ে দেখার আবেদন জানানো হয়েছে।

সবচেয়ে উল্লেখযোগ্যভাবে, ভারত সামিট ২০২৬-এর আয়োজন এবং পরিচালনার পরিস্থিতি তদন্ত করতে বিশেষ তদন্তকারী দল বা SIT গঠনের দাবিও উঠেছে। অনুষ্ঠানে কোনও আইন লঙ্ঘন হয়ে থাকলে সংশ্লিষ্টদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার আবেদন করা হয়েছে।

সব মিলিয়ে, বিদেশি রাজনৈতিক প্রতিনিধির ভারতীয় রাজনীতিতে অংশগ্রহণের সীমা কতটা, তা নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠেছে। আগামী ২০ নভেম্বর সুপ্রিম কোর্টে শুনানির দিকে এখন নজর রাজনৈতিক মহলের। আদালত এই বিষয়ে কী অবস্থান নেয়, তার উপর নির্ভর করছে পরবর্তী আইনি পদক্ষেপ।

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More