Nvidia: ৩০ আধিকারিকের সামনেই ‘মৃত্যুকামনা!’ এনভিডিয়ার আধিকারিককে ভর্ৎসনা প্রাক্তন CEOর, কে এই জয় পুরী?
Nvidia: জয় পুরীর পুরো নাম অজয় কে পুরী। ২০০৫ সালে জয় পুরী এনভিডিয়ায় যোগ দিয়েছিলেন। দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে সংস্থার গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন তিনি।
Nvidia: সংস্থার একাধিক আধিকারিকের সামনেই এক শীর্ষকর্তাকে উদ্দেশ্য করে বলেছিলেন, ‘আমি আশা করি তুমি মারা যাবে এবং আমাদের সবাইকে এই দুর্দশা থেকে মুক্তি দেবে।’ এমনই বিস্ফোরক অভিযোগ উঠেছে এনভিডিয়ার প্রাক্তন সিইও জেনসেন হুয়াংয়ের বিরুদ্ধে। তাঁর নিশানায় ছিলেন সংস্থার প্রাক্তন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জয় পুরী। একটি বন্ধ দরজার বৈঠকে ৩০ জনেরও বেশি আধিকারিকের উপস্থিতিতে এই ঘটনা ঘটেছিল বলে দাবি। মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক পোস্ট-এর একটি প্রতিবেদনে এই অভিযোগ সামনে এসেছে। যদিও এই অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা যায়নি।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে ঘটনাটি ঘটেছিল। সেই সময় এনভিডিয়ার বিশ্বব্যাপী বিক্রয়, ব্যবসায়িক উন্নয়ন এবং বিভিন্ন অংশীদার সংস্থার সঙ্গে সম্পর্কের দায়িত্বে ছিলেন জয় পুরী। তিনি সংস্থার এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট পদে কর্মরত ছিলেন। বৈঠকে ঠিক কী কারণে জেনসেন হুয়াং এমন মন্তব্য করেছিলেন, তা স্পষ্ট নয়। নিউ ইয়র্ক পোস্ট-এর প্রতিবেদন অনুযায়ী, ঘটনার সময় উপস্থিত ছিলেন সংস্থার ৩০ জনেরও বেশি আধিকারিক। তাঁদের সামনেই জয় পুরীকে উদ্দেশ্য করে প্রথমে অসুস্থ হয়ে পড়ার কথা বলেন হুয়াং। এরপর তিনি আরও আক্রমণাত্মক মন্তব্য করেন বলে অভিযোগ। তাঁর কথায়, ‘আমি আশা করি তোমার ফ্লু হবে এবং সেটি আরও খারাপ হবে।’ এরপর তিনি বলেন, ‘আমি আশা করি তুমি মারা যাবে এবং আমাদের সবাইকে এই দুর্দশা থেকে মুক্তি দেবে।' হুয়াংয়ের এই মন্তব্যের পর বৈঠকে উপস্থিত আধিকারিকরা কার্যত চুপ করে যান বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। তবে এই ঘটনার পিছনে কোনও নির্দিষ্ট কারণ ছিল কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য মেলেনি।
জয় পুরী কে?
জয় পুরীর পুরো নাম অজয় কে পুরী। ২০০৫ সালে জয় পুরী এনভিডিয়ায় যোগ দিয়েছিলেন। দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে সংস্থার গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন তিনি। তিনি এনভিডিয়ায় প্রাক্তন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট পদে কর্মরত ছিলেন। এনভিডিয়ার বিশ্বব্যাপী বিক্রয়, ব্যবসায়িক উন্নয়ন এবং বিভিন্ন অংশীদার সংস্থার সঙ্গে সম্পর্কের দায়িত্বে ছিলেন জয় পুরী। তার আগে তিনি সান মাইক্রোসিস্টেমসের সঙ্গে যুক্ত ছিলেন। জয় পুরী অবশ্য ইতিমধ্যেই এনভিডিয়ার দৈনন্দিন পরিচালনাগত দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। গত ২ জুলাই একটি নিয়ন্ত্রক সংস্থার কাছে জমা দেওয়া নথিতে এনভিডিয়া জানায়, ২৮ জুন অবসরের সিদ্ধান্তের কথা সংস্থাকে জানিয়েছিলেন পুরী। তাঁর জায়গায় দায়িত্ব দেওয়া হয় মাইক্রোসফটের প্রাক্তন আধিকারিক নিকোলাস পার্কারকে। তবে সংস্থার সঙ্গে যুক্ত থেকে সিনিয়র উপদেষ্টার দায়িত্ব পালন করার কথা রয়েছে জয় পুরীর। উল্লেখযোগ্য বিষয়, জয় পুরীর দায়িত্ব ছাড়ার সঙ্গে হুয়াংয়ের বিরুদ্ধে ওঠা অভিযোগের কোনও যোগসূত্রের কথা নিয়ন্ত্রক সংস্থার কাছে জমা দেওয়া নথিতে উল্লেখ করা হয়নি। ফলে এই ঘটনার জেরেই তিনি পদ ছেড়েছেন, এমন কোনও নিশ্চিত তথ্য নেই।
তবে জয় পুরীকে হুমকি দেওয়ার অভিযোগ-সহ হুয়াংয়ের বিরুদ্ধে ওঠা একাধিক দাবির বিষয়ে এখনও স্বাধীনভাবে কোনও প্রমাণ সামনে আসেনি। নিউ ইয়র্ক পোস্ট-এর প্রশ্নের জবাবে হুয়াংয়ের এক মুখপাত্র কোনও মন্তব্য করতে চাননি। এনভিডিয়াও প্রকাশিত প্রতিবেদন সম্পর্কে তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়া জানায়নি।
E-Paper

