Ashok Gehlot on BJP: 'ইন্দিরা গান্ধী বিজেপিকে নিষিদ্ধ করতেন!' বিস্ফোরক মন্তব্যে বিতর্কে জড়ালেন প্ৰাক্তন মুখ্যমন্ত্রী

Ashok Gehlot on BJP: রবিবার জয়পুরে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, দেশের বর্তমান পরিস্থিতি ‘অত্যন্ত বিপজ্জনক।’ তিনি দাবি করেন, তাঁর ৫০ বছরের রাজনৈতিক জীবনে তিনি এমনটা কখনও দেখেননি।

Published on: Jun 15, 2026, 15:30:31 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Ashok Gehlot on BJP: বিজেপিকে আক্রমণ শানাতে গিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন বর্ষীয়ান কংগ্রেস নেতা তথা রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলট। বিজেপি ধর্মের রাজনীতি করছে, এমনটা দাবি করে অশোক গেহলটের মত, প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী জীবিত থাকলে বিজেপিকে নিষিদ্ধ ঘোষণা করতেন। তিনি স্পষ্ট জানালেন, ৫০ বছর ধরে তিনি রাজনীতি করছেন কিন্তু দেশের এমন দুর্দশা দেখেননি কখনও। বলে রাখা প্রয়োজন, জরুরি অবস্থা চলাকালীন আরএসএসকে নিষিদ্ধ করেছিল ইন্দিরা গান্ধীর প্রশাসন। তারপর কংগ্রেস নেতার এহেন মন্তব্যে দানা বেঁধেছে বিতর্ক।

রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলট (PTI)
রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলট (PTI)

রবিবার জয়পুরে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, দেশের বর্তমান পরিস্থিতি ‘অত্যন্ত বিপজ্জনক।’ তিনি দাবি করেন, তাঁর ৫০ বছরের রাজনৈতিক জীবনে তিনি এমনটা কখনও দেখেননি। বর্ষীয়ান কংগ্রেস নেতার কথায়, 'আজ যদি ইন্দিরা গান্ধীর মতো কোনও নেতা জীবিত থাকতেন তাহলে বিজেপিকে অবশ্যই নিষিদ্ধ করতেন। আমি দায়িত্ব নিয়ে বলছি, বর্তমান পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক। এই অবস্থায় দেশের মানুষ যদি সচেতন না হন তাহলে দেশবাসীকেই ফল ভুগতে হবে।’ রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রীর আরও অভিযোগ, বর্তমানে যারা ক্ষমতায় রয়েছেন তারা ‘ইচ্ছাকৃতভাবে ধর্মীয় মেরুকরণ করছেন।’ সে কারণেই মুসলিম রাজনীতিকদের নির্বাচনে টিকিট দেয় না তারা।

বিজেপিকে বিঁধে অশোক গেহলট আরও বলেন, 'দেশের মানুষকে দেখানোর জন্য হলেও কয়েকটা আসনে মুসলিম প্রার্থী দিতে পারে বিজেপি। কিন্তু তারা দেখাতে চায়, এই দলটা স্রেফ হিন্দুদের। কেবল হিন্দুত্ব উসকে দিয়ে তারা ক্ষমতায় থাকতে চায়। সেকারণেই আজ ইন্দিরা গান্ধীর মতো নেতৃত্ব থাকলে বিজেপিকে নিষিদ্ধ করতেন। শুধু হিন্দুত্ব দিয়ে কী একটা রাজনৈতিক দল চলতে পারে? হিন্দুদের কাজে লাগিয়ে রাজনীতি করা যায়?'

অন্যদিকে, অশোক গেহলটের এমন মন্তব্যের তীব্র সমালোচনা করেছে বিজেপি। বিজেপির জাতীয় মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা বলেছেন, কংগ্রেস হিন্দুদের ও হিন্দুত্বকে ঘৃণা করে। অশোক গেহলটের মন্তব্যে সেটাই ফের প্রমাণ হয়েছে। তাঁর কথায়, 'সুপ্রিম কোর্ট জানিয়েছে হিন্দুত্ব জীবনধারণের অংশ। সেটা কেউ কী করে নিষিদ্ধ করতে পারে? কংগ্রেস আসলে মুসলিমদের দল, তাই ওরা সকলের আগে মুসলিমদের স্বার্থ রক্ষা করে। কিন্তু হিন্দুত্ব নিয়ে কিছু বললেই সেটা ওদের কাছে ঘোরতর অপরাধ।' প্রসঙ্গত, জরুরি অবস্থা নিয়ে কংগ্রেসকে হামেশাই আক্রমণ করে বিজেপি। এবার গেরুয়া শিবিরকে নিষিদ্ধ করা নিয়ে মন্তব্য করে কী সেই বিষয়টিই উসকে দিলেন অশোক গেহলট?