বিসিসিআইয়ের বড় সিদ্ধান্ত, নতুন ফিল্ডিং কোচ হতে পারেন শুভদীপ ঘোষ, তিনি কে?
দেবজিৎ সইকিয়া সংবাদ সংস্থা পিটিআই-কে জানান, নতুন ফিল্ডিং কোচ নিয়োগের প্রক্রিয়া চলছে। তাঁর কথায়, দু-তিনটি নাম নিয়ে আলোচনা হচ্ছে। এই আবহে ক্রিকেট মহলের জোর জল্পনা, ভারতের প্রাক্তন মহিলা দল, ভারত 'এ' এবং অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে দীর্ঘদিন কাজ করা শুভদীপ ঘোষই এই দায়িত্ব পেতে চলেছেন।
ভারতীয় ক্রিকেট দলের সাপোর্ট স্টাফে বড় পরিবর্তনের পথে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। সহকারী কোচ রায়ান টেন ডেসকাটে এবং ফিল্ডিং কোচ টি দিলীপের চুক্তি আর বাড়ানো হচ্ছে না বলে মঙ্গলবার নিশ্চিত করেছেন বিসিসিআই সচিব দেবজিৎ সইকিয়া। আগামী শ্রীলঙ্কা সফরের আগেই নতুন ফিল্ডিং কোচের নাম ঘোষণা করা হবে। বোর্ড সূত্রে জানা গিয়েছে, কয়েকজনের নাম বিবেচনায় থাকলেও এই পদে সবচেয়ে এগিয়ে রয়েছেন শুভদীপ ঘোষ।

দেবজিৎ সইকিয়া সংবাদ সংস্থা পিটিআই-কে জানান, নতুন ফিল্ডিং কোচ নিয়োগের প্রক্রিয়া চলছে। তাঁর কথায়, দু-তিনটি নাম নিয়ে আলোচনা হচ্ছে। খুব শীঘ্রই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে ক্রিকেট মহলের জোর জল্পনা, ভারতের প্রাক্তন মহিলা দল, ভারত 'এ' এবং অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে দীর্ঘদিন কাজ করা শুভদীপ ঘোষই এই দায়িত্ব পেতে চলেছেন।
রায়ান টেন ডেসকাটের বিদায় নিয়ে একাধিক তথ্য সামনে এসেছে। জানা গিয়েছে, ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীরের অনুরোধেই তিনি সাপোর্ট স্টাফে যোগ দিয়েছিলেন। তাঁকে ফিল্ডিং কোচের দায়িত্ব দেওয়ার আশ্বাস দেওয়া হলেও শেষ পর্যন্ত নির্দিষ্ট কোনও ভূমিকা পাননি। গত দুই বছরে তাঁর দায়িত্ব স্পষ্ট না হওয়ায় তিনি নিজেই সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে সূত্রের খবর।
অন্যদিকে, টি দিলীপের পারফরম্যান্স নিয়েও বোর্ডের মধ্যে অসন্তোষ ছিল। ২০২৫ সালে ইংল্যান্ড সফরের আগে এক বছরের জন্য তাঁর চুক্তি বাড়ানো হলেও তা মূলত দলের এক সিনিয়র তারকা ক্রিকেটারের অনুরোধে করা হয়েছিল বলে জানা যায়। তবে সাম্প্রতিক ইংল্যান্ডের সাদা বলের সিরিজে দলের হতাশাজনক ফিল্ডিং পারফরম্যান্সের পর তাঁর চুক্তি আর নবীকরণ হওয়ার সম্ভাবনা কার্যত শেষ হয়ে যায়।
নতুন ফিল্ডিং কোচ হিসেবে আলোচনায় থাকা শুভদীপ ঘোষের ক্রিকেটজীবনও বেশ সমৃদ্ধ। ১৯৬৮ সালে অসমের ডিগবইয়ে জন্ম তাঁর। ডানহাতি মিডল-অর্ডার ব্যাটার এবং অফ-স্পিনার হিসেবে অসম ও রেলওয়ের হয়ে ঘরোয়া ক্রিকেট খেলেছেন। প্রথম-শ্রেণির ক্রিকেটে ১৭টি ম্যাচে ৩১৬ রান এবং লিস্ট 'এ' ক্রিকেটে ১৭টি ম্যাচে ৩০৭ রান করেছেন তিনি। ১৯৯৪-৯৫ মৌসুমে প্রথম-শ্রেণি এবং লিস্ট 'এ' ক্রিকেটে অভিষেক হয় তাঁর। ২০০৪ সালে শেষ প্রথম-শ্রেণির ম্যাচ এবং ২০০৫ সালে শেষ লিস্ট 'এ' ম্যাচ খেলেন।
খেলোয়াড়ি জীবন শেষ হওয়ার পর কোচিংয়েই নিজের পরিচিতি গড়ে তোলেন শুভদীপ। রাহুল দ্রাবিড় যখন জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির দায়িত্বে ছিলেন, তখন থেকেই তিনি ভারতের ক্রিকেট কাঠামোর সঙ্গে যুক্ত। গত ছয়-সাত বছরে ভারতীয় ক্রিকেটের বিভিন্ন স্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
২০২১ সালে অস্ট্রেলিয়া সফরে ভারতীয় মহিলা দলের ফিল্ডিং কোচ ছিলেন শুভদীপ। এছাড়া ভারত 'এ' এবং ভারতের অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গেও দীর্ঘদিন কাজ করেছেন। ২০২৪ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও তিনি সাপোর্ট স্টাফের সদস্য ছিলেন।
আইপিএলেও তাঁর অভিজ্ঞতা উল্লেখযোগ্য। ২০১৪ সালে কলকাতা নাইট রাইডার্সের ফিল্ডিং কোচ হিসেবে দলের আইপিএল জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পরে দিল্লি ক্যাপিটালসের সঙ্গেও একই দায়িত্বে কাজ করেছেন।
সবকিছু ঠিক থাকলে শ্রীলঙ্কা সফর থেকেই ভারতের নতুন ফিল্ডিং কোচ হিসেবে শুভদীপ ঘোষের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে। ভারতীয় দলের ফিল্ডিংয়ের মান আরও উন্নত করার লক্ষ্যেই এই পরিবর্তনের পথে হাঁটছে বিসিসিআই।
ABOUT THE AUTHORAbhijit Chowdhury২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More
E-Paper


