ভারতের মন্দিরে ঘণ্টা বাজবে না, জঙ্গিদের মঞ্চে হুমকি প্রাক্তন পাকিস্তানি মন্ত্রীর
Ex-Pak Minister Threatens India: ওই সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে রশিদ প্রকাশ্যেই হাফিজ সাইদের প্রতি নিজের আনুগত্য প্রকাশ করেন। ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, 'আমি হাফিজ সাহেবের গোলাম।'
Ex-Pak Minister Threatens India: আবারও পাকিস্তান সরকারের জঙ্গিযোগের প্রমাণ মিলল হাতেনাতে। এবার নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবার প্রতিষ্ঠাতা তথা মুম্বই হামলার মাস্টারমাইন্ড হাফিজ সাইদের প্রশংসা করে বিতর্কে জড়ালেন পাকিস্তানের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ আহমেদ (Sheikh Rasheed Ahmed)। একটি প্রকাশ্য সমাবেশে লস্করের শীর্ষ নেতাদের সঙ্গে তাঁকে একই মঞ্চে দেখা গিয়েছে। শুধু তাই নয়, সেখান থেকে ভারতের (India) বিরুদ্ধে চরম উস্কানিমূলক ও হুমকি দিয়ে মন্তব্য করেছেন তিনি।

হাফিজ সাইদকে নিয়ে বিতর্কিত মন্তব্য
প্রকাশ্যে আসা একটি ভিডিও অনুযায়ী, শেখ রশিদ মঞ্চ শেয়ার করেছেন খালিদ মাসুদ সান্ধুর সঙ্গে, যে একজন শীর্ষ লস্কর কমান্ডার এবং পাকিস্তান মরকজি মুসলিম লিগ-এর সভাপতি এবং কারি মুহাম্মদ ইয়াকুব শেখের সঙ্গে, যে ওই জঙ্গি সংগঠনের কেন্দ্রীয় উপদেষ্টা কমিটির সদস্য। যদিও এই ভিডিওটির সত্যতা যাচাই হিন্দুস্তান টাইমস বাংলা। ওই সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে রশিদ প্রকাশ্যেই হাফিজ সাইদের প্রতি নিজের আনুগত্য প্রকাশ করেন। ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, 'আমি হাফিজ সাহেবের গোলাম।' এছাড়াও তিনি দাবি করেন, অতীতে মার্কিন যুক্তরাষ্ট্রে থাকাকালীন তাঁর ফোনে হাফিজ সাইদের নম্বর ভেসে উঠেছিল। যার জেরে তাঁকে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করা হয়েছিল। তবে এই দাবির পক্ষে তিনি আর কোনও বিস্তারিত তথ্য দেননি।
ভারতের বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্য
এর পরেই ভারতের বিরুদ্ধে সরাসরি হুমকির সুর শোনা যায় রশিদের বক্তব্যে। তিনি বলেন, পাকিস্তান যদি ভারতের দিকে চোখ তুলে তাকায়, তবে আল্লাহ ভারতকে ধ্বংস করে দেবেন। তিনি আরও হুমকি দিয়ে বলেন, পাকিস্তানের বিরুদ্ধে গেলে ভারতে কোনও পাখি ডাকবে না এবং মন্দিরে কোনও ঘণ্টা বাজবে না। তিনি দৃঢ়তার সঙ্গে ঘোষণা করেন যে তাঁরা পাকিস্তান এবং হাফিজ সাইদের সঙ্গেই রয়েছেন। তাঁর এই বক্তব্যের ভিডিও প্রকাশ্যে আসার পরেই তা নিয়ে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।
শেখ রশিদ আহমেদ কে?
শেখ রশিদ আহমেদ পাকিস্তানের রাজনীতিতে পরিচিত মুখ। ইমরান খানের (Imran Khan) সরকারের আমলে ২০২০ থেকে ২০২২ সাল পর্যন্ত তিনি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। তিনি 'আওয়ামি মুসলিম লিগের' প্রতিষ্ঠাতাও। রশিদ অতি কথনের জন্য পরিচিত। অতীতেও তাঁর বিরুদ্ধে জিহাদ এবং পরমাণু যুদ্ধ নিয়ে নানা উস্কানিমূলক মন্তব্য করার দীর্ঘ ইতিহাস রয়েছে। কয়েক বছর আগে মার্কিন যুক্তরাষ্ট্র এই পাকিস্তানি নেতাকে সেই দেশ থেকে বহিষ্কার করে। তার ফোনে হাফিজ সাইদের নম্বর পাওয়া গিয়েছিল। এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের সন্ত্রাসী কার্যকলাপে যুক্ত লোকজনের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে তাঁকে আমেরিকা থেকে বের করে দেওয়া হয়। ফলে প্রাক্তন পাক স্বরাষ্ট্রমন্ত্রীর মতো একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্বকে লস্কর-ঘনিষ্ঠ ব্যক্তিদের সঙ্গে একই মঞ্চে দেখা যাওয়ার ঘটনা স্বাভাবিকভাবেই বাড়তি গুরুত্ব পেয়েছে। বিশেষ করে হাফিজ সাইদের প্রতি প্রকাশ্য সমর্থন এবং ভারতের মন্দির নিয়ে তাঁর মন্তব্যই এখন আলোচনার কেন্দ্রে।
E-Paper

