Sheikh Hasina: হাসিনার গায়ে আঁচড় লাগলেও দায় নিতে হবে তারেক সরকারকে, ঢাকাকে কড়া বার্তা প্রাক্তন পেন্টাগন কর্তার

মাইকেল রুবিনের স্পষ্ট হুঁশিয়ারি, শেখ হাসিনার সামান্য ক্ষতি হলেও তার সম্পূর্ণ দায় নিতে হবে তারেক রহমানের সরকারকে। শুধু তাই নয়, এই বিষয়ে বাংলাদেশের সরকারের সঙ্গে কোনও আপস না করে ভারতকে হাসিনার পাশে দাঁড়ানোর পরামর্শও দিয়েছেন তিনি।

Published on: Nov 27, 2026, 07:56:21 IST
As Prefered on
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হল। তাঁকে দেশে ফেরার ক্ষেত্রে নিরাপত্তা নিয়ে কড়া বার্তা দিলেন আমেরিকার প্রতিরক্ষা দফতর পেন্টাগনের প্রাক্তন আধিকারিক মাইকেল রুবিন। তাঁর স্পষ্ট হুঁশিয়ারি, শেখ হাসিনার সামান্য ক্ষতি হলেও তার সম্পূর্ণ দায় নিতে হবে তারেক রহমানের সরকারকে। শুধু তাই নয়, এই বিষয়ে বাংলাদেশের সরকারের সঙ্গে কোনও আপস না করে ভারতকে হাসিনার পাশে দাঁড়ানোর পরামর্শও দিয়েছেন তিনি।

Sheikh Hasina, 79, has lived in India since her government was ousted in a student-led uprising in August 2024 (PTI FILE) (HT_PRINT)
Sheikh Hasina, 79, has lived in India since her government was ousted in a student-led uprising in August 2024 (PTI FILE) (HT_PRINT)

নিউ ইয়র্কে আয়োজিত ‘বাংলাদেশস ফিউচার’ শীর্ষক একটি আলোচনাসভায় বক্তব্য রাখতে গিয়ে এই মন্তব্য করেন রুবিন। ২০০২ থেকে ২০০৪ সাল পর্যন্ত পেন্টাগনে কর্মরত ছিলেন তিনি। রুবিন বলেন, শেখ হাসিনার মাথার একটি চুলেরও ক্ষতি হলে তারেক রহমান এবং তাঁর সরকারকেই সম্পূর্ণ দায় নিতে হবে। আগেভাগেই বাংলাদেশের প্রধানমন্ত্রীকে এই বার্তা পৌঁছে দেওয়া প্রয়োজন বলে মনে করেন তিনি। আমেরিকার রাষ্ট্রদূত এবং বাংলাদেশে নিযুক্ত অন্যান্য দেশের কূটনীতিকদেরও ঢাকার কাছে একই বার্তা পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রাক্তন এই মার্কিন আধিকারিক।

রুবিনের বক্তব্যে বিশেষ গুরুত্ব পেয়েছে ভারতের ভূমিকা। তাঁর মতে, হাসিনার নিরাপত্তার প্রশ্নে বাংলাদেশের সরকারের সঙ্গে কোনও রকম সমঝোতা করা উচিত নয় নয়াদিল্লির। বরং এই পরিস্থিতিতে ভারতকে দৃঢ় অবস্থান নিতে হবে। হাসিনার পাশে থাকার পাশাপাশি বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির দিকেও নজর রাখা প্রয়োজন বলে তাঁর বক্তব্য।

১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ অগস্ট ছাত্র আন্দোলনের জেরে বাংলাদেশ ছেড়ে ভারতে চলে আসেন শেখ হাসিনা। তার পর থেকে তিনি ভারতেই রয়েছেন। সম্প্রতি আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবসে দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন আওয়ামী লীগ নেত্রী। নিউ ইয়র্কের ওই আলোচনাসভায় তিনি ভার্চুয়াল মাধ্যমে যোগ দিয়েছিলেন। তাঁর দেশে ফেরার দিনক্ষণ ঘোষণার পর থেকেই বাংলাদেশে রাজনৈতিক চাপানউতোর বেড়েছে।

হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলি জানিয়েছেন, ২০২৪ সালের ৫ অগস্ট বাংলাদেশের একটি বিমানে করেই তাঁকে ভারতে আনা হয়েছিল। তাই এ বারও বাংলাদেশের সরকারকে জাতীয় বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মাধ্যমে তাঁর ফেরার ব্যবস্থা করতে হবে। দেশে ফেরার জন্য প্রয়োজনীয় কাগজপত্রের ব্যবস্থাও করতে বলেছেন হাসিনা। তাঁর বক্তব্য, সংবিধানবিরোধী পরিস্থিতিতে তাঁকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছিল। তাই দেশে ফেরার ব্যবস্থা করা সরকারের দায়িত্ব।

কিন্তু হাসিনার প্রত্যাবর্তন নিয়ে একেবারেই নরম নয় ঢাকা। বাংলাদেশের বিদেশমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানিয়েছেন, হাসিনা দেশে ফিরলেই তাঁকে গ্রেফতার করা হবে। তার পর জেলে পাঠিয়ে আইনি প্রক্রিয়া মেনে চলা হবে। অন্য দিকে, বিদেশ মন্ত্রকের প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বক্তব্য, প্রত্যর্পণ প্রক্রিয়া ছাড়া হাসিনাকে বাংলাদেশে ফেরানোর কোনও সুযোগ নেই। তাঁকে হাতকড়া পরিয়েই দেশে ফেরানো হবে বলে মন্তব্য করেছেন তিনি। ফলে হাসিনার নিজের ইচ্ছায় দেশে ফেরা এবং ভারতের কাছ থেকে তাঁকে প্রত্যর্পণের মাধ্যমে ফিরিয়ে আনার প্রশ্নে ঢাকার অবস্থান নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।

এর সঙ্গে যুক্ত হয়েছে হাসিনার বিরুদ্ধে চলা আইনি মামলাও। ২০২৪ সালের আন্দোলনের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বাংলাদেশের আদালতে তাঁর অনুপস্থিতিতেই মৃত্যুদণ্ডের সাজা হয়েছে। ফলে দেশে ফিরলে গ্রেফতার এবং কারাবাসের মুখে পড়তে পারেন তিনি। এই পরিস্থিতিতে তাঁর নিরাপত্তা নিয়ে রুবিনের মন্তব্য বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে আন্তর্জাতিক মহলের একাংশ।

বাংলাদেশে হাসিনা পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি নিয়েও দীর্ঘদিন ধরে সরব রুবিন। এর আগে তিনি মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেছিলেন। জামায়াতে ইসলামীর প্রভাব বৃদ্ধি এবং বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছিলেন তিনি। এ বার সরাসরি তারেক রহমানের সরকারকে সতর্ক করলেন।

তবে রুবিনের এই বক্তব্যকে আমেরিকার সরকারি অবস্থান বলে ধরে নেওয়ার সুযোগ নেই। তিনি পেন্টাগনের প্রাক্তন আধিকারিক। তাঁর মন্তব্য ব্যক্তিগত অবস্থান হিসাবেই বিবেচ্য। তা সত্ত্বেও হাসিনার প্রত্যাবর্তন ঘিরে ভারত-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের উপর যে আন্তর্জাতিক নজর বাড়ছে, তা স্পষ্ট। ১৬ ডিসেম্বর হাসিনা শেষ পর্যন্ত দেশে ফিরতে পারেন কি না, ফিরলে তাঁর নিরাপত্তা এবং আইনি পরিস্থিতি কী দাঁড়ায়, এখন সেদিকেই নজর।

ABOUT THE AUTHOR

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।