ইরান যুদ্ধ থেকে শুল্কনীতি, ভিসায় কড়াকড়ি! মধ্যবর্তী নির্বাচনে জিতে ট্রাম্পের ক্ষমতায় লাগাম টানতে পারবে ডেমোক্র্যাটরা?

প্রেসিডেন্টের হাতে এখনও বেশ কিছু গুরুত্বপূর্ণ ক্ষমতা থাকবে। ৩ জানুয়ারি নতুন কংগ্রেসের অধিবেশন শুরু হওয়ার পর ডেমোক্র্যাটরা তদন্ত কমিটি গঠন এবং প্রশাসনের বিভিন্ন সিদ্ধান্তের হিসাব চাওয়ার সুযোগ পাবে। ইরান যুদ্ধ, অভিবাসন নীতির প্রয়োগ এবং প্রশাসনের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ নিয়েও তদন্ত হতে পারে।

Published on: Nov 4, 2026, 14:26:48 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

আমেরিকার মধ্যবর্তী নির্বাচনে বড় ধাক্কা খেলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ৩ নভেম্বরের নির্বাচনে গুরুত্বপূর্ণ জয় পেয়েছে ডেমোক্র্যাটরা। আগামী জানুয়ারি থেকে কংগ্রেসের দুই কক্ষের নিয়ন্ত্রণ তাদের হাতে চলে যাবে। ফলে ট্রাম্প প্রশাসনের একাধিক সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলার এবং তদন্ত চালানোর সুযোগ পাবে বিরোধী শিবির। বিশেষ করে ইরানের সঙ্গে যুদ্ধ, রাশিয়ার তেল কেনা দেশগুলির উপর শুল্ক চাপানো এবং অভিবাসন ও ভিসা নীতিতে কড়াকড়ি নিয়ে ট্রাম্পকে চাপে ফেলতে পারে ডেমোক্র্যাটরা। তবে কংগ্রেসের নিয়ন্ত্রণ পেলেই যে প্রেসিডেন্টের সমস্ত সিদ্ধান্ত বদলে দেওয়া যাবে, এমন নয়। আমেরিকার সংবিধান অনুযায়ী প্রেসিডেন্টের হাতে এখনও বেশ কিছু গুরুত্বপূর্ণ ক্ষমতা থাকবে।

TOPSHOT - US President Donald Trump looks on at a midterm campaign rally at Salina Regional Airport in Salina, Kansas on November 1, 2026. (Photo by Brendan SMIALOWSKI / AFP) (AFP)
TOPSHOT - US President Donald Trump looks on at a midterm campaign rally at Salina Regional Airport in Salina, Kansas on November 1, 2026. (Photo by Brendan SMIALOWSKI / AFP) (AFP)

আগামী ৩ জানুয়ারি নতুন কংগ্রেসের অধিবেশন শুরু হওয়ার পর ডেমোক্র্যাটরা তদন্ত কমিটি গঠন এবং প্রশাসনের বিভিন্ন সিদ্ধান্তের হিসাব চাওয়ার সুযোগ পাবে। ইরান যুদ্ধ, অভিবাসন নীতির প্রয়োগ এবং প্রশাসনের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ নিয়েও তদন্ত হতে পারে। হাউস ওভারসাইট কমিটির দায়িত্ব পেতে পারেন ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাট নেতা রবার্ট গার্সিয়া। তিনি ইতিমধ্যেই রিপাবলিকানদের উদ্দেশে সতর্কবার্তা দিয়েছেন।

তবে ট্রাম্পকে সরাসরি আটকানো সহজ হবে না। কারণ, সেনেটে কোনও বিল পাশ করাতে সাধারণত ৬০টি ভোট প্রয়োজন হয়। ডেমোক্র্যাটদের হাতে সেই সংখ্যাগরিষ্ঠতা থাকবে না। তা ছাড়া কংগ্রেসে পাশ হওয়া কোনও বিলে প্রেসিডেন্ট ভেটো দিতে পারেন। সেই ভেটো অগ্রাহ্য করতে হলে কংগ্রেসের দুই কক্ষেই দুই-তৃতীয়াংশ ভোট প্রয়োজন।

ইরান যুদ্ধ নিয়ে চাপে ট্রাম্প

ইরানের সঙ্গে আমেরিকার যুদ্ধ ডেমোক্র্যাটদের অন্যতম প্রধান হাতিয়ার হতে পারে। গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া এই যুদ্ধে ইতিমধ্যে ৪৭০০ কোটি ডলারের বেশি খরচ হয়েছে বলে পেন্টাগনের তথ্য উল্লেখ করে জানিয়েছে রয়টার্স। এর আগে জুন মাসে দুই কক্ষেই ট্রাম্পকে সামরিক অভিযান বন্ধ করার নির্দেশ দিয়ে প্রস্তাব পাশ হয়েছিল। কিন্তু হোয়াইট হাউস সেই প্রস্তাবকে অসাংবিধানিক এবং বাধ্যতামূলক নয় বলে দাবি করে।

এ বার যুদ্ধের জন্য নতুন করে অর্থ বরাদ্দ আটকে দেওয়ার চেষ্টা করতে পারেন ডেমোক্র্যাটরা। যদিও পেন্টাগনের হাতে আগে থেকে থাকা অর্থ দিয়ে সামরিক অভিযান চলতে পারে। ফলে সঙ্গে সঙ্গে যুদ্ধ বন্ধ করা সম্ভব নয়। প্রতিরক্ষা সচিব পিট হেগসেথের ভূমিকা নিয়েও তদন্তের সম্ভাবনা রয়েছে।

শুল্কনীতি নিয়েও বাড়বে নজরদারি

ট্রাম্পের শুল্কনীতি নিয়েও প্রশ্ন তুলতে পারে নতুন কংগ্রেস। রাশিয়ার তেল কেনার কারণে ভারত-সহ পাঁচটি বড় ক্রেতা দেশের উপর ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক চাপানোর ক্ষমতা দিয়েছিল গ্রাহাম আইন। গত ১৯ সেপ্টেম্বর সেই আইনে সই করেন ট্রাম্প। কিন্তু ১৬ অক্টোবর জাতীয় স্বার্থের কথা বলে অধিকাংশ শুল্ক স্থগিত করেন তিনি। ভারতও এই সিদ্ধান্তের আওতায় ছিল। ডেমোক্র্যাটরা এ বার এই সিদ্ধান্তের ব্যাখ্যা চাইতে পারে। ভবিষ্যতে নতুন শুল্ক আরোপের ক্ষমতা দেওয়ার ক্ষেত্রেও বাধা তৈরি করতে পারে তারা।

ভারতীয়দের ভিসা নিয়েও প্রশ্ন

ট্রাম্পের অভিবাসন নীতির প্রভাব পড়েছে ভারতীয়দের উপরেও। এইচ-১বি ভিসার অনুমোদিত আবেদনকারীদের প্রায় ৭১ শতাংশই ভারতীয়। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ৩ লক্ষ ৬৩ হাজারের বেশি ভারতীয় পড়ুয়া আমেরিকায় গিয়েছেন। নতুন এইচ-১বি আবেদনে এক লক্ষ ডলার ফি চালু করেছেন ট্রাম্প। ভবিষ্যতে তা বাড়িয়ে ১ লক্ষ ৩ হাজার ২৬৫ ডলার করার প্রস্তাবও রয়েছে। বিদেশি পড়ুয়াদের কাজের সুযোগ এবং গ্রিন কার্ডের ক্ষেত্রেও একাধিক কড়াকড়ির পরিকল্পনা করছে প্রশাসন।

ডেমোক্র্যাটরা এই বিপুল ফি আদায়ের আইনি বৈধতা নিয়ে প্রশ্ন তুলতে পারে। তবে ইতিমধ্যে কার্যকর হওয়া নিয়ম বাতিল করা তাদের পক্ষে সহজ হবে না।

সব মিলিয়ে মধ্যবর্তী নির্বাচনের ফল ট্রাম্প প্রশাসনের উপর কংগ্রেসের নজরদারি অনেকটাই বাড়িয়ে দেবে। বিশেষ করে ইরান যুদ্ধ, রাশিয়া সংক্রান্ত শুল্কনীতি এবং অভিবাসন নীতিতে প্রেসিডেন্টকে একাধিক প্রশ্নের মুখে পড়তে হতে পারে। তবে কংগ্রেসের নিয়ন্ত্রণ হারালেও হোয়াইট হাউসের হাতে থাকা নির্বাহী ক্ষমতা ট্রাম্পকে অনেকটাই সুরক্ষা দেবে।

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More