Ganga Pact Update: জলবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে ডিসেম্বরে, তার আগে ঢাকায় গঙ্গা নিয়ে বৈঠকে ভারত-বাংলাদেশের

৩০ বছরের পুরনো চুক্তির ভবিষ্যৎ নিয়ে এখনও কোনও ঐকমত্য তৈরি হয়নি। ১৯৯৬ সালের ১২ ডিসেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়া এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে এই চুক্তিতে স্বাক্ষর করেছিলেন। 

Published on: Nov 23, 2026, 08:46:59 IST
As Prefered on
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

আর মাত্র কয়েক সপ্তাহ। আগামী ১২ ডিসেম্বর শেষ হতে চলেছে ভারত ও বাংলাদেশের মধ্যে ১৯৯৬ সালে স্বাক্ষরিত ঐতিহাসিক গঙ্গার জলবণ্টন চুক্তির ৩০ বছরের মেয়াদ। তার আগেই ঢাকায় বৈঠকে বসল ভারত-বাংলাদেশের যৌথ নদী কমিশন (জেআরসি)। রবিবার (২২ নভেম্বর) অনুষ্ঠিত হল দুই দেশের যৌথ কমিটির ৯১তম বৈঠক। গঙ্গার জলবণ্টন চুক্তির বাস্তবায়ন পরিস্থিতি পর্যালোচনা, শুষ্ক মরশুমে নদীর জলপ্রবাহের পরিমাপ এবং তথ্য আদানপ্রদান নিয়েই মূলত আলোচনা হয়েছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, চুক্তির মেয়াদ বাড়ানো বা নতুন চুক্তি স্বাক্ষরের বিষয়ে এই বৈঠকে কোনও সিদ্ধান্ত হয়নি। ফলে ফরাক্কা ব্যারাজ এবং গঙ্গার জলবণ্টন নিয়ে ভারত-বাংলাদেশের ভবিষ্যৎ সমঝোতা এখনও অনিশ্চিত।

জলবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে ডিসেম্বরে, তার আগে ঢাকায় গঙ্গা নিয়ে বৈঠকে ভারত-বাংলাদেশের
জলবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে ডিসেম্বরে, তার আগে ঢাকায় গঙ্গা নিয়ে বৈঠকে ভারত-বাংলাদেশের

প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী, রবিবার ঢাকায় আয়োজিত এই বৈঠকে দুই দেশের প্রতিনিধিরা ১৯৯৬ সালের গঙ্গার জলবণ্টন চুক্তির বাস্তবায়ন নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বৈঠকে ২০২৬ সালের বার্ষিক বাস্তবায়ন প্রতিবেদন চূড়ান্ত করা হয়েছে। পাশাপাশি শুষ্ক মরশুমে গঙ্গা ও পদ্মা নদীর জলপ্রবাহ সংক্রান্ত পরিমাপ এবং পর্যবেক্ষণের তথ্য বিনিময় করা হয়েছে।

ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন শরদ চন্দ্র। তিনি জলশক্তি মন্ত্রকের অধীন জলসম্পদ বিভাগের প্রতিনিধি হিসেবে বৈঠকে যোগ দেন। অন্যদিকে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন যৌথ নদী কমিশনের সদস্য মহম্মদ আনোয়ার কাদির। মূলত চুক্তির আওতায় নদীর জলপ্রবাহ পর্যবেক্ষণ এবং দুই দেশের মধ্যে নিয়মিত তথ্য বিনিময়ের বিষয়টিই গুরুত্ব পেয়েছে।

কিন্তু এই বৈঠকের সবচেয়ে বড় তাৎপর্য হল, ৩০ বছরের পুরনো চুক্তির ভবিষ্যৎ নিয়ে এখনও কোনও ঐকমত্য তৈরি হয়নি। ১৯৯৬ সালের ১২ ডিসেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়া এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে এই চুক্তিতে স্বাক্ষর করেছিলেন। ফরাক্কা ব্যারাজে গঙ্গার জলপ্রবাহের ভিত্তিতে ১ জানুয়ারি থেকে ৩১ মে পর্যন্ত ১০ দিন অন্তর জলবণ্টনের নিয়ম নির্ধারিত হয়েছিল। চুক্তির মেয়াদ শেষ হচ্ছে ১২ ডিসেম্বর, ২০২৬।

বাংলাদেশের তরফে নতুন চুক্তিতে একটি বিশেষ গ্যারান্টি ক্লজ রাখার দাবি উঠেছে। ঢাকার বক্তব্য, শুষ্ক মরশুমে নদীতে জলের পরিমাণ কমে গেলেও বাংলাদেশ যেন নির্দিষ্ট পরিমাণ জল পায়, তার নিশ্চয়তা দিতে হবে। ১৯৭৭ সালের জলবণ্টন চুক্তিতে থাকা গ্যারান্টি ক্লজের মতো ব্যবস্থা ফিরিয়ে আনার পক্ষেও সওয়াল করেছে বাংলাদেশ। বাংলাদেশের জলসম্পদমন্ত্রী শহিদ উদ্দিন চৌধুরী আনে এই দাবিকে অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছেন।

অন্যদিকে ভারতের কাছে বিষয়টি আরও বিস্তৃত। ফরাক্কা ব্যারাজের জলবণ্টনের সঙ্গে পশ্চিমবঙ্গ ও বিহারের কৃষি, পানীয় জল, শিল্প এবং পরিবেশগত ভারসাম্যের প্রশ্ন জড়িয়ে রয়েছে। বিহারের একাধিক রাজনৈতিক নেতা বর্তমান চুক্তির বিরোধিতা করেছেন। জেডিইউ নেতা সঞ্জয় কুমার ঝা দাবি করেছেন, বর্তমান চুক্তির ফলে বিহারের পরিবেশ ও অর্থনীতির উপর নেতিবাচক প্রভাব পড়েছে। তাই পুরনো শর্তে চুক্তি নবীকরণের বিরোধিতা করেছেন তিনি।

এদিকে ভারত সরকারও পশ্চিমবঙ্গ-সহ সংশ্লিষ্ট রাজ্যগুলির মতামতকে গুরুত্ব দিচ্ছে। লোকসভায় বিদেশ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে পানীয় জল ও শিল্পের জন্য জলের প্রয়োজনীয়তা সংক্রান্ত মতামত নেওয়া হয়েছে। কেন্দ্রের আন্তঃমন্ত্রক আলোচনাতেও রাজ্যের প্রতিনিধিরা অংশ নিয়েছেন। অর্থাৎ নতুন চুক্তির ক্ষেত্রে শুধু বাংলাদেশের দাবি নয়, ভারতের অভ্যন্তরীণ জলসম্পদের প্রয়োজনও বিবেচনায় রাখতে চাইছে নয়াদিল্লি।

সব মিলিয়ে, ঢাকার ৯১তম বৈঠকে প্রযুক্তিগত আলোচনা ও বার্ষিক প্রতিবেদন চূড়ান্ত হলেও গঙ্গার জলবণ্টন চুক্তির ভবিষ্যৎ এখনও রাজনৈতিক সিদ্ধান্তের অপেক্ষায়। ১২ ডিসেম্বরের আগে ভারত ও বাংলাদেশ নতুন সমঝোতায় পৌঁছতে পারে কি না, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। বিশেষ করে পশ্চিমবঙ্গ ও বিহারের স্বার্থ সুরক্ষিত রেখে প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে জলবণ্টনের ভারসাম্য বজায় রাখা মোদী সরকারের সামনে গুরুত্বপূর্ণ কূটনৈতিক চ্যালেঞ্জ।

ABOUT THE AUTHOR

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।