Germany Stops Use of Chinese Drone: চিনা ড্রোন ব্যবহার বন্ধ করছে জার্মান সেনা! গুপ্তচরবৃত্তির আশঙ্কায় বড় পদক্ষেপ

এতদিন প্রশিক্ষণ, সামরিক মহড়া এবং লক্ষ্যবস্তুতে আঘাত হানার অনুশীলনের জন্য চিনা ড্রোন ব্যবহার করত জার্মান সেনা। কিন্তু এবার সেই ড্রোনগুলি সরিয়ে জার্মানি ও ইউরোপের অন্যান্য দেশের তৈরি ড্রোন ব্যবহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Published on: Nov 12, 2026, 14:34:29 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

চিনের সঙ্গে পশ্চিমী দেশগুলির সংঘাত এবার আরও এক নতুন মাত্রা পেল। নিরাপত্তা ও গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চিনা সংস্থার তৈরি ড্রোন ব্যবহার সম্পূর্ণ বন্ধ করার সিদ্ধান্ত নিল জার্মানির সামরিক বাহিনী। এতদিন প্রশিক্ষণ, সামরিক মহড়া এবং লক্ষ্যবস্তুতে আঘাত হানার অনুশীলনের জন্য চিনা ড্রোন ব্যবহার করত জার্মান সেনা। কিন্তু এবার সেই ড্রোনগুলি সরিয়ে জার্মানি ও ইউরোপের অন্যান্য দেশের তৈরি ড্রোন ব্যবহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, চিনা ড্রোনের ক্যামেরা, সেন্সর এবং তথ্য আদানপ্রদানের প্রযুক্তির মাধ্যমে জার্মান সেনাবাহিনীর গোপন তথ্য বেজিংয়ের হাতে পৌঁছে যেতে পারে।

চিনা ড্রোন ব্যবহার বন্ধ করছে জার্মান সেনা! গুপ্তচরবৃত্তির আশঙ্কায় বড় পদক্ষেপ (Ukrainian 65 Mechanized brigade )
চিনা ড্রোন ব্যবহার বন্ধ করছে জার্মান সেনা! গুপ্তচরবৃত্তির আশঙ্কায় বড় পদক্ষেপ (Ukrainian 65 Mechanized brigade )

জার্মান সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি এই সিদ্ধান্ত কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে দেশের সামরিক বাহিনী Bundeswehr-এর বিভিন্ন ইউনিটকে। জার্মান প্রতিরক্ষা মন্ত্রকের এক মুখপাত্র জানিয়েছেন, চিনা ড্রোন আর ব্যবহার করা হবে না। এতদিন তুলনামূলক কম দামের কারণে প্রশিক্ষণ ও বিভিন্ন অনুশীলনের জন্য এই ড্রোনগুলি কেনার অনুমতি ছিল। কিন্তু এখন সেগুলি সরিয়ে ইউরোপীয় প্রযুক্তিতে তৈরি ড্রোন ব্যবহার করা হবে।

কেন হঠাৎ এই সিদ্ধান্ত? এর পিছনে রয়েছে মূলত তথ্য চুরির আশঙ্কা। আধুনিক ড্রোনগুলিতে উন্নত ক্যামেরা, জিপিএস, সেন্সর এবং ওয়্যারলেস ডেটা ট্রান্সমিশন প্রযুক্তি থাকে। ফলে কোনও সামরিক ঘাঁটি, প্রশিক্ষণ কেন্দ্র কিংবা অস্ত্রের অবস্থানের ছবি ও তথ্য ড্রোনের মাধ্যমে সংগ্রহ করা সম্ভব। পশ্চিমী গোয়েন্দা মহলের আশঙ্কা, চিনা প্রযুক্তিতে তৈরি ড্রোনের মাধ্যমে এই ধরনের সংবেদনশীল তথ্য বিদেশে পাঠানো হতে পারে। বিশেষ করে সামরিক মহড়ার ধরন, সেনার অবস্থান, অস্ত্রশস্ত্র এবং সামরিক পরিকাঠামো সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য শত্রুপক্ষের হাতে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে।

এই সিদ্ধান্তের ফলে চিনের অন্যতম বৃহৎ ড্রোন প্রস্তুতকারী সংস্থা DJI-র তৈরি ড্রোনও জার্মান সেনাবাহিনীর ব্যবহার থেকে বাদ পড়বে। উল্লেখযোগ্য বিষয় হল, ২০২৪ সালে জার্মানির ড্রোন ব্যবহারের কৌশলের আওতায় একটি অনুমোদিত তালিকা বা White List তৈরি করা হয়েছিল। সেই তালিকায় চিনের DJI-র একাধিক মডেলও ছিল। সেনাবাহিনীর স্থানীয় কমান্ডাররা প্রয়োজন অনুযায়ী বাজার থেকে এই ড্রোন কিনতে পারতেন। কিন্তু পরবর্তীকালে নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠায় সেই সিদ্ধান্ত থেকে সরে এল বার্লিন। ঠিক কতগুলি চিনা ড্রোন বর্তমানে জার্মান সেনার হাতে রয়েছে, তা অবশ্য প্রকাশ করেনি প্রতিরক্ষা মন্ত্রক।

এদিকে চিনা সংস্থার বিরুদ্ধে ওঠা অভিযোগ মেনে নিতে নারাজ DJI। সংস্থার দাবি, তাদের ড্রোন কোনও নিরাপত্তা ঝুঁকি তৈরি করে না। এমনকী, চলতি বছরের মে মাসে মার্কিন আইনপ্রণেতাদের কাছে সংস্থাটি জানিয়েছিল, স্বাধীন পর্যালোচনায় আমেরিকার বাইরে তথ্য পাঠানোর কোনও প্রমাণ পাওয়া যায়নি। অন্যদিকে, জার্মানির এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছে চিনের বিদেশ মন্ত্রক। তাদের বক্তব্য, চিনা পণ্যকে নিশানা করে বৈষম্যমূলক আচরণ করছে জার্মানি।

শুধু জার্মানি নয়, চিনা প্রযুক্তি নিয়ে উদ্বেগ বাড়ছে অন্যান্য পশ্চিমী দেশেও। গত ফেব্রুয়ারিতে পোল্যান্ডের সামরিক ঘাঁটিতে চিনা গাড়ির প্রবেশ নিষিদ্ধ করা হয়েছিল। জাপানের ওকিনাওয়া দ্বীপে মার্কিন সামরিক ঘাঁটিতেও চিনা সংস্থা BYD-র তৈরি গাড়ি ব্যবহারে নিষেধাজ্ঞা জারি হয়েছে বলে জানিয়েছে Reuters। আধুনিক গাড়ির সেন্সর ও ক্যামেরার মাধ্যমেও গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহের আশঙ্কা রয়েছে।

জার্মান প্রতিরক্ষা মন্ত্রক অবশ্য জানিয়েছে, কোনও নির্দিষ্ট দেশের সমস্ত প্রযুক্তি ব্যবহারের উপর সামগ্রিক নিষেধাজ্ঞা জারি করা হয়নি। প্রতিটি ক্ষেত্রে নিরাপত্তা, তথ্যপ্রযুক্তি এবং তথ্যের গোপনীয়তা সংক্রান্ত ঝুঁকি বিচার করেই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপ শুধু ড্রোন কেনাবেচার বিষয় নয়, বরং ইউরোপের সামরিক প্রযুক্তিতে চিনের উপর নির্ভরতা কমানোর বৃহত্তর কৌশলের অংশ। ভবিষ্যতের যুদ্ধে ড্রোন ও তথ্যপ্রযুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। তাই সামরিক ক্ষেত্রে প্রযুক্তিগত স্বাধীনতা এবং তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতেই এবার চিনা ড্রোন থেকে মুখ ফেরাচ্ছে জার্মানি।

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More