Govt on CBSE OSM Row Update: CBSE-র বোর্ড পরীক্ষায় OSM বিভ্রাটে দায় স্বীকার কেন্দ্রের, সংশোধনের আশ্বাস শিক্ষামন্ত্রীর
শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানিয়েছেন, ডিজিটাল মূল্যায়ন ব্যবস্থায় কিছু প্রযুক্তিগত ও পরিচালনাগত ত্রুটি সামনে এসেছে এবং তা সংশোধনের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে।
সিবিএসইর নতুন অন স্ক্রিন মার্কিং বা ওএসএম পদ্ধতি নিয়ে দেশজুড়ে তৈরি হওয়া বিতর্কের মধ্যে এবার সমস্যার কথা স্বীকার করল কেন্দ্রীয় সরকার। প্রতিবেদন অনুযায়ী, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানিয়েছেন, ডিজিটাল মূল্যায়ন ব্যবস্থায় কিছু প্রযুক্তিগত ও পরিচালনাগত ত্রুটি সামনে এসেছে এবং তা সংশোধনের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। এই নিয়ে আইআইটি মাদ্রাস এবং আইআইটি কানপুর কাজ শুরু করেছে বলে জানান ধর্মেন্দ্র প্রধান।

প্রতিবেদন সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি সিবিএসইর দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফল প্রকাশের পর একাধিক ছাত্রছাত্রী ও অভিভাবক ওএসএম পদ্ধতি নিয়ে অভিযোগ তোলেন। কারও দাবি ছিল নম্বর ভুল এসেছে, আবার কেউ অভিযোগ করেন স্ক্যান করা উত্তরপত্রে অস্পষ্টতা রয়েছে। কিছু ক্ষেত্রে পুনর্মূল্যায়নের সময় অন্যের উত্তরপত্র দেখানোর অভিযোগও সামনে আসে। এই ঘটনাগুলি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই বিতর্ক আরও তীব্র হয়।
এই পরিস্থিতিতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী জানিয়েছেন, ছাত্রছাত্রীদের উদ্বেগ সরকার গুরুত্ব সহকারে দেখছে। তিনি বলেন, ডিজিটাল মূল্যায়ন ব্যবস্থাকে আরও নির্ভুল ও স্বচ্ছ করতে প্রয়োজনীয় সংশোধন করা হবে। একইসঙ্গে যাঁদের নম্বর বা মূল্যায়ন নিয়ে সমস্যা রয়েছে, তাঁদের অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
প্রতিবেদন অনুযায়ী, সিবিএসই-ও স্বীকার করেছে যে নতুন ডিজিটাল পদ্ধতিতে কিছু প্রযুক্তিগত সমস্যা হয়েছিল। তবে বোর্ডের দাবি, অধিকাংশ ক্ষেত্রেই মূল্যায়ন সঠিকভাবে সম্পন্ন হয়েছে এবং সীমিত কিছু সমস্যাই সামনে এসেছে। বোর্ড আরও জানিয়েছে, ভবিষ্যতে যাতে এই ধরনের বিভ্রাট না ঘটে, তার জন্য প্রযুক্তিগত পরিকাঠামো আরও শক্তিশালী করা হবে।
এদিকে বিরোধী রাজনৈতিক দলগুলিও এই ইস্যুতে কেন্দ্রকে আক্রমণ করেছে। কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী আগেই ওএসএম ব্যবস্থায় 'বড় ধরনের কারচুপি'র অভিযোগ তুলেছিলেন। যদিও সিবিএসই সেই অভিযোগ অস্বীকার করেছে। এখন কেন্দ্রের দায় স্বীকার ও সংশোধনের আশ্বাসের পর বিতর্ক কোন দিকে যায়, সেদিকেই নজর রয়েছে শিক্ষা মহলের।
ABOUT THE AUTHORAbhijit Chowdhury২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More
E-Paper


