GTA 6: দীর্ঘ অপেক্ষার অবসান! প্রথম দিনেই আয় ২২,০০০ কোটি, ইতিহাসের সব রেকর্ড ভাঙল ‘জিটিএ ৬’
GTA 6: ‘সেন্সর টাওয়ার’-এর তথ্য অনুযায়ী, প্রি-অর্ডার এবং মুক্তির প্রথম দিনের বিক্রি মিলিয়ে ওপেন-ওয়ার্ল্ড অ্যাকশন-অ্যাডভেঞ্চার ঘরানার এই গেমটির ২ কোটি ৪৫ লক্ষেরও বেশি কপি বিক্রি হয়েছে।
GTA 6: গেমারদের (ভিডিও গেম খেলেন যাঁরা) দীর্ঘ ১৩ বছরের অপেক্ষার অবসান! বৃহস্পতিবার মধ্যরাতে বিশ্বজুড়ে আনুষ্ঠানিক ভাবে মুক্তি পেল বহুল প্রতীক্ষিত ভিডিও গেম ‘গ্র্যান্ড থেফট অটো ৬’ বা ‘জিটিএ ৬’ (Grand Theft Auto 6)। আর মুক্তির প্রথম দিনেই গেমটি বিনোদন জগতের ইতিহাসে সবচেয়ে বড় ব্যবসায়িক সাফল্যের রেকর্ড গড়েছে বলে ধারণা করা হচ্ছে। এর আগের সংস্করণ ‘জিটিএ ৫’ মুক্তি পেয়েছিল ২০১৩ সালের সেপ্টেম্বরে। তার পর থেকে গেমপ্রেমীদের মনে একটাই প্রশ্ন ছিল, কবে মুক্তি পাবে ‘জিটিএ ৬।’ দীর্ঘ ১৩ বছর পর সেই অপেক্ষা অবশেষে শেষ হল।

বাজার বিশ্লেষণকারী সংস্থা ‘সেন্সর টাওয়ার’-এর তথ্য অনুযায়ী, প্রি-অর্ডার এবং মুক্তির প্রথম দিনের বিক্রি মিলিয়ে ওপেন-ওয়ার্ল্ড অ্যাকশন-অ্যাডভেঞ্চার ঘরানার এই গেমটির ২ কোটি ৪৫ লক্ষেরও বেশি কপি বিক্রি হয়েছে। এর ফলে প্রথম দিনেই গেমটির আয় দাঁড়িয়েছে প্রায় ২.৩৬ বিলিয়ন (২১,৯৫২ কোটি টাকা) মার্কিন ডলারেও বেশি। তুলনামূলকভাবে দেখা যায়, চলতি বছরের এখন পর্যন্ত সর্বোচ্চ আয়কারী ছবি ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ প্রেক্ষাগৃহে পুরো প্রদর্শনী শেষে আয় করেছিল ২.৫ বিলিয়ন ডলার। গেমটির নির্মাতা ‘রকস্টার গেমস’ এবং এর মূল কোম্পানি ‘টেক-টু ইন্টারঅ্যাকটিভ’ এখনও আনুষ্ঠানিক বিক্রির পরিসংখ্যান প্রকাশ করেনি। তবে তারা জানিয়েছে, গেমটির চাহিদা ছিল ‘নজিরবিহীন।’
প্রায় তিন দশক পুরনো রকস্টারের এই ক্রাইম সিমুলেটর সিরিজের সর্বশেষ সংস্করণ ‘জিটিএ ৬।’ আমেরিকান ড্রিমের ওপর ব্যঙ্গাত্মক দৃষ্টিভঙ্গিতে তৈরি এই গেমটিতে খেলোয়াড়দের মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার আদলে তৈরি কাল্পনিক অঙ্গরাজ্য ‘লিওনিডা’য় পেশাদার অপরাধীর ভূমিকায় দেখা যাবে। নতুন এই পর্বে লুসিয়া এবং তার সঙ্গী জেসন নামের দুই অপরাধীর গল্প তুলে ধরা হয়েছে। মনে করা হচ্ছে, জিটিএ ৬ তৈরি করতে ১ বিলিয়ন থেকে ১.৫ বিলিয়ন খরচ হয়েছে, যা এটিকে ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল ভিডিও গেমে পরিণত করেছে। সেন্সর টাওয়ারের হিসেব অনুযায়ী, গেমটির মোট বিক্রির প্রায় তিন-চতুর্থাংশই হয়েছে ‘প্লেস্টেশন ৫’-এর জন্য এবং বাকি অংশ ‘এক্সবক্স’ কনসোলের জন্য। সংস্থাটি আরও পূর্বাভাস দিয়েছে যে, জিটিএ ৬-এর জনপ্রিয়তার কারণে গেমাররা অন্যান্য সিঙ্গেল-প্লেয়ার গেমে ১০ শতাংশ কম সময় ব্যয় করবেন।
গেমিং বাজার গবেষণাকারী সংস্থা ‘নিকো পার্টনার্স’ মনে করছে, চলতি বছরেই বিশ্বজুড়ে জিটিএ ৬-এর বিক্রি ৩ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে। তবে মুদ্রাস্ফীতি সমন্বয় করলে ১৯৩৯ সালের ক্ল্যাসিক চলচ্চিত্র ‘গন উইথ দ্য উইন্ড’-এর ৪.৫ বিলিয়ন ডলারের সর্বকালীন আয় ছাড়াতে গেমটিকে আরও কিছুটা পথ পাড়ি দিতে হবে। বৃহস্পতিবার মধ্যরাতে বিভিন্ন টাইম জোনে গেমটি মুক্তি পাওয়ার পরপরই বিশ্বজুড়ে গেমারদের মধ্যে ব্যাপক উন্মাদনা দেখা যায়। অনেকেই রাত জেগে গেমটি খেলেছেন এবং কেউ কেউ শুক্রবার কর্মস্থল থেকে ছুটি নিয়েছেন। কনসোলে গেমটির ২১২ গিগাবাইটের বিশাল ফাইল ডাউনলোড করতে গিয়ে ব্রিটেনের টেলিযোগাযোগ প্রতিষ্ঠান ‘ভার্জিন মিডিয়া ও২ ’-এর সন্ধ্যার ইন্টারনেট ট্রাফিকের অতীতের সব রেকর্ড ভেঙে গেছে। সমালোচকদের কাছ থেকেও অভাবনীয় প্রশংসা পাচ্ছে গেমটি। বিনোদন ও গেমিং মাধ্যম ‘আইজিএন’ এটিকে একটি ‘আপসহীনভাবে নির্মিত’ মাস্টারপিস হিসেবে বর্ণনা করেছে।
E-Paper

