Hardik Pandya: আইপিএলে ফ্লপ, ‘অন্তর্ধান’ ভেলকির পর অবশেষে ইনস্টায় খোঁজ মিলল হার্দিকের
আইপিএল শেষ হতেই কার্যত ‘নিখোঁজ’ হয়ে গিয়েছিলেন মুম্বইয়ের নতুন অধিনায়ক হার্দিক পাণ্ড্য। অবশেষে সেই ‘অজ্ঞাতবাস’ কাটালেন।
বুধবার যাঁরা হঠাৎ ইনস্টাগ্রামে টিম ইন্ডিয়ার অলরাউন্ডার তথা মুম্বই ইন্ডিয়ান্স (MI) অধিনায়ক হার্দিক পাণ্ড্যর প্রোফাইল হাতড়েছেন, তাঁদের স্ক্রিনে ভেসে উঠেছে তিনটি শব্দ— ‘ইউজার নট ফাউন্ড’। কিছুক্ষণের জন্য অ্যাকাউন্টটি প্রাইভেট, আর তারপরেই ‘সামথিং ওয়েন্ট রং’। আইপিএল ২০২৬-এ মুম্বইয়ের নবম স্থানে শেষ করার ধাক্কা সামলাতে না পেরেই কি তবে সমাজমাধ্যম থেকে ‘ডিলেট’ হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন জুনিয়র পাণ্ড্য? ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই অবশ্য অ্যাকাউন্ট রিঅ্যাক্টিভেট করেছেন তিনি, কিন্তু ততক্ষণে যা ঘটার ঘটে গিয়েছে। নেটপাড়ায় এখন আর মুম্বইয়ের ভরাডুবি নয়, চর্চায় হার্দিকের ‘চেন্নাই কানেকশন’।

ফোনে সাতটা বেজে সাত মিনিট! ধোনির ডেরায় পাণ্ড্য?
আইপিএল শেষ হতে না হতেই হার্দিক একটি ছবি পোস্ট করেছিলেন সমাজমাধ্যমে। সেই ছবির ভেতরেই লুকিয়ে ছিল এক চরম রহস্য। নেটিজেনরা খেয়াল করেন, হার্দিকের ফোনের স্ক্রিনে তখন সময় দেখাচ্ছে ‘০৭:০৭’। ব্যস, ইন্টারনেট দুনিয়ায় দাবানল ছড়াতে এটুকুই যথেষ্ট ছিল। ‘০৭’ মানেই তো মহেন্দ্র সিং ধোনি! তবে কি ২০২৪-এ গুজরাত ছেড়ে মুম্বইয়ে আসার মতো এবার মুম্বইয়ের ল্যাজেগোবরে দশা দেখে চেন্নাই সুপার কিংসে (CSK) ট্রেড হতে চলেছেন হার্দিক?
ঘিউয়ে আগুন ঢেলেছেন সিএসকে তারকা রবিচন্দ্রন অশ্বিন স্বয়ং। নিজের এক্স (টুইটার) হ্যান্ডেলে অশ্বিন রহস্যের সুরে লিখেছেন— "পাথিরানা, ০৭:০৭ এবং স্টোকস!" অশ্বিনের এই পোস্টের পর জল্পনা এখন তুঙ্গে। রোহিত শর্মাকে সরিয়ে মুম্বইয়ের তখতে বসে যে কাঁটার মুকুট হার্দিক পরেছিলেন, তা থেকে মুক্তি পেতেই কি এই ‘হলুদ’ সংকেত?

২০২৬-এর ফ্লপ শো এবং চোট-বিতর্ক
এবারের আইপিএলে হার্দিকের পারফরম্যান্সের গ্রাফটা দেখলে মুম্বই ভক্তদের চোখ কপালে উঠবে। ১০ ম্যাচে মোটে ২০৬ রান, আর বল হাতে ঝুলিতে মাত্র ৪ উইকেট! এখানেই শেষ নয়, মুম্বই প্লে-অফের দৌড় থেকে ছিটকে যেতেই পিঠের ব্যথার (Back Spasms) অজুহাতে পরপর দুটি ম্যাচ খেলেননি অধিনায়ক। যদিও রাজস্থান রয়্যালস ম্যাচের পর নিজেই বলেছিলেন, "সব ঠিক আছে। আমি ব্যাট করছি, বল করছি, ফিল্ডিং করছি, লাফঝাঁপ করছি..."। তাহলে আচমকা এই অন্তর্ধান কেন?
পরিসংখ্যান বলছে, ২০২৪-এ রোহিতকে সরিয়ে হার্দিক অধিনায়ক হওয়ার পর মুম্বইয়ের ভাগ্য পুরোপুরি ডুবেছে। ২৪ এবং ২৬-এর মরসুমে দল শেষ করেছে পয়েন্ট টেবিলের তলানিতে। শুধু ২৫-এ কোয়ালিফায়ার টু-তে পৌঁছে শ্রেয়স আইয়ারের পঞ্জাব কিংসের কাছে হারতে হয়েছিল। ওয়াংখেড়ে থেকে ইডেন— সর্বত্রই হার্দিককে ধেয়ে এসেছে গ্যালারির বিদ্রুপ।
আফগানিস্তান সিরিজে কি দেখা যাবে?
আগামী ১৪ জুন থেকে আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজ ভারতের। হার্দিক সেখানে খেলবেন কি না, তা নিয়ে ইতিমধ্যেই বড়সড় প্রশ্নচিহ্ন। ‘সেন্টার অফ এক্সিলেন্স’ থেকে ফিটনেস সার্টিফিকেট না পেলে আফগানদের বিরুদ্ধে মাঠে নামা হবে না তাঁর। মাঠের ভেতরের চোট আর মাঠের বাইরের এই ইনস্টাগ্রাম-ধোনি বিতর্ক— সব মিলিয়ে হার্দিক পাণ্ড্য কিন্তু আবারও টক অফ দ্য টাউন।
ABOUT THE AUTHORPriyanka Mukherjeeপ্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More
E-Paper


