Al Falah university: সন্ত্রাসের ডাক্তার-মডিউলের কেন্দ্রে থাকা আল ফালাহ নিয়ে হরিয়ানা সরকারের তাবড় পদক্ষেপ

আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে বহু বেনিয়মের অভিযোগ আগেই ছিল। এবার হরিয়ানা সরকার এই বিশ্ববিদ্যালয়কে অধিগ্রহণ করে নিল।

Published on: Mar 21, 2026, 19:50:22 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

কিছু মাস আগেই দিল্লিতে ভয়াবহ গাড়ি বিস্ফোরণের ঘটনার তদন্তে উঠে এসেছিল হরিয়ানার আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের যোগ। এছাড়াও তারও আগে জম্মু ও কাশ্মীর পুলিশের এক সন্ত্রাস-কেন্দ্রিক তদন্তে উঠে আসা ডাক্তার মডিউলের সন্ত্রাসী সন্দেহভাজনদের সঙ্গে আল ফালাহর যোগ মেলে। এরপরই নড়েচড়ে বসে কেন্দ্র। আল ফালাহ বিশ্ববিদ্যালয় ঘিরে একের পর এক বিস্ফোরক অভিযোগ উঠে আসার পর এবার আল ফালাহ বিশ্ববিদ্যালয় ঘিরে বড় পদক্ষেপ করল হরিয়ানা সরকার।

আল ফালাহ বিশ্ববিদ্যালয় (PTI)
আল ফালাহ বিশ্ববিদ্যালয় (PTI)

আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে বহু বেনিয়মের অভিযোগ আগেই ছিল। এবার হরিয়ানা সরকার এই বিশ্ববিদ্যালয়কে অধিগ্রহণ করে নিল। এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসক হিসাবে এক আইএএস অফিসারকে নিয়োগ করা হয়েছে। সিনিয়র আইএএস অফিসার অমিত আগরওয়াল প্রশাসক হিসেবে নিযুক্ত হয়েছেন এবং তিনি বিশ্ববিদ্যালয়ের আর্থিক ও প্রশাসনিক বিষয়ের দায়িত্ব গ্রহণ করেছেন। কর্মকর্তারা জানিয়েছেন, এই পদক্ষেপের লক্ষ্য হলো শাসনব্যবস্থাকে স্থিতিশীল করা এবং প্রায় ১,৭০০ শিক্ষার্থীর পড়াশোনার ধারাবাহিকতা নিশ্চিত করা। পুনর্গঠনের অংশ হিসেবে, হরিয়ানা রাজ্য সরকার জে সি বোস বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ পদ পরিচালনার জন্য নিযুক্ত করেছে। অজয় রাঙ্গা উপাচার্য হিসেবে নিযুক্ত হয়েছেন এবং রাজীব কুমার সিং পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে দায়িত্ব পালন করবেন। রবি কুমার শর্মা প্রধান অর্থ ও হিসাব কর্মকর্তা হিসেবে নিযুক্ত হয়েছেন এবং মেহা শর্মা রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পালন করবেন। রেজিস্ট্রার এবং অর্থ বিভাগেও নতুন নিয়োগ দেওয়া হয়েছে।

গত ১০ নভেম্বর, ২০২৫ সালে দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণের পর থেকেই সন্ত্রাসী শিবিরের একাধিক সন্দেহভাজনের সঙ্গে আল ফালার যোগ মিলেছিল। বিস্ফোরণের কয়েক ঘণ্টা আগে আটজনকে গ্রেপ্তার করা হয় এবং ২,৯০০ কিলোগ্রাম বিস্ফোরক উদ্ধার করা হয়। পুলিশ এটিকে কাশ্মীর, হরিয়ানা ও উত্তর প্রদেশ জুড়ে বিস্তৃত একটি হোয়াইট-কলার সন্ত্রাসী মডিউল হিসেবে বর্ণনা করেছে, যা জইশ-ই-মোহাম্মদ এবং আনসার গাজওয়াত-উল-হিন্দের সঙ্গে যুক্ত। এরপর থেকেই এই বিশ্ববিদ্যালয় প্রশাসনের স্ক্যানারে। ইতিমধ্যেই আল ফালার ১৪০ কোটির সম্পত্তি অ্যাটাচ করেছে ইডি। ইতিমধ্যেই আল ফালাহর প্রধান জাভেদ আহমেদ সিদ্দিকিও গ্রেফতার হয়েছেন।

  • Sritama Mitra
    ABOUT THE AUTHOR
    Sritama Mitra

    শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More