২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।
জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবি কি ছেড়ে দিল ‘ককরোচ জনতা পার্টি’? আন্দোলনে বিরতি, মুখ খুলে বড় বার্তা দিলেন আশুতোষ রাঙ্কা
শনিবার, ২১ নভেম্বর প্রবীণ সাংবাদিক অজিত অঞ্জুমের ইউটিউব চ্যানেলে একটি সাক্ষাৎকারে সংগঠনের বর্তমান অবস্থান ব্যাখ্যা করেন রাঙ্কা। তিনি জানান, দীপাবলির সময় পরিবারকে সময় দেওয়ার জন্য কয়েকদিনের বিরতি নেওয়া হয়েছিল। কিন্তু সেই বিরতিকে আন্দোলন বন্ধ হয়ে যাওয়া বলে ব্যাখ্যা করা ঠিক নয়।
মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দেশজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছিল ‘ককরোচ জনতা পার্টি’ (Cockroach Janata Party বা CJP)। এমনকী ৪৮ ঘণ্টার মধ্যে পদত্যাগ না করলে দেশজুড়ে বিক্ষোভ শুরু করারও হুঁশিয়ারি দিয়েছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। কিন্তু গত কয়েকদিন ধরে সেই আন্দোলনে কার্যত নীরবতা দেখা যাচ্ছে। সামাজিক মাধ্যমেও জ্ঞানেশ কুমারকে নিয়ে আগের মতো সরব নয় সংগঠনের নেতারা। তাহলে কি শেষ পর্যন্ত আন্দোলন থেকে পিছিয়ে এল ককরোচ জনতা পার্টি? জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি কি প্রত্যাহার করে নিল তারা? এবার এই সমস্ত প্রশ্নের জবাব দিলেন সংগঠনের সহ-আহ্বায়ক আশুতোষ রাঙ্কা। তাঁর বক্তব্য, আন্দোলন থেমে যায়নি। বরং একাধিক কর্মসূচি নিয়ে এখনও রাস্তায় রয়েছেন তাঁরা।

শনিবার, ২১ নভেম্বর প্রবীণ সাংবাদিক অজিত অঞ্জুমের ইউটিউব চ্যানেলে একটি সাক্ষাৎকারে সংগঠনের বর্তমান অবস্থান ব্যাখ্যা করেন রাঙ্কা। তিনি জানান, দীপাবলির সময় পরিবারকে সময় দেওয়ার জন্য কয়েকদিনের বিরতি নেওয়া হয়েছিল। কিন্তু সেই বিরতিকে আন্দোলন বন্ধ হয়ে যাওয়া বলে ব্যাখ্যা করা ঠিক নয়।
রাঙ্কার কথায়, ‘দেশে ঠান্ডা পড়েছে ঠিকই, কিন্তু আমরা ঠান্ডা হয়ে যাইনি। আমি হরিয়ানায় গিয়েছিলাম, সৌরভ দিল্লিতে ছিল। ও উত্তরপ্রদেশের স্কুলও ঘুরে দেখেছে। অভিজিৎ কোচি থেকে ফিরেছে। আমরা প্রত্যেকেই নিজেদের মতো করে মাঠে রয়েছি।’
তিনটি বিষয়কে সামনে রেখে আন্দোলন
আশুতোষ রাঙ্কা জানান, এই মুহূর্তে তাঁদের সংগঠনের মূল লক্ষ্য তিনটি বিষয়। প্রথমত, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) নিয়ে দেশজুড়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরি করা। দ্বিতীয়ত, স্কুলের পরিকাঠামো এবং শিক্ষাব্যবস্থার উন্নতির দাবিতে 'স্কুল ঠিক করো' অভিযান ফের শুরু করা। তৃতীয়ত, সংগঠনকে আরও শক্তিশালী করে তোলা।
তাঁর দাবি, দেশের বিভিন্ন প্রান্তে গিয়ে তাঁরা সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন। SIR-এর কারণে কারও ভোটাধিকার ক্ষুণ্ণ হয়েছে কি না, ভোটার তালিকা থেকে কারও নাম ভুল করে বাদ পড়েছে কি না, সেই বিষয়গুলি খতিয়ে দেখছেন। একই সঙ্গে নতুন প্রজন্মের ভোটারদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করার বিষয়েও প্রচার চালাচ্ছেন।
নির্বাচন কমিশনের সিদ্ধান্তে কি প্রভাব ফেলেছে আন্দোলন?
রাঙ্কার দাবি, ২ অক্টোবর থেকে SIR নিয়ে তাঁদের আন্দোলন শুরু হওয়ার পর নির্বাচন কমিশনের কাজকর্মে বেশ কিছু পরিবর্তন এসেছে। যাঁদের নাম ভুল করে ভোটার তালিকা থেকে বাদ পড়েছে, তাঁদের পুনরায় নাম নথিভুক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে। জেন জি ভোটারদের নাম নথিভুক্ত করার কাজও ফের চালু হয়েছে। পাশাপাশি ফর্ম-৬ সংশোধনের ক্ষেত্রে যে অনিয়ম হয়েছিল বলে তাঁরা অভিযোগ করেছিলেন, সেই সিদ্ধান্তও ফিরিয়ে নেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি। তবে এই পরিবর্তনের সম্পূর্ণ কৃতিত্ব নিজেদের দিতে নারাজ রাঙ্কা। সাংবাদিকের প্রশ্নের মুখে তিনি স্বীকার করেন, আন্দোলনে অন্যান্য রাজনৈতিক দল এবং সামাজিক সংগঠনগুলিরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি কি বহাল?
সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল, জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি কি এখনও বহাল রয়েছে? উত্তরে রাঙ্কা বলেন, মাত্র ১৫ দিনের বিরতিকে আন্দোলনের সমাপ্তি হিসেবে দেখানো হচ্ছে। তাঁর বক্তব্য, অন্যান্য রাজনৈতিক দল এবং সংগঠনও দীপাবলির সময় বিরতি নিয়েছিল। তাহলে শুধু তাঁদের সংগঠনকেই কেন আন্দোলন থেকে পিছিয়ে যাওয়ার অভিযোগের মুখে পড়তে হচ্ছে?
তিনি আরও জানান, আগামী দিনে পুনে ও গোয়ায় কর্মসূচি রয়েছে। বিভিন্ন রাজ্যে গিয়ে আন্দোলন এবং সাংগঠনিক কাজ চালানো হবে। উল্লেখ্য, জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে সেপ্টেম্বর মাসে ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছিল CJP। তাঁদের অভিযোগ ছিল, SIR-এর মাধ্যমে ভোটার তালিকায় কারচুপি হচ্ছে এবং নির্বাচন কমিশন শাসক দলকে সুবিধা পাইয়ে দিচ্ছে। যদিও নির্বাচন কমিশনের বক্তব্য, মৃত, ভুয়ো ও একাধিক জায়গায় নথিভুক্ত ভোটারদের নাম বাদ দেওয়াই এই প্রক্রিয়ার উদ্দেশ্য।
সব মিলিয়ে, আপাতত জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আন্দোলন বন্ধ করার কোনও ঘোষণা করেনি ককরোচ জনতা পার্টি। বরং আন্দোলনের পাশাপাশি সংগঠন বিস্তার এবং শিক্ষা সংস্কারের দিকে নজর দিচ্ছে তারা। তবে আগামী দিনে কবে ফের দেশজুড়ে বড় বিক্ষোভ শুরু হবে, সেই নির্দিষ্ট দিনক্ষণ এখনও ঘোষণা করেনি সংগঠন।
E-Paper
