NEET re-exam: দ্বিতীয়বারও NEET-UG পরীক্ষার প্রশ্ন ফাঁস? ভিডিও ভাইরাল হতেই ইঙ্গিতবাহী বার্তা NTA-র
NEET re-exam: এনটিএ-এর বিবৃতিতে বলা হয়েছে, 'নিট-ইউজি ২০২৬ সংক্রান্ত একটি মনগড়া ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রচারিত হচ্ছে, যা এনটিএ-র দৃষ্টি আকর্ষণ করেছে। ভিডিওটিতে করা দাবিটি ভুয়ো।'
NEET re-exam: রবিবার, ২১ জুন নিট-ইউজি পুনঃপরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ২০ লক্ষেরও বেশি শিক্ষার্থী এই পরীক্ষায় অংশ নিয়েছিলেন। তবে তার মধ্যেই ফের উঠে এল নতুন বিতর্ক। কেন্দ্রীয় সরকার এবং ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) রবিবার সোশ্যাল মিডিয়ায় প্রচারিত একটি ভিডিওকে ভুয়ো বলে নাকচ করে দিয়েছে, যেখানে দাবি করা হয়েছিল যে টেলিগ্রামে ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট (নিট)- আন্ডারগ্র্যাজুয়েট (ইউজি) ২০২৬-এর প্রশ্নপত্র ফাঁস হয়ে গিয়েছে।
সোমবার পিআইবি ফ্যাক্ট চেক ইউনিট তাদের সরকারি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে স্পষ্ট ভাষায় জানিয়েছে, প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ সংক্রান্ত প্রতিবেদনগুলো ভিত্তিহীন ও মিথ্যা। মহম্মদ নোমান নামের একজন ব্যবহারকারী সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ একটি ভিডিও শেয়ার করেছেন। ভিডিওটির সঙ্গে তিনি লিখেছেন, 'অনলাইনে পাওয়া এই ভিডিওটি সম্পর্কে অনুগ্রহ করে সঠিক তথ্য দিন। অনুগ্রহ করে এটি যাচাই করে নির্ভরযোগ্য তথ্য দিন। এটি টেলিগ্রাম নিষেধাজ্ঞা নিয়ে অনেক প্রশ্ন তৈরি করছে। আবার কী কিছু ভুল হয়েছে? নাকি এটি শুধু একটি সতর্কতা ছিল? শুধুমাত্র স্পষ্ট তথ্যই সাহায্য করবে।' এরপরেই এনটিএ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে যে, ব্যাপক নিরাপত্তা ও নজরদারি ব্যবস্থার মধ্যে পরীক্ষাটি সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
এনটিএ-এর বিবৃতিতে বলা হয়েছে, 'নিট-ইউজি ২০২৬ সংক্রান্ত একটি মনগড়া ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রচারিত হচ্ছে, যা এনটিএ-র দৃষ্টি আকর্ষণ করেছে। ভিডিওটিতে করা দাবিটি ভুয়ো।' সংস্থা বলেছে যে, শিক্ষার্থীদের প্রতারিত করতে বা তাদের মধ্যে ভীতি সৃষ্টির উদ্দেশ্যে এ ধরনের বিভ্রান্তিকর তথ্য তৈরি করা এবং ইচ্ছাকৃতভাবে তা প্রচার করা একটি 'গুরুতর অপরাধ।' এনটিএ, আই৪সি এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সহায়তায় এই সামগ্রী প্রচারের জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। এর পাশাপাশি, এনটিএ ছাত্রছাত্রী, অভিভাবক ও সাধারণ জনগণকে তথ্যের জন্য শুধুমাত্র সংস্থাটির দাপ্তরিক ওয়েবসাইট এবং যাচাইকৃত সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের ওপর নির্ভর করতে এবং এই ধরনের বিষয়বস্তু ফরোয়ার্ড না করার জন্য আবেদন জানিয়েছে। এনটিএ-র ডিরেক্টর জেনারেল অভিষেক সিং বলেছেন, পূর্ণ নিরাপত্তা ব্যবস্থায় পুনঃপরীক্ষাটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে, এএনআই জানিয়েছে। রবিবার সাংবাদিকদের অভিষেক সিং বলেন, 'এখনও পর্যন্ত আমরা প্রশ্নপত্র ফাঁসের বিষয়ে কোনও অভিযোগ পাইনি। প্রক্রিয়াটির স্বচ্ছতা নিশ্চিত করতে এনটিএ জোরদার কাজ করছে। আমরা আত্মবিশ্বাসী।'
রবিবার ২০ লক্ষেরও বেশি পরীক্ষার্থী নিট পুনঃপরীক্ষায় অংশ নিয়েছেন। দেশের অন্যতম বৃহত্তম প্রবেশিকা পরীক্ষা হওয়ায় এবার নিরাপত্তা ব্যবস্থায় বিশেষ জোর দিয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। এবার পরীক্ষায় দেশে ৫,৪৪০টি এবং বিদেশে ১৪টি পরীক্ষা কেন্দ্রে মিলিয়ে প্রায় ২০ লক্ষেরও বেশি পরীক্ষার্থী অংশ । এত বিপুল সংখ্যক পরীক্ষার্থীর জন্য নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখতে গোটা দেশে ৯৫ হাজারেরও বেশি পরীক্ষাকক্ষ ১.৩৮ লক্ষ সিসিটিভি ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণ করা হচ্ছে। এর পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর নজরদারি ব্যবস্থাও চালু করা হয়েছে। এর আগে প্রশ্নপত্র ফাঁসের কারণে পরীক্ষাটি বাতিল করা হয়েছিল। প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় সমালোচনার মুখে পড়া ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)-র ডিরেক্টর জেনারেল অভিষেক সিং বলেছেন, সরকারের সম্মিলিত প্রচেষ্টায় এই বিশাল কাজটি রেকর্ড সময়ে সম্পন্ন করা সম্ভব হয়েছে।
E-Paper

