Sheikh Hasina: বাংলাদেশে ফিরতে প্রথম পদক্ষেপ শেখ হাসিনার, সংশয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর

Sheikh Hasina: ২০২৪ সালে ক্ষমতাচ্যুত হওয়ার পর ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। পরে ২০২৫ সালের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিক্ষোভকারীদের ওপর দমনপীড়নের দায়ে তাঁকে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড দেয়, যদিও তিনি এসব অভিযোগ অস্বীকার করেছেন।

Published on: Nov 9, 2026, 14:22:33 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

Sheikh Hasina: ভারতে অবস্থানরত বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina) দেশে ফেরার লক্ষ্যে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেছেন। আগামী ডিসেম্বরে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের পরিকল্পনা থেকে তিনি এই পদক্ষেপ নিয়েছেন বলে জানা গেছে। তবে তাঁর এই আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁকে নতুন পাসপোর্ট না দিয়ে প্রত্যর্পণের মাধ্যমে ফেরত পাঠানোর দাবি জোরদার করেছে বাংলাদেশ সরকার। এই আবহে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য শেখ হাসিনার আবেদনকে ভিত্তিহীন ও রাজনৈতিক স্ট্যান্টবাজি বলে মন্তব্য করেছেন বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (International Crimes Tribunal) চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মহম্মদ আমিনুল ইসলাম।

বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

রয়টার্সের প্রতিবেদন উদ্ধৃত করে জানা গেছে, লন্ডনের আইনি সংস্থা ম্যাট্রিক্স চেম্বার্স (Matrix Chambers)-এর মাধ্যমে নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশনে এই আবেদনপত্র জমা দেওয়া হয়েছে। দূতাবাসের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে পাঠানো চিঠিতে জানানো হয়, শেখ হাসিনার পূর্ববর্তী নথিপত্র বাতিল হওয়ায় বাংলাদেশি নাগরিকত্বের ভিত্তিতে তাঁকে যেন দ্রুত নতুন পাসপোর্ট ও পরিচয়পত্র দেওয়া হয়। ২০২৪ সালের আগস্ট মাসে গণআন্দোলনের মুখে দেশত্যাগের পর বাংলাদেশ কর্তৃপক্ষের সঙ্গে এটিই তাঁর প্রথম প্রাতিষ্ঠানিক যোগাযোগ। এদিকে শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের বিরোধিতা করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বলেন, ‘বাংলাদেশে ফিরে আসার জন্য শেখ হাসিনার আইনগতভাবে যা করা উচিত ছিল, তা করেননি। তিনি ফিরে আসবেন না, এগুলো তার রাজনৈতিক স্ট্যান্টবাজি।’

তিনি আরও বলেন, ‘আপাতত আমার মন্তব্য হলো, তিনি ফিরে আসবেন না। কেন তিনি আসতে চান না বা কেন এগুলো রাজনৈতিক স্ট্যান্টবাজি, তা আইনগত অবস্থান ব্যাখ্যা করে আগামীকাল আপনাদের আনুষ্ঠানিকভাবে জানাব।’ অন্যদিকে রয়টার্সকে শেখ হাসিনা জানিয়েছেন, তিনি দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করতে চান। তাঁর সহযোগীরা বলেছেন, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ হলে দেশে ফেরার তারিখ ঘোষণা করা হবে।

২০২৪ সালে ক্ষমতাচ্যুত হওয়ার পর ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। পরে ২০২৫ সালের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিক্ষোভকারীদের ওপর দমনপীড়নের দায়ে তাঁকে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড দেয়, যদিও তিনি এসব অভিযোগ অস্বীকার করেছেন। বর্তমানে ক্ষমতাচ্যুত দল আওয়ামী লিগও বাংলাদেশে নিষিদ্ধ। সম্প্রতি শেখ হাসিনা বাংলাদেশে ফেরার ঘোষণা করেছেন। শেখ হাসিনা ও তাদের দলীয় নেতাকর্মীরা বলছেন যে, ডিসেম্বরেই প্রাক্তন প্রধানমন্ত্রী দেশে ফিরবেন। এদিকে বাংলাদেশের প্রত্যর্পণ অনুরোধ খতিয়ে দেখছে ভারত, যা নিয়ে দুই দেশের কূটনৈতিক সম্পর্কে নতুন মাত্রা যোগ হয়েছে।