IPL Retention Update: IPL ২০২৭-এর আগে বিরাট রদবদলের ইঙ্গিত! ছাঁটাই হতে পারেন একাধিক তারকা, কাদের ধরে রাখবে KKR, CSK, MI?
প্রতিবেদন অনুযায়ী, সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে কলকাতা নাইট রাইডার্স। ২০২৬ সালের আইপিএলে সপ্তম স্থানে শেষ করেছিল তিনবারের চ্যাম্পিয়নরা। ফলে নতুন মরশুমের আগে দল পুনর্গঠনের প্রয়োজন রয়েছে। সুনীল নারিন, বরুণ চক্রবর্তী, রিঙ্কু সিং, অঙ্গকৃষ রঘুবংশী, ফিন অ্যালেন এবং হর্ষিত রানাকে ধরে রাখতে পারে কেকেআর।
আইপিএল ২০২৭-এর নিলামের আগে দল গোছানোর প্রস্তুতি শুরু করে দিয়েছে দশটি ফ্র্যাঞ্চাইজি। আগামী ১৭ নভেম্বর খেলোয়াড় ধরে রাখা বা রিটেনশনের তালিকা জমা দেওয়ার শেষ দিন। আর তার আগেই একাধিক বড়সড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে ক্রিকেটের মহলে। কলকাতা নাইট রাইডার্স, চেন্নাই সুপার কিংস, মুম্বই ইন্ডিয়ান্স এবং লখনউ সুপার জায়ান্টসের মতো দলগুলিকে বেশ কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে। অন্যদিকে, গতবারের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তাদের সফল দলের মূল কাঠামো ধরে রাখতেই বেশি আগ্রহী। ফলে এবারের রিটেনশন পর্বে একদিকে যেমন তারকা ক্রিকেটারদের দলবদলের সম্ভাবনা রয়েছে, তেমনই কয়েকটি ফ্র্যাঞ্চাইজির ভবিষ্যৎ পরিকল্পনাও স্পষ্ট হতে চলেছে।

প্রতিবেদন অনুযায়ী, সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে কলকাতা নাইট রাইডার্স। ২০২৬ সালের আইপিএলে সপ্তম স্থানে শেষ করেছিল তিনবারের চ্যাম্পিয়নরা। ফলে নতুন মরশুমের আগে দল পুনর্গঠনের প্রয়োজন রয়েছে। সুনীল নারিন, বরুণ চক্রবর্তী, রিঙ্কু সিং, অঙ্গকৃষ রঘুবংশী, ফিন অ্যালেন এবং হর্ষিত রানাকে ধরে রাখতে পারে কেকেআর। তবে ক্যামেরন গ্রিন এবং মাথিশা পাথিরানাকে নিয়ে সংশয় রয়েছে। এই দুই বিদেশি ক্রিকেটারের পিছনে মোট ৪৩.২০ কোটি টাকা খরচ করেছে নাইট শিবির। বিশেষ করে চোটের কারণে গত মরশুমে মাত্র আটটি বল করা পাথিরানাকে রাখা হবে কি না, সেটাই বড় প্রশ্ন।
চেন্নাই সুপার কিংসের ছবিটাও যথেষ্ট আকর্ষণীয়। শেষ তিন মরশুমে প্লে-অফে উঠতে পারেনি ধোনির দল। এবার ঘুরে দাঁড়াতে চাইছে পাঁচবারের চ্যাম্পিয়নরা। ঋতুরাজ গায়কোয়াড়, সঞ্জু স্যামসন, শিবম দুবে, আয়ুষ মাত্রে, দেওয়াল্ড ব্রেভিস, নূর আহমেদ এবং জেমি ওভারটনের মতো ক্রিকেটারদের ধরে রাখার সম্ভাবনা রয়েছে। তবে ১৪.২০ কোটি টাকা দিয়ে কেনা প্রশান্ত বীর এবং কার্তিক শর্মাকে নিয়ে সিদ্ধান্ত নিতে হবে। মহেন্দ্র সিং ধোনির ভবিষ্যৎ নিয়েও রয়েছে অনিশ্চয়তা।
মুম্বই ইন্ডিয়ান্সের ক্ষেত্রেও বড় পরিবর্তনের সম্ভাবনা। হার্দিক পাণ্ডিয়া দল ছেড়ে পাঞ্জাব কিংসে যাওয়ায় এবং অর্শদীপ সিং মুম্বইয়ে আসায় বোলিং বিভাগ নতুন করে সাজাতে হতে পারে। জসপ্রীত বুমরাহ, অর্শদীপ, সূর্যকুমার যাদব, রোহিত শর্মা, তিলক বর্মা এবং নামান ধীরকে ধরে রাখতে পারে পাঁচবারের চ্যাম্পিয়নরা। তবে ট্রেন্ট বোল্ট ও শার্দুল ঠাকুরের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন রয়েছে।
লখনউ সুপার জায়ান্টসের ক্ষেত্রেও পরিবর্তন অনিবার্য। ঋষভ পন্থকে ১৫ কোটি টাকার বিনিময়ে দিল্লি ক্যাপিটালসে পাঠিয়ে কুলদীপ যাদবকে দলে নিয়েছে তারা। নিকোলাস পুরানের পারফরম্যান্স নিয়েও অসন্তোষ রয়েছে। ২১ কোটি টাকার চুক্তিতে গত মরশুমে ১৪ ম্যাচে মাত্র ২৩৪ রান করেছেন তিনি। ফলে তাঁকে রাখা হবে কি না, তা নিয়ে জল্পনা চলছে।
অন্যদিকে, সানরাইজার্স হায়দরাবাদ অভিষেক শর্মা, ট্র্যাভিস হেড, হেনরিখ ক্লাসেন এবং ঈশান কিষাণের মতো ব্যাটারদের ধরে রাখতে পারে। প্যাট কামিন্সের খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। পাঞ্জাব কিংসে হার্দিক পাণ্ডিয়া আসায় যুজবেন্দ্র চাহালের ১৮ কোটি টাকার চুক্তিও নতুন করে পর্যালোচনায় আসতে পারে।
দিল্লি ক্যাপিটালসের সম্ভাব্য রিটেনশন তালিকায় রয়েছেন ঋষভ পন্থ, কে এল রাহুল, অক্ষর প্যাটেল এবং ট্রিস্টান স্টাবস। গুজরাট টাইটান্স শুভমন গিল, সাই সুদর্শন, জস বাটলার ও রশিদ খানকে ধরে রাখতে পারে। রাজস্থান রয়্যালসের সম্ভাব্য তালিকায় রয়েছেন বৈভব সূর্যবংশী, যশস্বী জয়সওয়াল, ধ্রুব জুরেল, রিয়ান পরাগ এবং রবীন্দ্র জাডেজা।
সবশেষে সবচেয়ে স্বস্তিতে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বিরাট কোহলি, রজত পাতিদার, ফিল সল্ট, জশ হ্যাজেলউড, ভুবনেশ্বর কুমার এবং ক্রুণাল পাণ্ডিয়াদের ধরে রেখে চ্যাম্পিয়ন দলের কাঠামো অক্ষুণ্ণ রাখতে চাইবে আরসিবি।
সব মিলিয়ে ১৭ নভেম্বরের রিটেনশন তালিকা আইপিএল ২০২৭-এর নিলামের সমীকরণ অনেকটাই বদলে দিতে পারে। বিশেষ নজর থাকবে কেকেআর, চেন্নাই ও মুম্বইয়ের সিদ্ধান্তের দিকে। কোন তারকা থাকছেন, আর কাকে ছেড়ে দিচ্ছে তাঁর পুরনো দল, তা জানতেই এখন অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।
ABOUT THE AUTHORAbhijit Chowdhury২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More
E-Paper


