Tata Sons chairman: ২০২৭-এ চন্দ্রশেখরনের পদত্যাগ সিদ্ধান্ত, পুনর্নিয়োগ! কীভাবে বদলে গেল টাটা সন্সের সমীকরণ?
Tata Sons chairman: এন. চন্দ্রশেখরন ২০১৭ সাল থেকে টাটা সন্সের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করে আসছেন। ২০২২ সালে তাঁকে দ্বিতীয়বারের মতো ৫ বছরের জন্য এই পদে নিয়োগ দেওয়া হয়। যা ২০২৭ সালের ফেব্রুয়ারিতে শেষ হওয়ার কথা ছিল।
Tata Sons chairman: টাটা সন্সের নেতৃত্ব নিয়ে ফের টাটা গোষ্ঠীর অন্দরের মতপার্থক্য প্রকাশ্যে। টাটা গ্রুপের (Tata Group) হোল্ডিং কোম্পানি টাটা সন্সের (Tata Sons) বোর্ড বৃহস্পতিবার এন. চন্দ্রশেখরনকে (Natarajan Chandrasekaran) একজিকিউটিভ চেয়ারম্যান হিসাবে আরও ৫ বছরের জন্য পুনর্নিয়োগ করেছে। তবে টাটা ট্রাস্টসের চেয়ারম্যান নোয়েল টাটা এই প্রস্তাবের বিরোধিতা করে ভোট দিয়েছেন বলে একাধিক সূত্রের দাবি। ফলে বোর্ডে প্রস্তাব পাশ হলেও টাটা সন্সের আগামী দিনের নেতৃত্ব নিয়ে জট কাটল না, বরং তা আরও প্রকাশ্যে এল।

বৃহস্পতিবার এক বিবৃতিতে বোর্ড জানিয়েছে, এন চন্দ্রশেখরনকে একজিকিউটিভ চেয়ারম্যান হিসেবে আরও পাঁচ বছরের জন্য পুনর্নিয়োগের সমর্থন জানিয়ে তারা টাটা ট্রাস্টের থেকে একটি প্রস্তাব পেয়েছে। বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, '২০১৭ সাল থেকে গ্ৰুপের সফল পরিচালনার স্বীকৃতি হিসেবে টাটা সন্সের চেয়ারম্যান এন চন্দ্রশেখরনের প্রশংসা করে টাটা ট্রাস্টের তরফ থেকে ২৮ জুলাই, ২০২৫ তারিখের সর্বসম্মত প্রস্তাবটি বোর্ড গ্রহণ করেছে। এই অবদানের মূল্যায়ন করে টাটা ট্রাস্ট সিদ্ধান্ত নিয়েছে যে তাঁর বর্তমান মেয়াদ শেষ হওয়ার পর আরও পাঁচ বছরের জন্য তাঁকে একজিকিউটিভ চেয়ারম্যান পদে পুনরায় নিয়োগ করা হবে।'
এন. চন্দ্রশেখরন ২০১৭ সাল থেকে টাটা সন্সের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করে আসছেন। ২০২২ সালে তাঁকে দ্বিতীয়বারের মতো ৫ বছরের জন্য এই পদে নিয়োগ দেওয়া হয়। যা ২০২৭ সালের ফেব্রুয়ারিতে শেষ হওয়ার কথা ছিল। ২০২৫ সালে টাটা ট্রাস্টস তৃতীয় মেয়াদের জন্য সুপারিশ করেছিল। কিন্তু ২০২৬ সালের ফেব্রুয়ারিতে সম্পন্ন বোর্ড সভায় নোয়েল টাটার বিরোধিতার কারণে সিদ্ধান্তটি আটকে যায়।
জুলাই ২০২৫: টাটা ট্রাস্টস (Tata Trusts) এন চন্দ্রশেখরনকে আরও পাঁচ বছরের জন্য পুনর্নিয়োগের সুপারিশ করতে সম্মত হয়।
২৪ ফেব্রুয়ারি, ২০২৬: এই সুপারিশ পরবর্তীতে টাটা সন্সের বোর্ডের সামনে রাখা হয়। তবে, এই বিষয়ের সঙ্গে যুক্ত এক ব্যক্তির বরাতে এইচটি আগেই জানিয়েছিল—চন্দ্রশেখরনের কার্যকালে শুরু হওয়া ই-কমার্স, বিমান চলাচল এবং সেমিকন্ডাক্টরের মতো কিছু নতুন ব্যবসার পারফরম্যান্স নিয়ে স্পষ্ট রূপরেখা চেয়ে বসেন নোয়েল টাটা। ফলে প্রস্তাবটি আর পাস হয়নি।
১২ আগস্ট, ২০২৬: এন চন্দ্রশেখরন ঘোষণা করেন যে বর্তমান মেয়াদ শেষ হলেই তিনি টাটা সন্সের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন। পদত্যাগপত্রে চন্দ্রশেখরন স্পষ্ট জানান, পুনর্নিয়োগের প্রস্তাবে বোর্ডের সর্বসম্মত সমর্থন না মেলার কারণেই তিনি পরবর্তী মেয়াদের জন্য প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন। চিঠিতে চন্দ্রশেখরন লেখেন, 'টাটা সন্সের চেয়ারম্যান হিসেবে আমার বর্তমান কার্যকাল ২০২৭ সালের ২০ ফেব্রুয়ারি সমাপ্ত হচ্ছে। স্যার দোরাবজি টাটা ট্রাস্ট এবং স্যার রতন টাটা ট্রাস্ট সর্বসম্মতভাবে আমার মেয়াদ পরবর্তী পাঁচ বছরের জন্য বাড়ানোর প্রস্তাব গ্রহণ ও সুপারিশ করেছিল, যা টাটা সন্সের নমিনেশন অ্যান্ড রিম্যুনারেশন কমিটি এবং বোর্ড নথিভুক্ত করে সুপারিশ জানায়।'
তিনি আরও জানান, 'পরবর্তীকালে, ২০২৬ সালের ২৪ ফেব্রুয়ারি টাটা সন্সের বোর্ডে প্রস্তাবটি তোলা হয়। কিন্তু বোর্ডের একজন সদস্য সমর্থন না করায় প্রস্তাবটি গৃহীত হতে পারেনি এবং সর্বসম্মত সমর্থন না থাকায় আমি আমার সিদ্ধান্ত স্থগিত রাখাই শ্রেয় মনে করেছি।'
১৮ আগস্ট, ২০২৬: ডিরেক্টর হিসেবে তাঁর পুনর্নিয়োগের বিষয়ে ভোটাভুটির জন্য ডাকা টাটা সন্সের এজিএম কোরানের অভাবে মুলতুবি হয়ে যায়।
৩ সেপ্টেম্বর, ২০২৬: বোর্ডের নমিনেশন অ্যান্ড রিম্যুনারেশন কমিটির (NRC) বৈঠকে তাঁর গুরুত্বপূর্ণ অবদান এবং টাটা গোষ্ঠীর বৃহত্তর স্বার্থের কথা বিবেচনা করে চন্দ্রশেখরনকে তাঁর সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য 'সর্বসম্মতভাবে' অনুরোধ করা হয়।
১১ সেপ্টেম্বর, ২০২৬: রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে টাটা সন্সের অ-ব্যাংকিং আর্থিক কোম্পানি বা এনবিএফসি রেজিস্ট্রেশন বাতিলের আবেদন খারিজ করে দিয়েছে। আরবিআইয়ের এই সিদ্ধান্তের ফলে টাটা সন্সের শেয়ার বাজারে তালিকাভুক্ত হওয়া বা আইপিও নিয়ে আসার সম্ভাবনা ফের তীব্রভাবে জোরালো হয়েছে, যার জেরে বর্তমান নেতৃত্বকে ধরে রাখাকেই শ্রেয় বলে মনে করেছে বোর্ড।চন্দ্রশেখরনের এই পুনর্নিয়োগের হাত ধরেই কোম্পানি তাদের মূল হোল্ডিং সংস্থাকে শেয়ার বাজারে তালিকাভুক্ত করার প্রক্রিয়া শুরু করে দিল।
অন্যদিকে এক বিবৃতিতে টাটা ট্রাস্টস জানিয়েছে, এন. চন্দ্রশেখরন তাঁর বর্তমান মেয়াদ শেষ হওয়ার পর আগামী ২০ ফেব্রুয়ারি ২০২৭ থেকে আর পুনর্নিয়োগের জন্য নিজেকে প্রস্তাব করবেন না বলে যে সিদ্ধান্ত জানিয়েছিলেন, তা যথাযথভাবে গ্রহণ করা হয়েছে এবং সেই সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গিয়েছে। টাটা ট্রাস্টসের বিবৃতিতে বলা হয়, গত ১২ আগস্ট চন্দ্রশেখরন টাটা সন্সের পরিচালন পর্ষদকে তাঁর বর্তমান মেয়াদ শেষে পুনর্নিয়োগের জন্য নিজেকে প্রস্তাব না করার সিদ্ধান্তের কথা জানান। ট্রাস্টসের দাবি, এটি ছিল তাঁর স্বাধীনভাবে নেওয়া এবং স্পষ্টভাবে জানানো সিদ্ধান্ত, কোনও পর্যালোচনা প্রক্রিয়ার ফল হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়নি। ট্রাস্টসের দাবি, বৃহস্পতিবারের বৈঠকে চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের প্রস্তাবের পক্ষে চারজন পরিচালক ভোট দেন এবং নোয়েল টাটা প্রস্তাবের বিরুদ্ধে ভোট দেন। টাটা সন্সের 'সংঘবিধি'-এর বিধান অনুযায়ী, এই পরিস্থিতিতে পুনর্নিয়োগের প্রস্তাবটি আইনগতভাবে কার্যকর নয় বলে দাবি করেছে টাটা ট্রাস্টস।
E-Paper

