'নরেন্দ্র নামটার প্রতিই ঘেন্না...,' ভারতীয় বক্সারকে মন্তব্য পাক প্রতিপক্ষের, শুনে যা বললেন প্রধানমন্ত্রী...

PM Modi: ২০১৫ সালের ঘটনাটি বলতে গিয়ে বক্সার নরেন্দ্র বেরওয়াল জানান, সেই সময় ভারতীয় সেনার তরফে তাঁকে সতর্ক করা হয়েছিল। কারণ, তখন দুই দেশের মধ্যে সীমান্তে সংঘাত চলছে।

Published on: Aug 10, 2026, 15:52:24 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

PM Modi: খেলার মাঠ শুধু রুদ্ধশ্বাস লড়াইয়ের সাক্ষী থাকে না। বরং জন্ম দেয় মাঠের বাইরের এমন কিছু গল্পের, যা দশকের পর দশক ধরে ক্রীড়াদুনিয়ার চর্চায় থাকে। ঠিক এমনই এক গল্প শোনালেন ভারতীয় বক্সার নরেন্দ্র বেরওয়াল (Narender Berwal)। তিনি এ বছর কমনওয়েলথ গেমসে দেশকে রুপোর পদক উপহার দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) রবিবার তাঁর দিল্লির ৭, লোক কল্যাণ মার্গের বাসভবনে ২০২৬ সালের কমনওয়েলথ গেমসে পদকজয়ী ভারতীয় ক্রীড়াবিদদের আমন্ত্রণ জানিয়ে তাঁদের সঙ্গে দেখা করেন এবং পারফরম্যান্সের প্রশংসা করেন। সেখানেই ২০১৫ সালের ওয়ার্ল্ড মিলিটারি গেমসের (World Military Games) এক অন্যরকম অভিজ্ঞতার কথা তুলে ধরেন নরেন্দ্র বেরওয়াল। তাঁর মুখে প্রতিপক্ষ পাকিস্তানি বক্সারের মন্তব্য শুনে হাসিতে ফেটে পড়েন স্বয়ং প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ভারতীয় বক্সার নরেন্দ্র বেরওয়াল (PMO)
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ভারতীয় বক্সার নরেন্দ্র বেরওয়াল (PMO)

কয়েক দশক ধরে ভারত ও পাকিস্তানের মধ্যে রাজনৈতিক সম্পর্ক উত্তেজনাপূর্ণ। ২০১৫ সালের ঘটনাটি বলতে গিয়ে বক্সার নরেন্দ্র বেরওয়াল জানান, সেই সময় ভারতীয় সেনার তরফে তাঁকে সতর্ক করা হয়েছিল। কারণ, তখন দুই দেশের মধ্যে সীমান্তে সংঘাত চলছে। তাঁর কথায়, 'যেহেতু পাকিস্তানের কথা চলছে আমার একটা পুরনো ঘটনা মনে পড়ে গেল, স্যার। সেটা ছিল ২০১৫ সালের ওয়ার্ল্ড মিলিটারি গেমস। আমার প্রথম ফাইট পড়েছিল এক পাকিস্তানি বক্সারের বিরুদ্ধে। যেহেতু ওটা মিলিটারি গেমস ছিল, তাই কর্তারা আমাকে ফোন করে বলেছিলেন, তুমি কিছুতেই পাকিস্তানের কাছে হারতে পারো না।'

শেষ পর্যন্ত সেই লড়াইয়ে জিতেছিলেন নরেন্দ্র বেরওয়াল। তবে দু’জনেরই মুখে চোট লাগে। ফলে লড়াইয়ের পর একসঙ্গেই হাসপাতালে গিয়ে সেলাই করাতে হয়েছিল তাঁদের। নরেন্দ্র বেরওয়ালের কথায়, ‘আমি প্রথম রাউন্ডে ৪-১ এবং দ্বিতীয় রাউন্ডে ৩-২ ব্যবধানে জিতেছিলাম। কিন্তু দু’জনেরই মুখ কেটে গিয়েছিল। লড়াইয়ের পরে আমরা দু’জনেই সেলাই করাতে হাসপাতালে গিয়েছিলাম।’ এর পরেই আসে আসল মজার ঘটনা। নরেন্দ্র বেরওয়াল জানান, ২০১৪-য় নরেন্দ্র মোদী প্রথম বার প্রধানমন্ত্রী হওয়ার প্রসঙ্গও সেই পাকিস্তানি বক্সারের সঙ্গে কথায় কথায় উঠে এসেছিল। তাঁর সঙ্গে থাকা সেনা কোচের নামও ছিল নরেন্দ্র রানা।

প্রধানমন্ত্রী মোদীকে উদ্দেশ করে ভারতীয় বক্সার বলেন, ‘২০১৪-য় আপনি প্রথম বার প্রধানমন্ত্রী হয়েছিলেন। আমাদের সঙ্গে যে সেনা কোচ ছিলেন, তাঁর নাম ছিল নরেন্দ্র রানা। পাকিস্তানি বক্সারটি কিছুক্ষণ ভাবল। তার পর আমাকে বলল, ‘ভাই, একটা কথা বলতে পারি?’ আমি বললাম, ‘হ্যাঁ, বলো।’ সে বলল, ‘আপনার নাম নরেন্দ্র, আপনার কোচের নাম নরেন্দ্র, আর আপনার প্রধানমন্ত্রীর নামও নরেন্দ্র! আমার তো এই নরেন্দ্র নামটার প্রতিই ঘেন্না ধরে গেল।' নরেন্দ্র বেরওয়ালের মুখে এই কাহিনি শুনে আর হাসি চাপতে পারেননি প্রধানমন্ত্রী মোদী। কমনওয়েলথ গেমস থেকে রুপোর পদক জিতে ফেরা ভারতীয় বক্সারের মুখে পাকিস্তানি প্রতিপক্ষের সেই মন্তব্যের গল্প মুহূর্তেই হয়ে ওঠে এই অনুষ্ঠানের অন্যতম আকর্ষণীয় ঘটনা। এর থেকে স্পষ্ট যে, পাকিস্তানিদের কথা খুব একটা আমলে নিতে রাজি নন দেশের তিন বারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।